Home খেলাধুলা বাংলাদেশের বিপক্ষে খেলতে না পেরে কঠিন সিদ্ধান্ত নিলেন ঘানি

বাংলাদেশের বিপক্ষে খেলতে না পেরে কঠিন সিদ্ধান্ত নিলেন ঘানি

31

স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দ্বিপক্ষীয় সিরিজে জায়গা হয়নি আফগানিস্তানের ওপেনিং ব্যাটার উসমান ঘানির। এ ঘটনায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ওপর ক্ষুব্ধ ঘানি ক্রিকেট থেকে নিয়েছেন ‘বিরতি।’

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) কর্তাদেরকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে উল্লেখ করেছেন ঘানি। কেবল আফগানিস্তানের বোর্ডের নেতৃত্বে পরিবর্তন আসলেই ক্রিকেটে ফিরবেন ওপেনিং এই ব্যাটার।

টুইটারে বেশ কয়েকটি পোস্ট দিয়ে আফগানিস্তান বোর্ডের বর্তমান অবস্থা তুলে ধরেন ঘানি। তিনি জানিয়েছেন, বেশ কয়েকবার বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন। তবে, তার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

টুইটারে ঘানি লিখেছেন, ‘সতর্কভাবে বিবেচনার পর, আমি আফগানিস্তান ক্রিকেট থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেট বোর্ডের দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব আমাকে সরে যেতে বাধ্য করেছে। আমি আমার কঠোর পরিশ্রম চালিয়ে যাব এবং সঠিক ম্যানেজমেন্ট এবং নির্বাচক কমিটি গঠনের জন্য অপেক্ষা করব।’

তিনি আরও বলেন, ‘যদি সেটা (বোর্ডের নেতৃত্ব পরিবর্তন) ঘটে তাহলে আমি আফগানিস্তানের হয়ে খেলার জন্য ফিরব। ততক্ষণ পর্যন্ত আমি আমার প্রিয় জাতিকে প্রতিনিধিত্ব করা থেকে বিরত থাকব। একাধিকবার চেষ্টা করা সত্ত্বেও আমি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে পারিনি। অধিকন্তু সব সংস্করণ থেকে আমাকে বাদ দেওয়ার দেওয়ার কোনো সন্তোষজনক ব্যাখ্যাও প্রধান নির্বাচক দিতে পারেননি।’

 

আফগানিস্তানের হয়ে এখনো পর্যন্ত ১৭টি ওয়ানডে এবং ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ঘানি। গত মার্চের ২৭ তারিখ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। আর ২০২২ সালের জানুয়ারিতে নেদারল্যান্ডসের বিপক্ষে সর্বশেষ তিনি এক দিনের ম্যাচ খেলেন।