Home আঞ্চলিক খুসিক নির্বাচন: পাঁচ বছরে নগদ টাকার সঙ্গে সম্পদও বেড়েছে তালুকদার খালেকের

খুসিক নির্বাচন: পাঁচ বছরে নগদ টাকার সঙ্গে সম্পদও বেড়েছে তালুকদার খালেকের

54

এজাজ কায়েস।।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেকের সম্পদ ও নগদ টাকার পরিমাণ বেড়েছে। তবে তাঁর বার্ষিক আয় কমেছে।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, তালুকদার আবদুল খালেক নিজের পেশা হিসেবে এবার উল্লেখ করেছেন ‘ব্যবসা’। তবে ব্যবসা থেকে তাঁর কোনো আয় নেই। পাঁচ বছর আগে জমা দেওয়া হলফনামায় পেশা হিসেবে তিনি মাছের ঘেরের ব্যবসার কথা উল্লেখ করেছিলেন। তাঁর আয়ের উৎস হিসেবে রয়েছে কৃষি খাত, সঞ্চয়পত্রের সুদ এবং মেয়রের পারিতোষিক ও ভাতা।
পাঁচ বছর আগে মেয়র পদে নির্বাচন করার সময় নিজের হলফনামা নির্বাচন কমিশনে জমা দিয়েছিলেন তালুকদার আবদুল খালেক। এবারও তিনি মেয়র প্রার্থী। ১৬ মে তিনি হলফনামা জমা দিয়েছেন। দুটি হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
নগদ টাকা বেড়েছে ৪৯ গুণ:
বর্তমানে তালুকদার আবদুল খালেকের কাছে নগদ টাকা আছে ৪ কোটি ৭৯ লাখ। গতবার মেয়র নির্বাচনের সময় তাঁর কাছে নগদ টাকা ছিল ৯ লাখ ৭৮ হাজার। সে হিসাবে তাঁর কাছে নগদ টাকা বেড়েছে ৪৯ গুণ। পাঁচ বছর আগে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকে ২ কোটি টাকার শেয়ার ছিল তাঁর, এখন আর ওই শেয়ার নেই।
নতুন বাড়ি কিনেছেন খালেক:
তালুকদার খালেক জমিসহ একটি বাড়ির অর্ধেকের মালিক, যার মূল্য ২ কোটি ১২ লাখ টাকা। ওই বাড়ির বাকি অর্ধেক অংশের মালিক তাঁর স্ত্রী। সেই হিসাবে স্ত্রীও ২ কোটি ১২ লাখ টাকার মালিক। পাঁচ বছর আগে অবশ্য ওই বাড়িটি তাঁদের ছিল না।
তালুকদার খালেকের স্ত্রীর নামে আগে থেকেই রাজউকের পূর্বাচলে প¬ট রয়েছে। এ ছাড়া জমিসহ পাঁচতলা আরেকটি বাড়ির অর্ধেকের মালিক খালেকের স্ত্রী, যার মূল্য দেখানো হয়েছে ৩১ লাখ টাকা। সোনালী ব্যাংক খুলনার স্যার ইকবাল রোড শাখায় তালুকদার খালেক ও তাঁর স্ত্রীর নামে ঋণ আছে ১ কোটি ৩৪ লাখ টাকা।
স্থাবর সম্পদের মধ্যে তালুকদার খালেক পৈতৃক সূত্রে ২৩ বিঘা কৃষিজমির মালিক। এ ছাড়া তিনি ৩ দশমিক ২১ একর কৃষিজমি এবং ৩ কাঠা অকৃষিজমির মালিক, যার মোট মূল্য ২৮ লাখ ২১ হাজার টাকা। পাঁচ বছর আগে তাঁর স্ত্রীর ২৫ ভরি স্বর্ণালংকার ছিল, যা বৈবাহিক সূত্রে পাওয়া। এখনো ওই পরিমাণ স্বর্ণালংকার তাঁর কাছে রয়েছে।

