মো: তাহের, নড়াইল প্রতিনিধি।।
নড়াইল ও মাগুরা দুই জেলার সীমানায় গুরুত্বপূর্ন একটি সেতু ভেঙ্গে পড়ে আছে দু’বছর ধরে। ঝুঁকি নিয়ে এ সেতু দিয়ে প্রতিদিনই চলাচল করছে হাজারো মানুষ। কিন্তু সেতু সংস্কার বা নতুন করে নির্মাণে কারো কোন মাথাব্যাথা নেই। সেতুটির অবস্থান নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ার ঝামারঘোপ এলাকায়। স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায়,২০০১ সালে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ঝামারঘোপ খালের উপর নির্মিত হয় ১৩ মিটার দৈর্ঘের এই সেতুটি। সরেজমিন ঘুরে জানা যায়, গত কয়েক বছর ধরে সেতুর একপ্রান্তে অর্ধেক জায়গা জুড়ে ধ্বসে যেতে থাকে। ধীরে ধীরে পুরো জায়গায় গর্ত হয়ে ভিতরের রড বের হয়ে পড়ে। দুই বছর আগে একটি ট্রাক চলতে গিয়ে হেলে পড়ে সেতুটি। এরপর স্থানীয় লোকেরা গর্ত হওয়া স্থানে কয়েকটি কাঠের বড় তক্তা দিয়ে ইজিবাইক, ভ্যান আর কৃষিপন্য ঘোড়ার গাড়িতে করে পারাপার করছেন। এছাড়া নসিমন আর ভটভটি চললে কাপতে থাকে সেতুটি, তবুও বাধ্য হয়েই চলছে পারাপার। সেতুর তলদেশের অবস্থা আরো নাজুক। ইটের উপর দাড়িয়ে থাকা সেতুর নীচের দুটো গার্ডার এর একটি ধ্বসে একদিকে হেলে পড়েছে। পিলারের ইটগুলো খুলে সেখানে পাখির বাসা তৈরী হয়ে তাও খসে পড়ছে। স্থানীয় কৃষক রহমত আলী জানান, এপাশের জমির ধান কেটে ঘোড়ারগাড়ি করে বাড়িতে নিতে হয়। প্রতিদিন ই ছোটখাট দূর্ঘটনা ঘটে। ভয়লাগে কথন জানি ব্রীজ ভেঙ্গে নিচে পড়ে যাই,তবুও যেতে হয়। খলিশাখালি গ্রামের বাসিন্দা আকবর মৃধা বলেন, এই ব্রীজ ভাঙ্গা থাকার কারনে আমাদের মিঠাপুর হাটে যেতে ৮ কিলোমিটার পথ ঘুরতে হয়। আমাদের এই দুর্দশা দেখার কেউ নেই। ইসলাম নামে এক যুবক বলেন, আমরা নিজেরাই চলাচলের জন্য কাঠ দিয়েছি, চেয়ারম্যান আর বড় নেতাদের জানানো হয়েছে, কেউ কোন খেয়ালই করেন না এদিকে। আমাদের কোন নেতা আছে বলে তো মনে হয় না। ঝামারঘোপ গ্রামের খলিশাখালী প্রাইমারী স্কুলের ৪র্থ শ্রেনীর ছাত্র বিল্টু দাস জানায়, তারা ভয়ে ভয়ে ব্রীজ পার হয়ে স্কুলে যাই। অনেক সময় ভ্যান যেতে চায় না তাই হেটেও যেতে হয়। জনপ্রতিনিধিরা খোজ রাখেন না এম প্রশ্নের জবাবে লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক উপজেলা আ.লীগ সভাপতি শিকদার হান্নান রুনু বলেন, সেতুটি খুবই ঝুকিপূর্ন অবস্থায় আছে। তারা সকলকে জানিয়েছেন। আর সরকারি কাজতো আস্তে-ধীরে চলে। এ বিষয়ে এলজিইডি লোহাগড়া উপজেলা প্রকৌশলী মো: জসীম সেতুর ঝুকির কথা স্বীকার করে বলেন, সেতু বন্ধ করে দিতে চেয়েছিলাম কিন্ত চেয়ারম্যান সহ স্থানীয়দের চাহিদায় ধান মৌসুম পর্যন্ত রাখা হবে। প্রস্তাবনা পাঠানো হয়েছে সময় লাগবে।











































