স্টাফ রিপোর্টার।।
খুলনায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু। তিনি অভিযোগ করেন, তার কর্মীদের ওপর হামলা ও হুমকি দেয়া হচ্ছে। রোববার (১১ জুন) দুপুর ২টায় জাতীয় পার্টি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
তিনি বলেন, নির্বাচনের পরিবেশ যাই হোক না কেন শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবো। ৪০ থেকে ৪২ শতাংশ ভোটার উপস্থিতি হতে পারে বলে ধারণা তার।
রাত পোহালেই খুলনা সিটি করপোরেশন নির্বাচন। ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। নির্বাচন উপলক্ষে রোববার (১১ জুন) সকাল ১১টা থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ইভিএম। খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স কেন্দ্র থেকে ইভিএম বিতরণ শুরু হয়েছে। সিএনজি চালিত অটোরিকশায় করে বিভিন্ন ভোটকেন্দ্রে ইভিএম পাঠানো হচ্ছে। কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসারের কাছে এটি বুঝিয়ে দেয়া হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁঞা বলেন, ‘প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ প্রতিটি কেন্দ্রে ৭ জন পুলিশ ও ১২ জন আনসার এবং সাধারণ প্রতিটি কেন্দ্রে ৭ জন পুলিশ ও ১০ জন আনসার মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর বাইরে ৭১টি মোবাইল পেট্রোল টিম, ২০টি অতিরিক্ত মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স ও প্রতিটি থানায় স্ট্যান্ডবাই ফোর্স থাকবে। নির্বাচনের কাজে মোট ৪ হাজার ৮২০ জন পুলিশ ও ৩ হাজার ৪৬৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
জানা গেছে, এবার খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিটি করপোরেশনের মধ্যে ভোটার রয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন। মোট ২৮৯ ভোটকেন্দ্রে ১ হাজার ৭৩২টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।











































