স্পোর্টস ডেস্ক।।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে কলকাতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছিলেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। তবে বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা দলকে ঘিরে বাংলাদেশিদের উন্মাদনার কথা মাথায় রেখে প্রথমে বাংলাদেশে আসতে চেয়েছিলেন মার্তিনেজ।
সেই কথা অনুযায়ী, গতকাল সোমবার ভোরে বাংলাদেশে পা রাখেন মার্তিনেজ। বাংলাদেশে ছিলেন প্রায় ১১ ঘণ্টা। পরে বিকেল ৪টা ৪০ এর দিকে কলকাতার উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন আর্জেন্টিনার বিশ্ব জয়ের অন্যতম এই নায়ক।
কলকাতায় সোমবার তেমন কোনো প্রোগ্রাম না থাকলেও মঙ্গলবার আয়োজন করা হয়েছিল একটি মিলনমেলার। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে দেখতে মিলনমেলা প্রাঙ্গণে ছিল উপচেপড়া ভিড়। অযাচিতভাবে অনেকেই উঠে পড়েন মঞ্চে। বিশৃঙ্খলা সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে। খবর কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের।
অনুষ্ঠান শুরুর প্রায় ২০-২৫ মিনিট পর হাজির হন মার্তিনেজ। সে সময় কলকাতার প্রাক্তন ফুটবলাররা শৃঙ্খলা ভেঙে মার্তিনেজের সঙ্গে ছবি তোলার জন্য মঞ্চে উঠে পড়েন। মার্তিনেজ মঞ্চে ওঠার পর তার ছবি তোলার জন্য সামনে এগিয়ে আসেন দর্শকরাও। তাতে ব্যারিকেড ভেঙে যাবার উপক্রম হয়। অনুষ্ঠান শেষ হওয়ার পরে বের হয়ে যান মার্তিনেজ। তবে এই ঘটনায় খুব একটা বিরক্ত মনে হয়নি তাকে।











































