Home Uncategorized কাঁচা মরিচের তীব্র ঝালে দিশেহারা ক্রেতারা

কাঁচা মরিচের তীব্র ঝালে দিশেহারা ক্রেতারা

59

 

মেহেরপুর প্রতিনিধি।।

ঈদুল আজহার এখনো সপ্তাহখানেক বাকি অথচ এর আগেই মেহেরপুরে কাঁচা মরিচের দাম সপ্তাহ ব‍্যবধানে বেড়ে দ্বিগুণ। এতে করে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। নিম্ন আয়ের ক্রেতারা বলছেন, দুয়েক দিন আগেও কাঁচা মরিচের দাম কিছুটা কমের দিকে ছিল। পর্যাপ্ত সরবরাহ থাকলেও ঈদকে কেন্দ্র করে ব্যবসায়ীরা মরিচের দাম বাড়িয়ে দিয়েছেন। তবে বিক্রেতারা জানান, স্থানীয়ভাবে উৎপাদন কম এবং আমদানি কম হওয়ায় দাম বেড়েছে।

জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, যে মরিচ গত চার দিন আগে কেজিপ্রতি ১০০ থেকে ১১০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। সেই মরিচ এখন বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৬০ টাকা কেজিতে।

ঐতিহ্যবাহী বামন্দী পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, সকালে ১৭০ টাকা ছিল প্রতি কেজি মরিচ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরবরাহ বাড়লেও দাম বেড়ে যায়। দুপুর ১২টার দিকে মরিচের দাম বেড়ে ঠেকেছে ২৬০ টাকা কেজিতে।

খুচরা বিক্রেতারা জানান, সামনে কোরবানির ঈদ। সে জন‍্য ট্রাকের ভাড়া বেড়েছে। এ ছাড়া স্থানীয়ভাবে কাঁচা মরিচের উৎপাদন কমেছে। পাশাপাশি ঈদের কারণে বাজারে কাঁচা মরিচের সরবরাহও কম হওয়ায় দাম বেড়েছে।

কৃষকরা বলছেন, গতকাল (বৃহস্পতিবার) পর্যন্ত কাঁচা ঝাঁলের দাম ছিল ১১৫ টাকা কেজি। আজ হাটে বিক্রি করতে এসে শুনছি ২৪০ টাকা করে।

কাঁচা মরিচের ক্রেতা স্কুলশিক্ষক লাল্টু হোসেন বলেন, ‘বামন্দী বাজারে এসেছিলাম কোরবানির পশু কিনতে। সেই সঙ্গে বাড়ির সবজি বাজার সেরে নেব মনে করছি। কাঁচা মরিচের দাম শুনে মাথা নষ্ট হয়ে যাওয়ার অবস্থা। আধা কেজি মরিচের দাম ১৩৫ টাকা। অথচ গতকাল সকালে আমাদের গ্রামের মরিচচাষিরা পাইকারি বাজারে বিক্রি করেছেন ১১৫ টাকা কেজিতে।’

কাঁচা মরিচ বিক্রেতা আরিফুল ইসলাম বলেন, ‘আজ সকালের দিকে ১৭০ টাকা কেজিতে কাঁচা মরিচ আমদানি শুরু হয়। ঘণ্টাখানেক পর দাম বেড়ে ২৬০ টাকায় ঠেকেছে। আমদানির ওপর নির্ভর হওয়ায় খুচরা বাজারে দাম বেড়ে গেছে।’

কাঁচা মরিচচাষি এখলাচ হোসেন বলেন, ‘গতকাল পর্যন্ত আমরা পাইকারি বাজারে কাঁচা মরিচ বিক্রি করেছি ১১৫ টাকা কেজিতে। অথচ আজ সকালে বামন্দী সবজি বাজারে এসে শুরুর দিকে দাম পেয়েছি ১৭০ টাকা। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দাম বেড়ে ২৬০ টাকায় দাঁড়িয়েছে।’