স্টাফ রিপোর্টার।।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে অংশ নিচ্ছে না বিএনপি। ফলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে সাধারণ ভোটাররা মনে করছেন, জাতীয় পার্টির প্রার্থী মো. শফিকুল ইসলাম মধুর পথের কাঁটা হতে পারেন দলেরই সাবেক দুই নেতা। ইতোমধ্যে তারা মেয়র পদে মনোনয়নপত্র কিনেছেন। তারা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করলে দলের কিছু ভোট ‘নষ্ট’ হতে পারে। যদিও দুই সাবেক নেতার একজন সোমবার ঘোষণা দিয়েছেন, তিনি মনোনয়নপত্র কিনলেও নির্বাচন করবেন না। তবে জাতীয় পার্টির প্রার্থীকেও সমর্থন দেবেন না বলে জানান তিনি।
জানা যায়, জাতীয় পার্টির সাবেক নেতা আব্দুল গফ্ফার বিশ্বাস ও কেসিসির গত নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী এসএম মুশফিকুর রহমান মুশফিক মেয়র পদে মনোনয়নপত্র কিনেছেন। গত নির্বাচনে মুশফিকুর রহমান ১০৭২ ভোট পেয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছিলেন।
এদিকে আগের যে কোনো সময়ের চেয়ে খুলনায় জাতীয় পার্টির অবস্থান অনেক ভালো বলে দাবি দলটির নেতাকর্মীদের। তাই নির্বাচনে দলীয় প্রার্থী শফিকুল ইসলাম মধু বিজয়ী হবেন বলেই আশা তাদের। তারা বলছেন, সাবেক দুই নেতা বিশ্বাস ও মুশফিক স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করলেনও ভোটাররা তাদের ডাকে সাড়া দেবেন না। সোমবার দুপুরে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু। পরে তিনি সাংবাদিকদের বলেন, ইভিএমে ভোট হবে। কিন্তু ওয়ার্ড পর্যায়ের ভোটাররা ইভিএম নিয়ে এখনো কিছু জানেন না। এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। তিনি বলেন, বিএনপিকে নির্বাচনে না আনতে পারাও কমিশনের ব্যর্থতা।
জানা যায়, ১৯৮৪ সালের ১২ ডিসেম্বর খুলনা শহরের শতবর্ষপূর্তিতে তৎকালীন প্রেসিডেন্ট পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ খুলনাকে মিউনিসিপাল করপোরেশনে উন্নীত করেন। পরে ১৯৯০ সালের ৬ আগস্ট খুলনাকে সিটি করপোরেশনে উন্নীত করেন তিনি। কেসিসির প্রথম মেয়র ছিলেন তৎকালীন শীর্ষ নেতা কাজী আমিনুল হক। এরপর থেকে বিভিন্ন সময়ে মেয়রের চেয়ার দখলে ছিল বিএনপি ও আওয়ামী লীগের। আগামী ১২ জুন অনুষ্ঠিত নির্বাচনে কেসিসির মেয়র পদে পুনরায় জাতীয় পার্টির নেতাকে দেখতে মরিয়া হয়ে কাজ করছেন দলটির নেতাকর্মীরা। তারা বলছেন, জাতীয় পার্টির আমলেই খুলনায় মেডিকেল কলেজ হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, জাদুঘর, আন্তঃজেলা সড়কসহ নানা উন্নয়ন হয়েছে। তাই পুনরায় নগরবাসীকে সেবা দিতে প্রস্তুত জাতীয় পার্টি।
জাতীয় পার্টির প্রার্থী ও দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম মধু যুগান্তরকে বলেন, তারা দুজনই (আব্দুল গফ্ফার ও মুশফিকুর) দল থেকে বহিষ্কৃত। দলের প্রধান উপদেষ্টার নাম ব্যবহার করে অনেকেই জাতীয় পার্টির ক্ষতি করার চেষ্টা করছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মধু বলেন, খুলনার যত উন্নয়ন তার বেশির ভাগই জাতীয় পার্টির আমলে হয়েছে। এবার জাতীয় পার্টির জোয়ার চলছে। নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে কাজ করতে পারে তবে ভালো ফল পাওয়া যাবে।
এ ব্যাপারে মেয়র প্রার্থী এসএম মুশফিকুর রহমান মুশফিক যুগান্তরকে বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করব। বিএনপির একটি অংশ আমাকে ভোট দেবে। তাছাড়া আওয়ামী লীগে অতিষ্ঠ হয়েও অনেকে আমাকে ভোট দেবে।
আব্দুল গফ্ফার বিশ্বাস সোমবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বলেন, কেসিসির বর্তমান নাজুক অবস্থা দেখে আমি মেয়র পদে নির্বাচন করতে চেয়েছিলাম। মনোনয়নপত্রও কিনেছি। এখন আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে নির্বাচন থেকে সরলেও জাতীয় পার্টিকে সমর্থন দেবেন না বলে জানান তিনি। তিনি নিজেকে জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম-আহ্বায়ক বলে দাবি করেন।











































