মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
দীর্ঘ এক যুগ ধরে বন্ধ থাকার পর চলতি মাসে চালু হওয়া অপারেশন থিয়েটারে রোগীদের নানা ধরণের অপারেশন সেবা কার্যক্রম চলমান রয়েছে। গত ১লা জুন অপারেশন থিয়েটার চালুর প্রথম দিনেই দুই প্রসুতির সফল সিজার সম্পন্ন হয়। ১লা জুন থেকে ২০জুন পর্যন্ত সরকারী এ হাসপাতালটিতে ৪টি সফল সিজার হয়েছে।
এরমধ্যে ১৯জুন এক ব্যক্তির দুই কুঁচকির দুইটি হার্নিয়ার সফল অপারেশন করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার সকালে হাসপাতালে সুজনের (৩২) হার্নিয়া অপারেশন করেছেন ডাঃ সিরাজুম মুনিরা মিতু, ডাঃ আল মামুন ও ডাঃ নুরজাহান নিশাত। ডাঃ মিতু বলেন, সুজন অত্যন্ত দরিদ্র হওয়ায় হার্নিয়া রোগ নিয়ে দীর্ঘ দিন ভুগছিলেন। এরপর গত রবিবার তিনি হাসপাতালে এ বিষয়ে সেবা নিতে আসলে তাকে সোমবার অপারেশন করার পরামর্শ দিলে তিনি তাতে আগ্রহী হলে তার হার্নিয়া অপারেশন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহীন বলেন, দীর্ঘ এক যুগ পর হলেও আমরা হাসপাতালের অপারেশন থিয়েটারটি চালু করতে পেরেছি। ১লা জুন ওটি চালুর পর এ পর্যন্ত ৪টি সিজার ও ১টি হার্নিয়া অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। আর আগামী সোমবার আরেক রোগীর অ্যাপেন্ডিক্স অপারেশন হবে। তিনি বলেন, গরীব লোকজনের সিজার, হার্নিয়া ও অ্যাপেন্ডিক্স অপারেশন করতে আগে খুলনায় যেতে হতো। যা ছিলো তাদের জন্য অত্যন্ত কষ্ট ও ধার-দেনার ব্যয় বহুল। এখন নামমাত্র সরকারী ফি দিয়ে এ ধরণের রোগীরা হাসপাতালে প্রতি সোমবার অপারেশন সেবা নিতে পারবেন। তিনি আরো বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে দায়িত্বরত চিকিৎসক, নার্স, মিডওয়াইফসহ অন্যান্য ষ্টাফদের নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতার কারণে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অপারেশনের ক্ষেত্রে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।











































