Home খেলাধুলা জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর জরিমানাও দেখল ওয়েস্ট ইন্ডিজ

জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর জরিমানাও দেখল ওয়েস্ট ইন্ডিজ

13

স্পোর্টস ডেস্ক।।

ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে গতকাল শনিবার হার দেখে ওয়েস্ট ইন্ডিজ। এবার ম্যাচের ঘটনাতেই জরিমানা হলো তাদের। স্লো ওভার রেটের কারনে ম্যাচ ফি’র ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে দলটিকে।

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে প্রতি স্লো ওভারের কারণে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হবে। নির্ধারিত সময় শেষ হওয়ার পরও ওয়েস্ট ইন্ডিজের ৩ ওভার বাকি থাকায় তাদের জরিমানা করা হয়েছে।

অভিযোগ স্বীকার করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। তার মানে, অভিযোগের বিষয়ে আইসিসির আনুষ্ঠানিক আর কোনো শুনানির প্রয়োজন হবে না।

গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে হারলেও ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের ‘এ’ গ্রুপ থেকে সুপার সিক্স নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। এই গ্রুপ থেকে সুপার সিক্সে যাওয়া অন্য দুইটি দল হচ্ছে জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডস।

দুই গ্রুপে ভাগ হয়ে জিম্বাবুয়েতে ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব খেলছে ১০টি দল। গ্রুপ ‘এ’-তে রয়েছে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ডস, মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেপাল। গ্রুপ ‘বি’-তে রয়েছে স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং ওমান। প্রতিটি গ্রুপের শীর্ষ তিনটি করে টিম সুপার সিক্সে খেলবে। সেখানে পয়েন্টের হিসেবে শীর্ষ দুটি দল খেলবে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের মূল পর্বে।