স্পোর্টস ডেস্ক।।
পাকিস্তানের প্রস্তাবিত ‘হাইব্রিড মডেলেই’ হচ্ছে এবারের এশিয়া কাপ। তবে টুর্নামেন্টটি নিয়ে জলঘোলা কম হয়নি। দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানে আসরটি খেলতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত।
পরে এর বিকল্প হিসেবে একটি হাইব্রিড মডেল উত্থাপন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মডেল অনুযায়ী, চারটি ম্যাচ পাকিস্তানে হবে এবং বাকি ম্যাচগুলো কোনো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। তবে সেখানেও গড়িমসি দেখিয়েছিল ভারত।
ভারতের এমন অবস্থানে দেশটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ বর্জনের হুমকি দিয়েছিল পাকিস্তান। কারণ হিসেবে সরকারের অনুমোদনের অনিশ্চয়তার কথা বলেছিল পিসিবি। তাছাড়া খেললেও নির্দিষ্ট কয়েকটি ভেন্যুর নাম উল্লেখ করে দেশটি।
শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে খেলতে রাজি হয় জয় শাহর নেতৃত্বাধীন বিসিসিআই। এতে খুশি হয়েছে পাকিস্তানও। দেশটির বিশ্বকাপ বর্জনের হুমকি ও ভেন্যু নির্দিষ্ট করার দাবিটিও মিলিয়ে গেছে হাওয়ায়।
পিসিবি সভাপতি নাজাম শেঠি আজ বৃহস্পতিবার জানিয়েছেন, পাকিস্তানে খেলতে না আসার কারণটি বুঝতে পেরেছেন তিনি। তিনি বলেছেন, ‘আমি উচ্ছ্বসিত যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সিদ্ধান্ত অনুযায়ী হাইব্রিড মডেলেই খেলা হবে। তার মানে ইভেন্টের আয়োজক হিসেবে থাকছে পিসিবিই। পাকিস্তানের সঙ্গে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ম্যাচ শ্রীলংকায় অনুষ্ঠিত হবে, এর দরকার হয়েছে ভারতীয় দলের পাকিস্তানে সফরে বাধার কারণে।’ প্রতিবেদন এনডিটিভির।
পিসিবি সভাপতি আরো বলেন, ‘আমাদের ভক্তরা ১৫ বছর পর পাকিস্তানের মাটিতে ভারতীয় দলকে দেখলে দারুণ উচ্ছ্বসিত হতো। কিন্তু আমরা বিসিসিআইয়ের (ভারতীয় ক্রিকেট বোর্ড) অবস্থান বুঝতে পেরেছি। সীমান্ত অতিক্রমের জন্য বিসিসিআইকেও সরকারের অনুমোদন ও ছাড়পত্র নিতে হয়।’











































