খুলনাঞ্চল ডেস্ক।।
‘ভারত জোড়ো যাত্রা’ কর্মসূচি শেষ হয়ে গেলেও ভারত জোড়ার কাজ থেকে বিরতি নেন রাহুল গান্ধী। সাধারণ মানুষের সঙ্গে বারবার যেভাবে তিনি মিশে যাচ্ছেন, তাতে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। এবার বাইক মেকানিকের ভূমিকায় ধরা দিলেন এই কংগ্রেস নেতা। আর সেই ভিডিও রীতিমত ভাইরাল।
‘ভারত জোড়ো যাত্রা’র সময় কখনও স্থানীয়দের সঙ্গে লোকগীতির ছন্দে পা মেলাতে দেখা গিয়েছিল রাহুলকে, আবার কখনও আদিবাসীদের সঙ্গে বসে খাওয়া-দাওয়া করেছেন। প্রাক্তন কংগ্রেস সভাপতির সে কর্মসূচি তাই রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল বিজেপির কাছে। তবে কর্মসূচি ও সাংসদ পদ খারিজ হলেও রাহুলের জনসংযোগে ভাটা পড়েনি। সে ছবিই ফের ধরা পড়ল দিল্লির করল বাগে।
একটি মেকানিকের গ্যারেজে ঢুকে বাইক মেরামত করতে দেখা গেল সোনিয়াপুত্রপকে। স্ক্রু ড্রাইভার হাতে, কালিঝুলি মেখে আর পাঁচজন মেকানিকের মতোই কাজ করলেন তিনি। আর সেই দৃশ্যই ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যা দেখে মুগ্ধ তার অনুরাগীরা। অনেকে বলছেন, ‘যুবরাজ’ও যে মাটির মানুষ হতে পারেন, তার উদাহরণ রাহুল গান্ধীই। কংগ্রেস নেতাকে দেখতে ভিড় জমে যায় ওই গ্যারেজের বাইরে।
সম্প্রতি রাহুলের রাতভর ট্রাকে চড়ে ঘোরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। ট্রাক চালকদের সমস্যা নিয়ে সরাসরি কথা বলেছিলেন তিনি। আবার জেলেদের সঙ্গে সাঁতার কাটতেও দেখা গিয়েছিল তাকে। এবার জনসংযোগে মেকানিকের ভূমিকায় রাহুল।











































