স্পোর্টস ডেস্ক।।
১৯৯০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ৫ উইকেট নেন পাকিস্তানের পেসার ওয়াকার ইউনিস। টানা ৩ ম্যাচে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব এতদিন শুধু ওয়াকারেরই ছিল। ৩৩ বছর পর সেই রেকর্ডে ভাগ বসালেন শ্রীলংকান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৪ রানে ৬ উইকেট নিয়ে আসর শুরু করেন হাসারাঙ্গা। পরের ম্যাচে ওমানের বিপক্ষে ১৩ রানের বিনিময়ে নেন ৫ উইকেট। আজ রোববার আয়ারল্যান্ডের বিপক্ষেও ৫ উইকেট নিয়ে ওয়াকারের রেকর্ডটি স্পর্শ করেন এই লেগ স্পিনার।
হাসারাঙ্গার এমন রেকর্ড ছোঁয়ার দিনে শ্রীলংকার বিপক্ষে ১৩৩ রানের বিশাল ব্যবধানে হেরেছে আয়ারল্যান্ড। তাতে তাদের বিশ্বকাপে খেলার স্বপ্নও শেষ হয়ে গেছে। কারণ, ‘বি’ গ্রুপ থেকে শ্রীলংকার সঙ্গে সুপার সিক্স নিশ্চিত করেছে স্কটল্যান্ড ও ওমান।
প্রথমে ব্যাট করে ৩২৫ রানের বিশাল সংগ্রহ তোলে লংকানরা। তাদের এই বিশাল সংগ্রহের পেছনে সবচেয়ে বড় অবদান দেশটির টেস্ট দলের অধিনায়ক দিমুথ করুনারত্মের। ওপেনিংয়ে নেমে ১০৩ বলে সমান রানের ইনিংস খেলেন এই ওপেনার। ৮২ রান করেন চারে নামা সাদিরা সামারাবিক্রামা। ৪২ রানে অপরাজিত থাকেন ধনঞ্জয়া ডি সিলভা।
আইরিশ বোলারদের মধ্যে উজ্জ্বল ছিলেন মার্ক অ্যাডায়ার। ৪৬ রানের বিনিময়ে ৪ উইকেট নেন এই পেসার। তিনটি উইকেট শিকার করেন ব্যারি ম্যাককার্থি।
আরও পড়ুন: জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর জরিমানাও দেখল ওয়েস্ট ইন্ডিজ
জবাব দিতে নেমে ৩১ ওভারে মাত্র ১৯২ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান আসে কার্টিস ক্যাম্ফারের ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন হ্যারি টেক্টর।
শ্রীলংকার হয়ে হাসারাঙ্গা ৫ উইকেট নিলেও রান দিয়েছেন ৭৯। ৬ ওভার বল করে ২৯ রানের বিনিময়ে ২ উইকেট নেন মহেশ থিকসানা। একটি করে উইকেট শিকার কাসুন রাজিথা, লাহিরু কুমারা এবং দাসুন শানাকার।











































