মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
আজ শনিবার ভোরে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসা চায়না পতাকাবাহী জাহাজ এম,ভি জে হ্যায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় ভিড়বে। ভোর ৫টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১নম্বর এ্যাংকোরেজে ভিড়বে এ জাহাজটি। এরপর বিদেশী এ জাহাজটি হতে খালাসকৃত কয়লা লাইটারেজ (কাগোর্, কোস্টার/নৌযান) করে নেয়া হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে।
বিদেশী এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেড’র খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২৬হাজার ৬শ ২০মেট্টিক টন জ্বালানী কয়লা নিয়ে গত ২১মে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে চায়না পতাকাবাহী জাহাজ এম,ভি জে হ্যায়। কয়লাবাহী এ জাহাজটি শুক্রবার রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় পৌঁছায়। এরপর ফেয়ারওয়ে বয়া থেকে শনিবার ভোর ৫টার দিকে জাহাজটি বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার—১১নম্বর এ্যাংকোরেজে ভিড়বে। শনিবার সকাল থেকেই জাহাজটি হতে কয়লা খালাসের কাজ শুরু হবে। খালাসকৃত কয়লা লাইটারেজে (কাগোর্/কোস্টার—নৌযান) করে নেয়া হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে। এরপর জেটির নিজস্ব গ্রাস্পের (কামড়ীকল) মাধ্যমে লাইটারেজের কয়লা উত্তোলণ করে স্বয়ংক্রিয় বেল্টের মাধ্যমে তা মজুদ/সংরক্ষণ করা হবে কেন্দ্রটির কয়লার সেডে/গোডাউনে।
তিনি বলেন, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য এর আগে ইন্দোনেশিয়া থেকে গত ১৬মে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এম,ভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০হাজার মেট্টিক টন ও ২৯মে এম,ভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০হাজার ৫শ মেট্টিক টন কয়লা এসেছিলো মোংলা বন্দরে।
এদিকে কয়লার সংকটে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার দু:সংবাদে মধ্যেই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য সুখবর নিয়েই আজ শনিবার মোংলা বন্দরে ভিড়ছে কয়লার জাহাজ।











