সম্পদ ও নগদ অর্থ বৃদ্ধির ব্যাপারে জানতে চাইলে এ প্রতিবেদককে তালুকদার আবদুল খালেক বলেন, ‘আমি অবৈধভাবে কোনো আয় করিনি। অনারিয়াম (পারিতোষিক) হিসেবে যে আয় হয়েছে, তা দিয়েই সবকিছু করা হয়েছে। আপনারা এখন সম্পদ খুঁজে বের করেন।’
আয় কিছুটা কমেছে:
তালুকদার আবদুল খালেক কৃষি খাত, ব্যাংকের সুদ, মেয়রের পারিতোষিক ও ভাতা এবং বাড়ি ভাড়া থেকে আয় করেন প্রায় ৩৯ লাখ টাকা। পাঁচ বছর আগে এসব খাত থেকেই তাঁর আয় ছিল প্রায় সাড়ে ৪৫ লাখ টাকা। এখন তাঁর চারটি ব্যাংকে জমা রয়েছে ১ কোটি ১৮ হাজার টাকা। এ ছাড়া ২৮ লাখ টাকার সঞ্চয়পত্র ও পোস্টাল এফডিআর রয়েছে। পাঁচ বছর আগে তিনটি ব্যাংকে ছিল ২ কোটি ৪২ লাখ টাকা। সঞ্চয়পত্র ও এফডিআর ছিল ৩৮ লাখ টাকার। তালুকদার আবদুল খালেকের শিক্ষাগত যোগ্যতা বিএ পাস।
জাপা প্রার্থী শফিকুলের আয় বেশি:
জাতীয় পার্টির হয়ে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করছেন শফিকুল ইসলাম। তিনি খুলনা জেলা জাতীয় পার্টির সভাপতি। তিন মেয়র প্রার্থীর মধ্যে তাঁর বার্ষিক আয় সবচেয়ে বেশি। বছরে তাঁর আয় ৯০ লাখ টাকা। যার মধ্যে বাড়িভাড়া থেকে আসে ১ লাখ ৮৬ হাজার এবং ঠিকাদারি ব্যবসা থেকে পান ৮৮ লাখ টাকা।
শফিকুলের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে সোনাডাঙ্গা আবাসিক এলাকায় ৪ কাঠা জমি ও চারতলা বাড়ি। তাঁর অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ ও ব্যাংকে জমা মিলিয়ে ১ কোটি ৫২ লাখ টাকা এবং মধুমতি ব্যাংক লিমিটেড খুলনা শাখায় ৩ কোটি টাকার এফডিআর। খুলনার মেয়র প্রার্থীদের মধ্যে ব্যাংক ঋণেও তিনি শীর্ষে রয়েছেন। মধুমতি ব্যাংকের খুলনা শাখায় তাঁর ঋণের পরিমাণ ৫২ কোটি ২৬ লাখ টাকা। নিজেকে তিনি ‘স্বশিক্ষিত’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই।
ইসলামী আন্দোলনের প্রার্থী বেশি শিক্ষিত:
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বৈধ হওয়া তিন প্রার্থীর মধ্যে শিক্ষায় সবার চেয়ে এগিয়ে রয়েছন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আবদুল আউয়াল। তবে সম্পদ ও অন্য সবকিছুতে পিছিয়ে তিনি। হলফনামায় তিনি পেশার ঘরে লিখেছেন, ‘জামি’আ রশিদিয়া গোয়ালখালী মাদরাসার অধ্যক্ষ ও সাধারণ ব্যবসায়ী।’
ব্যবসা ও শিক্ষকতা থেকে আবদুল আউয়ালের বার্ষিক আয় ৩ লাখ ৩১ হাজার টাকা। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ৩ দশমিক ৫৭ শতক অকৃষিজমি। তাঁর নামে কোনো মামলা নেই।
আগামী ১২ জুন ইভিএমের মাধ্যমে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মেয়র পদে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ১৮ মে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে চারজনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ ছাড়া বিকল্প পন্থা নেই-আব্দুল আউয়াল
খবর বিজ্ঞপ্তি
কেসিসি মেয়র নির্বাচিত হলে শিক্ষার মানোন্নয়ন নিশ্চিতকরণে কাজ করবেন বলে আশ্বস্ত করেছেন চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের মেয়র পদপ্রার্থী মাওলানা আব্দুল আউয়াল। শনিবার সকালে নির্বাচনী কাজের অংশ হিসেবে নগরীর ২৪ নং ওয়ার্ডের জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। এছাড়া তিনি নির্বাচনী চারটি ওয়ার্ড কমিটির মতবিনিময় ও যৌথসভায় অংশগ্রহণ করেন।

আব্দুল আউয়াল বলেন, “বিগত দিনে যারা মেয়রের দায়িত্ব পালন করেছেন তারা নগরীর শিক্ষা ব্যবস্থা নিয়ে পরিকল্পিত কোন পদক্ষেপ গ্রহন করেননি। যে কারণে প্রতিনিয়ত হাজারো শিক্ষার্থী তাদের শিক্ষা জীবন থেকে বিমুখ হচ্ছে। যে বয়সে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা, সেই বয়সে শিশুরা জড়িয়ে পড়ছে নানা রকম শিশুশ্রমে। সুতরাং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ ছাড়া বিকল্প পন্থা নেই বলে উল্লেখ করেন তিনি”

শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, “আমি নির্বাচিত হলে বিভিন্ন স্কুল ও কমিউনিটি সেন্টারে নৈশকালীন শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক শতভাগ সাক্ষরতার হার অর্জন করা হবে। নগরীর দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষন, বিদেশি ভাষা শিক্ষা সহ কারিগরি কোর্সসমূহ চালু করা হবে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ও উচ্চশিক্ষা ঋণ কার্যক্রম চালু করা হবে।”

তিনি আরও বলেন, “সিটি কর্পোরেশনের অধীন স্কুল, কলেজ ও মাদ্রাসা সমূহের আধুনিকায়নে ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরনে বাস্তবমুখী গনশিক্ষা কার্যক্রম জোরদার করা হবে। শিক্ষার মান উন্নয়নের জন্য সকল প্রতিষ্ঠানে মাসিক প্রতিবেদন গ্রহন ও যোগ্য শিক্ষক প্রদানে সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল ধর্মের মানুষের জন্য প্রাথমিক ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা হবে।”

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর কেসিসি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান পরিচালক মোঃ নাসির উদ্দিন, সমন্বয়নকারী মুফতি ইমরান হুসাইন, নির্বাচনী প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, অর্থ সমন্বয়নকারী আবু গালিব, সহ সম্বয়নকারী রবিউল ইসলাম তুষার, মিডিয়া সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান, ফেরদৌস গাজী সুমন, গনসংযোগ সমন্বয়কারী মোঃ সাইফুল ইসলাম, সহ মিডিয়া সমন্বয়ক এস.এম শাহীন হোসেন, সহ মিডিয়া সমন্বয়ক আব্দুল্লাহ আল-মামুন, সহ মিডিয়া সমন্বয়ক এম এ সাদী সহ ওয়ার্ড নেতৃবৃন্দ।