স্পোর্টস ডেস্ক।।
সেমিফাইনাল নিশ্চিত করতে শেষ ম্যাচে জয় দরকার ছিল দুই দলেরই। কিন্তু বৃষ্টির বাধায় টসই করা সম্ভব হয়নি। তাতে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ বনাম আরব আমিরাতের ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি করতে হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
এর আগেও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। তবে পরপর দুই ম্যাচ খেলা না হলেও সেমিফাইনালে যেতে অসুবিধা হয়নি বাংলাদেশের। মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৯৭ রানের জয়ের সুবাদে গ্রুপ বি থেকে সেমিফাইনালে উঠে বাংলাদেশ।
তিন ম্যাচ শেষে ‘বি’ গ্রুপে বাংলাদেশের পয়েন্ট ৪। শ্রীলঙ্কার মেয়েদেরও সমান পয়েন্ট। তবে রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
সোমবার দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্স আপ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওই গ্রুপে সমান তিন পয়েন্ট করে টেবিলের এক ও দুইয়ে যথাক্রমে অবস্থান করছে ভারত এবং পাকিস্তান। তাদের সামনে আরও একটি করে ম্যাচ রয়েছে।











































