Home খেলাধুলা দ্বন্দ্বের গুঞ্জনের পর বাবরকে নিয়ে যা জানালেন ইমাদ

দ্বন্দ্বের গুঞ্জনের পর বাবরকে নিয়ে যা জানালেন ইমাদ

19

স্পোর্টস ডেস্ক।।

সর্বশেষ পাকিস্তান ক্রিকেট লিগে (পিএসএল) দারুণ অলরাউন্ডিং নৈপুণ্য দেখিয়েছেন ইমাদ ওয়াসিম। ব্যাট হাতে ১০ ইনিংসে তিনটি হাফ সেঞ্চুরিসহ ১৩৪.৬৭ অ্যাভারেজে করেছেন ৪০৪ রান। যা টুর্নামেন্টটির তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। বল হাতেও সমান উজ্জ্বল ছিলেন ইমাদ। ১০ ইনিংসে তার শিকার ৯ উইকেট। এমন পারফরম্যান্সের পর বাবর আজমের নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ডাক পান তিনি।

এর আগে বেশ কিছুদিন পাকিস্তান দলের বাইরে ছিলেন তিনি। সে সময় অধিনায়ক বাবরের সঙ্গে ইমাদের দ্বন্দ্বের গুঞ্জন ওঠে। ইমাদের কিছু কিছু বক্তব্য সেটি আরও উসকে দেয়। সম্প্রতি ক্রিকেট পাকিস্তানের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে বাবরের অধীনে খেলার অভিজ্ঞতা বর্ণনা করেছেন ইমাদ। সেখানে দ্বন্দ্বের ব্যাপারটি পাশ কাটিয়ে তিনি তুলে ধরেছেন পাকিস্তানের হয়ে খেলার সময় অধিনায়ক বাবরের পারস্পরিক সম্মান দেওয়ার বিষয়টি।

ইমাদের ভাষ্য, ‘আপনি যখন দেশের হয়ে খেলবেন, আপনি অন্য সব ব্যাপার আরেক পাশে রাখবেন। এবং এটাই আমরা (ইমাদ এবং বাবর) করি। আমরা অন্য সবকিছু একপাশে রাখি। বলাই বাহুল্য, তিনি (বাবর) পাকিস্তান দলের অধিনায়ক এবং আমি একজন খেলোয়াড় হিসেবে ছিলাম। এই পারস্পরিক সম্মান সবসময়ই আমাদের মধ্যে ছিল এবং এখনো আছে। আপনি যখন দেশের হয়ে খেলেন, তখন অন্য সব বিষয় আরেক পাশে রাখতে বাধ্য আপনি।’

 

নিউজিল্যান্ড সফরের সময় পাশাপাশি বিমানে বসেছিলেন ইমাদ এবং বাবর। ইন্টারনেটে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেখানে অনেকে বলেছিলেন, আবারো ভালো বন্ধু হয়ে গেছেন এই দুজন। আবার অনেকে মজা করে বলেছেন, ২০২৩ বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে ইমাদের। তবে সেটিকে শুধুই স্মৃতি ধরে রাখার জন্য বলে উল্লেখ করেছেন ইমাদ।

ইমাদ বলেন, ‘এগুলো সবই আনন্দের অংশ কারণ ১৫-২০ বছর পর এসব ছবি দেখে আমরা কী সব দিন কাটিয়ে এসেছি এবং কী অর্জন করে এসেছি সেগুলোর স্মৃতিচারণ করব। তাই এসব স্মৃতিসমূহ শেষ হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, একে অপরের প্রতি ভালোবাসা; এটাকে আমরা আনন্দ উপভোগ বলি।’