স্টাফ রিপোর্টার।।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ২৮৯টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে দুপুর ১২টায় এই কার্যক্রম শুরু হয়। প্রিজাইডিং কর্মকর্তা ও ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা এসব সরঞ্জাম কেন্দ্রে নিয়ে যায়।
খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে সকাল ১০টায় নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ব্রিফিং করেন পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান ভূঁইয়া। পরে বেলা ১১টায় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
র্যাব-৬ এর অধিনায়ক দুপুর ১২টায় খুলনা জিলা স্কুলে সাংবাদিকদের ব্রিফিং করেন। এ সময় তিনি বলেন, নির্বাচনের দিন নগরীতে টহল থাকবে তাদের।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক দুপুর ১২টায় আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। নির্বাচিত হতে পারলে চলমান উন্নয়ন কাজের ধারা অব্যাহত রাখবেন বলে জানান তিনি।
এদিকে নগরীতে টহল দিচ্ছে বিজিবির ১১ প্লাটুন সদস্য। নির্বাচনের দিন ভোট কেন্দ্র ও নগরীর নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ হাজার ৩০০ জন সদস্য। থাকবেন ৪৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
ভোটগ্রহণের দায়িত্বে থাকবেন ৫ হাজার ৭৬০ জন কর্মকর্তা। ভোট কেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে ২ হাজার ৩০০টি ক্লোজ সার্কিট ক্যামেরা। ইভিএম মেশিন প্রয়োজন হচ্ছে প্রায় ৩ হাজার। পর্যবেক্ষক থাকবেন বেসরকারি দুটি সংস্থার ২০ জন ও নির্বাচন কমিশনের ১০ জন।
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, নির্বাচনে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এদিকে ২৮৯টি ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ১৬১টি।
নগরীর সাধারণ ৩১টি ওয়ার্ডের ২টিতে কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ ২৯টি ওয়ার্ডে প্রার্থী ১৩৪ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ৩৯ জন।
মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ২২৯ জন।
আগামীকাল সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে।











































