সাতক্ষীরা প্রতিনিধি।।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, সচেতন নাগরিক হিসেব চাইবো নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। সত্যিকার অর্থে মানুষ তার পছন্দের মানুষকে ভোট দিতে পারবে। মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত যেতে হবে। মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে কোনও গোলমাল থাকলে মানুষ তার পছন্দের মানুষকে ভোট দিতে পারবে না। আমার ‘না’ ভোটের একটি আবেদন ছিল, সেটি গৃহীত হয়নি। তারপরও নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, সংঘাত বন্ধ করতে হবে। সংঘাত কখনও সাধারণ মানুষ করে না। যেকোনও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা করে। আপনারা যারা নিজেদের জনপ্রতিনিধি হিসেব দাবি করেন, তাদের সংঘাত বন্ধের দাবি করিছ।
রবিবার (২১ মে) সন্ধ্যায় সাতক্ষীরা এলজিইডি মিলনায়তনে ‘সাতক্ষীরায় মানবাধিকার পরিস্থিতি ও করণীয়’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী নির্বাচনে বড় দলগুলোর দ্বিমুখী অবস্থান ও তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারেই যে সবকিছুর সমাধান তা নয়; আমিও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলাম। স্বাধীনভাবে কাজ না করতে দিলে কোনও কিছুই সম্ভব নয়। নির্বাচন কমিশনকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া না হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
আমাদের যেন এখন কথা কম বলার দায়িত্ব বেড়েছে উল্লেখ করে তিন বলেন, সবাই যেন কথা বলতে ভয় পায়। তিনি অধ্যাপক রেহমান সোবহানকে দেশের এক নম্বর বুদ্ধিজীবী উল্লেখ করে তার প্রসঙ্গ টেনে ধরে বলেন, অধ্যাপক রেহমান সোবহানের একটি লেখায় সেদিন পড়ছিলাম, তিনি লিখেছেন, আগে একটি লেখা খুব সহজেই লিখে ফেলতে পারতাম। কিন্তু এখন একটি লেখা লিখতে গেলে ১০ বারেরও বেশি ভাবতে হয়।
সুলতানা কামাল বলেন, আমাদেরও এখন কথা বলতে গেলে অনেক ভাবতে হয়। যেন এখন আমাদের কথা কম বলার দায়িত্ব বেড়েছে। কথা বললেই সমস্যা। এখন কথা বলছি, সভা শেষে দেখা যাবে, এখান থেকে কাউকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, অনেক মন্ত্রী আছেন, তারা ভাবেন আমার সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি কথা হয়। তারাও বলেন, আপা আপনি একটু প্রধানমন্ত্রীকে বইলেন। কিন্তু তারা নিজে প্রধানমন্ত্রীকে বলবেন না উল্লেখ করে তিনি বলেন, তারাও (মন্ত্রী) কথা বলতে ভয় পান।
তিনি বলেন, বিচারহীনতার একটা সংস্কৃতির মধ্যে আমরা বাস করছি। একটা অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা আমাকে বলছিলেন, আপা আমরা আপনাকে অ্যারেস্ট করতাম। কিন্তু আপনি এতো হাইপ্রোফাইল যে করতে পারিনি। তখন আমি বললাম, এই তো আপনাদের সমস্যা। প্রোফাইল ভারী হলে আপনারা কিছুই করতে পারেন না। লো প্রোফাইলের লোকজন হলে ধরে নিয়ে যান।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র প্রতিটি পৃষ্ঠায় মানবাধিকারের কথা বলা হয়েছে। কিন্তু মানবাধিকার এখন কোথায়?
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি একজন নাগরিক হিসেবে দেশে অবাধ, সুষ্ঠু ও মুক্ত নির্বাচন চাই। যেখানে আমাদের ভোটের অধিকার, নির্বাচনের অধিকার থাকবে। আমরা জবাবদিহি করতে পারবো।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
আলোচনায় অংশ নেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, সিনিয়র সাংবাদিক এম কামরুজ্জমান, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জাসদ নেতা ইদ্রিস আলী, সাংবাদিক রঘুনাথ খাঁ, দৃষ্টিপ্রতিবন্ধী আবুল কালাম, দতিল নেতা গৌরপদ দাশ প্রমুখ।
সভায় সাতক্ষীরা জেলার মানবাধিকার পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন সাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য সচিব অ্যাডভোকেট মুনিরুদ্দীন।











































