Home Uncategorized নূর-মোসাদ বৈঠক: আলোচনায় ঘি ঢাললেন ফিলিস্তিনি দূত

নূর-মোসাদ বৈঠক: আলোচনায় ঘি ঢাললেন ফিলিস্তিনি দূত

20

 

ঢাকা অফিস।।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে গণঅধিকার পরিষদ নেতা নুরুল হক নূরের যোগাযোগ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনার মধ্যে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের বক্তব্য নতুন বিতর্ক উসকে দিয়েছে।

তবে ঢাকাস্থ ফিলিস্তিনের দূত দৈনিক বাংলাকে বলছেন, তিনি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর দেখে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার ঢাকার ফিলিস্তিন দূতাবাসে সাংবা‌দিকরা মোসাদের সঙ্গে নূরের বৈঠক নিয়ে রাষ্ট্রদূতকে প্রশ্ন করেন। জবাবে ইউসুফ রামাদান বলেন, নূর কাতার, দুবাই ও ভারতে মোসাদের সঙ্গে তিন দফা বৈঠক করেছেন।

বিষয়টি নিয়ে দৈনিক বাংলার পক্ষ থেকে ফিলিস্তিনের দূতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এই তথ্যের সরাসরি সোর্স নই। আমি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মোসাদের সঙ্গে নূরের তিনটি বৈঠকের কথা জেনেছি।’

নূর যদি মোসাদের সঙ্গে বৈঠক করে থাকে তা হলে সে বিষয়ে রাষ্ট্রদূতের মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘যদি তিনি বৈঠক করে থাকেন, তবে সেটা তার পরিবার, দেশ ও জনগণের সঙ্গে বেইমানি করেছেন। কারণ বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের জনগণের পক্ষে এবং ইসরায়েলি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার।’

রাষ্ট্রদূত এ বিষয়ে খোঁজ নিতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়েছেন।

এদিকে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থা থে‌কে আমরা বৈঠ‌কের ছ‌বি পে‌য়ে‌ছি। কাতার বিশ্বকাপের সময় (২০২২ সালের নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত) বিষয়‌টি আমাদের নজরে আসে।’

এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত ইউসুফ রামাদান বলেন, মোসাদের সঙ্গে তার (নূর) বৈঠকের বিষয়ে তি‌নি য‌দি অস্বীকার করে থাকেন, তা ফিলিস্তিনের জন্য ভালো। ত‌বে বিষয়‌টি সত্য হ‌লে এ‌টি বাংলা‌দে‌শের নিরাপত্তার জন্য হুম‌কি।

রাষ্ট্রদূত বলেন, ইসরায়েল থেকে টাকা নেয়া মানুষ কখনো নেতা হতে পারে না। এ ধরনের নেতা দে‌শের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না।

রোহিঙ্গাদের জন্য ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির খাদ্য সহায়তা অবহিত করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকার ফিলিস্তিন দূতাবা‌স।

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের মন্তব্য গণমাধ্যমে আসার পর সংবাদ সম্মেলন করেন ডাকসুর সাবেক ভিপি নূর।

গণঅধিকার পরিষদের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফিলিস্তিনি দূতের বক্তব্য ‘ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’।

নূরের দাবি, ‘সরকারের এজেন্সির টাকা খেয়ে তিনি এ ধরনের কথা বলছেন। নিজে সুবিধা নেয়ার জন্য রাষ্ট্রদূত এসব কথা বলছেন।’