Home খেলাধুলা যে ৩ পেসারে ভারতের ভবিষ্যৎ দেখছেন ইশান্ত

যে ৩ পেসারে ভারতের ভবিষ্যৎ দেখছেন ইশান্ত

15

স্পোর্টস ডেস্ক।।

দীর্ঘদিন ভারতের পেস আক্রমণ (বিশেষ করে টেস্টে) সামলেছেন ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ এবং উমেশ যাদব। ভারত দলে আর নেই ইশান্ত, একের পর এক চোটে পড়ছেন বুমরাহ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর বাদ দেওয়া হয়েছে উমেশকে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হয়েছে মোহাম্মদ শামিকেও। বিগত কয়েক বছর ধরে ভারতের দলে দুশ্চিন্তা, পরবর্তী সময়ে পেস আক্রমণের নেতৃত্ব দিবেন কারা।

ইশান্ত শর্মা এমন তিনজন পেসারের নাম উল্লেখ করেছেন যাদের পরিচর্যা করলে পেস আক্রমণ নিয়ে চিন্তা করতে হবে না ভারতকে। ইশান্ত বলেন, ‘আপনি যদি তাকে যথাযথ পরিচর্যা করেন, উমরান মালিকের মধ্যে ভারতকে দীর্ঘদিন সেবা দেওয়ার সম্ভাবনা আছে। অন্যজন আর্শদ্বীপ সিং।’

তৃতীয় পেসার হিসেবে ইশান্ত উল্লেখ করেছেন ২৯ বছর বয়সী বাঙালি পেসার মুকেশ কুমারের কথা। আইপিএলে দিল্লি ক্যাপিটালসে ইশান্তর সতীর্থ ছিলেন মুকেশ। পরিসংখ্যান বলে, টুর্নামেন্টে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। ১০ ম্যাচে ৭ উইকেট নিলেও ইকোনমি ছিল দশের ওপরে। তবে ইশান্ত বলেছেন, মুকেশের পারফরম্যান্স নিয়ে কথা বলার সময় সে যে পরিস্থিতিতে বল করেছে সেটা আমলে নেওয়া উচিত।

ইশান্ত বলেন, ‘খুব বেশি মানুষ তার (মুকেশ) গল্প জানে না। কিন্তু তার মতো সাধারণ মানুষ আমি দেখিনি। আপনি যদি তাকে নির্দিষ্ট এক ধরনের বল করতে বলেন সে সেটিই করবে। মাঠে তার সঠিক নির্দেশনা প্রয়োজন। যাতে চাপের মুহূর্তে সে বোঝে তাকে কোন ডেলিভারিটি করতে হবে। সে আইপিএলে অনেক রান দিয়েছে, কারণ সে কঠিন মুহূর্তে বল করেছে। সে কোন পরিস্থিতিতে বল করেছে, কোন ব্যাটসম্যানের বিরুদ্ধে করেছে সেটি কেউ দেখে না। সবাই দেখে সে ৪ ওভারে ৫০ রান দিয়েছে।’

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট এবং ওয়ানডে দুই দলেই আছেন মুকেশ। অন্যদিকে উমরান এবং আর্শদ্বীপ ওয়ানডে দলে ডাক পেলেও সুযোগ হয়নি টেস্ট দলে।