খুলনাঞ্চল রিপোর্ট।।
শখের বসে আঙুর চাষ করেছেন লাভলি বেগম। মূলত তিনি ইউটিউব দেখে চাষে আগ্রহী হয়ে ওঠেন। বাড়ির পরিত্যক্ত জমিতে শুরু করেন আঙুর চাষ। প্রথম আবাদেই সন্তোষজনক ফলন পেয়েছেন তিনি। তাই এই বাগানের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার। এদিকে তার আঙুর বাগান দেখতে দূর-দূরান্ত থেকে প্রতিদিনই ভিড় জমাচ্ছে উৎসুক জনতা।
লাভলি বেগম বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা গ্রামের বাসিন্দা। তিনি ঐ গ্রামের আব্দুস সালামের স্ত্রী।
লাভলি বেগম বলেন, পরিবারের কাজ শেষে অবসরের সময় কাজে লাগাতেই নতুন কিছু একটা করার চিন্তা করি। ঝিনাইদহের এক আঙুর চাষির ইউটিউব চ্যানেল দেখে ভালো লাগায় তার মোবাইল নম্বরে যোগাযোগ করে ৪৬টি আঙুর ফল গাছের কলম নিয়ে আসি। আমার বাগানের আঙুরগুলো কাশ্মীরের ছমছম প্রজাতির।
শুরুটা করি ২০২২ সালের মার্চ মাসের দিকে। বাড়ির সামনের ঈদগাহ সংলগ্ন ১২ শতাংশ পরিত্যক্ত জমিতে আঙুর ফলগাছ রোপণ করি। প্রথমবার চাষে সন্তোষজনক ফলন আসায় এই মৌসুমে আরো ১২ শতাংশ জমি বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, কলম লাগানোর ৭ মাস পরে প্রথমে কয়েক থোকা আঙুর হয়। তখন ভয়ে ছিলাম টক নাকি মিষ্টি হয় সেই নিয়ে। সবগুলো গাছেই পর্যাপ্ত আঙুর ধরেছে। এরই মধ্যে ১৪ কেজির মত বিক্রিও করেছি।
লাভলী বেগম বলেন, কাশ্মিরের মাটির সঙ্গে বরিশালের মাটির অনেক পার্থক্য। তবে আঙুর চাষ করে আমার মনে হয়েছে, সব মাটিতেই এই ফল সুস্বাদু হয়।
তিনি বলেন, আঙুরের একটি গাছ ১২-১৫ বছর পর্যন্ত বেঁচে থাকে বলে জেনেছি। আমি সেই অনুসারে জিআই পাইপ দিয়ে মজবুত মাচা তৈরি করে নিয়েছি। এখন আঙুরের পাশাপাশি ৩০০ টাকা করে এই গাছের কলমও বিক্রি করি। প্রতিদিনই অনেক লোক বাগান দেখতে আসে।
উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রহমান বলেন, লাভলি বেগম নিজ উদ্যোগে পরিত্যক্ত জমিতে আঙুর চাষ করেছেন। তাকে বিভিন্ন সময়ে আমরা পরামর্শ দিয়ে সহায়তা করছি। তাকে দেখে উদ্বুদ্ধ হয়ে অন্যান্য কৃষকরা যারা আঙুর চাষ করবেন তাদেরও আমরা সহায়তা করব। আমি আশা করছি এভাবে ফল চাষ বাড়াতে পারলে আঙুর আমদানি করার প্রয়োজনীয়তা কমে যাবে।











































