প্রধান অতিথি আজিজুল বারী হেলাল
খবর বিজ্ঞপ্তি।।
অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে আজ শুক্রবার (১৬ জুন) খুলনায় পদযাত্রা কর্মসুচি পালন করবে মহানগর বিএনপি। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিকাল ৩টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো দলীয় কার্যালয়ে এসে পদসভার মধ্যদিয়ে কর্মসূচি শেষ করবে দলটি। কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
বৃহস্পতিবার (১৫ জুন) খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রদত্ত বিবৃতিতে কর্মসুচি সফল করতে দলীয় সর্বস্তরের নেতাকর্মী ও খুলনাবাসির প্রতি আহবান জানিয়েছেন। একই বিবৃতিতে পুলিশ প্রশাসনকে শান্তিপূর্ণ এ কর্মসুচিতে কোন ধরণের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সহযোগিতা করার আহবান জানান। তারা বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। তিন তিনবার জনগনের ভোটে নির্বাচিত হয়ে এদল রাষ্ট্র পরিচালনা করেছে। দেশের মানুষ ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এ জন্যই বিএনপির আন্দোলনের প্রতি তারা সাড়া দিচ্ছে। আন্দোলন কর্মসূচি বিএনপির হলেও এই দাবি জনগনের। এই দাবি বেঁচে থাকার, ভাত ও কাপড়ের। এই দাবি নিজের ভোট নিজে দিতে পারার।











































