Home আঞ্চলিক খুলনা মেডিকেলে লাশ নিয়ে ব্যবসা ওয়ার্ড মাস্টারের

খুলনা মেডিকেলে লাশ নিয়ে ব্যবসা ওয়ার্ড মাস্টারের

17

স্টাফ রিপোর্টার||
নিজ ঘরে রান্না করার সময় অগ্নিদগ্ধ হয়েছিলেন খুলনার দাকোপের রাহেলা বেগম। গত ৩ মে ভোর ৪টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরের দিকে তিনি মারা যান। নিয়ম অনুযায়ী তার মরদেহ হাসপাতালের আন্তবিভাগ থেকে মরদেহ মর্গে পাঠিয়ে দেয়া হয়। পরে রোগীর স্বজনরা মরদেহ ছাড়িয়ে আনতে গিয়ে পড়েন মহাবিপত্তিতে।

রাহেলার মেয়ের জামাই শহিদ উদ্দীন বলেন, ‘লাশঘর থেকে মরদেহ ছাড়াতে আমাদের কাছে ৩ হাজার টাকা দাবি করা হয়। না হলে পোস্টমর্টেম (ময়নাতদন্ত) ছাড়া মরদেহ হস্তান্তর করা হবে না বলে জানিয়ে দেয়া হয়।’

অবশেষে অনেক কাকুতি-মিনতি করে ২ হাজার ৫০০ টাকায় মরদেহ ছাড়ানো হয়। শহিদ উদ্দীন আরও বলেন, ‘শাশুড়িকে হাসপাতালে আনার মতো টাকা আমাদের কাছে ছিল না। ধার করে টাকা নিয়ে হাসপাতালে এসেছিলাম। তার চিকিৎসার জন্য ওষুধ ও অন্যান্য টাকা খরচ করার পর বাড়িতে যাওয়ার টাকাও আমাদের কাছে ছিল না। এই অবস্থায়ও তাদের ঘুষ দিতে বাধ্য হয়েছি।’

শহিদ উদ্দীন বলেন, ‘মর্গের দায়িত্বে থাকা জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে আমি পা ধরে আকুতি জানাই। তখন তিনি আমাকে ওয়ার্ড মাস্টার আতাউর রহমানের কাছে যেতে বলেন। তবে ওয়ার্ড মাস্টারের কাছে গিয়ে আরও বিপদে পড়ি। তিনি সাফ জানিয়ে দেন হয় টাকা দিতে হবে, না হলে জেলা প্রশাসকের (ডিসি) কাছ থেকে অনাপত্তিপত্র আনতে হবে। তা ছাড়া কোনোভাবেই মরদেহ ছাড়া হবে না।’

তিনি আরও বলেন, ‘যখন মরদেহ নিয়ে বের হয়েছিলাম, টাকার কষ্ট ও হাসপাতালের কর্মীদের অমানবিক ব্যবহারের কারণে কাঁদছিলাম। তাই নজরে পড়েছিলাম গোয়েন্দা দলের সদস্যদের। পরে তারা আমার কাছ থেকে বিস্তারিত শুনে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তখন আমাকে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানায়, টাকা উদ্ধার করে পরের দিন বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেয়া হবে। ঠিক পরের দিনই টাকা ফেরত পাই আমি।’

শুধু শহিদ উদ্দীন নন, হাসপাতালের মর্গে যতগুলো মরদেহ যায়, তাদের স্বজনরা টাকা ছাড়া মরদেহ ছাড়াতে পারেন না বলে এ প্রতিবেদককে জানিয়েছেন ওই গোয়েন্দা দলের সদস্যরা। আর এর নেপথ্যে মূল ভূমিকা থাকে ওয়ার্ড মাস্টার আতাউর রহমানের। মরদেহপ্রতি দাবি করা হয় ৩ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওয়ার্ড মাস্টারের যোগসাজশে জাহাঙ্গীর নামে যে ব্যক্তি টাকা গ্রহণ করেন, তিনি হাসপাতালের কোনো কর্মী নন। ওয়ার্ড মাস্টার তাকে ফ্রি সার্ভিস কর্মী নামে নানা কাজে নিয়োজিত রাখেন।

হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে জানা গেছে, আন্তবিভাগে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ জনের মতো রোগী ভর্তি থাকেন। এর মধ্যে প্রতিদিন ১৫ থেকে ৩০ জনের মতো রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর মধ্যে সড়ক দুর্ঘটনা, ছাদ থেকে পড়ে যাওয়া, আত্মহত্যা করা, আগুনে পোড়া, পানিতে ডুবে যাওয়া মরদেহ সরাসরি রোগীর স্বজনের কাছে হস্তান্তর করে তা মর্গে পাঠানো হয়। সেখানে রোগীর স্বজনরা হয়তো পোস্টমর্টেমের পরে বা জেলা প্রশাসকের কাছ থেকে অনাপত্তিপত্র এনে মরদেহ নিয়ে যান।

তবে কিছু মরদেহ, যেমন নিজ ঘরে আগুনে পোড়া, ছাদ থেকে পড়ে যাওয়া ও পানিতে ডুবে যাওয়ার ক্ষেত্রে বা জেলা প্রশাসকের অনাপত্তি না নিয়েও হাসপাতাল থেকে মরদেহ ছাড় করা হয়। মৃত্যুর কারণ ও পরিবারের অভিযোগ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ ছেড়ে দিতে আপত্তি করে না। এই সুযোগটাই ব্যবহার করেন ওয়ার্ড মাস্টার আতাউর রহমান।

খুমেক হাসপাতালের মর্গে মরদেহ আটকে রেখে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়া নতুন কোনো ঘটনা নয়। এর আগে ২০২১ সালে দুর্নীতি দমন কমিশনের অভিযানকালে এর সত্যতা মিলেছিল। যার কারণে ওই সময়ে ওয়ার্ড মাস্টারের বিরুদ্ধে তৎকালীন পরিচালক ডা. এ টি এম মঞ্জুর মোর্শেদ স্বাস্থ্য অধিদপ্তরে লিখিতভাবে অভিযোগ দাখিল করেছিলেন।

হাসপাতালের কিছু নথি পর্যালোচনা করে দেখা গেছে, ২০২০ সালের ১৬ নভেম্বর বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকায় ওয়ার্ড মাস্টার মো. আতাউর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। সেই অভিযোগে উল্লেখ করা হয়, একজন সরকারি কর্মচারী হয়ে অন্য নামে খুমেক হাসপাতালে দীর্ঘদিন ধরে তিনি পথ্য ঠিকাদারি কাজ করছেন এবং মালামাল সরবরাহের ক্ষেত্রে অনিয়ম করছেন।

এ ছাড়া ২০২১ সালে তার বিরুদ্ধে চতুর্থ শ্রেণি কর্মচারী ও আউটসোর্সিং কর্মচারীর ডিউটি রোস্টার করে বিভিন্ন কর্মচারীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে। সে সময় তাকে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় থেকে খুলনা জেনারেল হাসপাতালে বদলি করা হয়। তবে কিছুদিনের মধ্যেই প্রভাব খাটিয়ে তিনি ফের খুমেক হাসপাতালে যোগদান করেন।

এসব ব্যাপারে জানতে চাইলে ওয়ার্ড মাস্টার মো. আতাউর রহমান বলেন, ‘হাসপাতাল তো আমি একা চালাই না। এখানে পরিচালক আছেন, উপপরিচালক আছেন, তত্ত্বাবধায়ক আছেন। তারা হাসপাতালের মূল দায়িত্বে, আমি তো শুধু ছোট একটি দায়িত্ব পালন করি। আমি অনিয়ম করলে তারা কি আমাকে ছেড়ে দেবেন?’

আগের পরিচালক তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে লিখিত অভিযোগ করেছিলেন- এ ব্যাপারে তিনি বলেন, ‘ওই পরিচালক নিজেই একজন দুর্নীতিবাজ। তিনি অবসরে যাওয়ার আগে ২২ কোটি টাকা আত্মসাৎ করেছেন। তিনি আমার বিরুদ্ধে কী অভিযোগ দেবেন?’

মরদেহ জিম্মি করে টাকা নেয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমি করি না। গত ৩ মের ঘটনাটা ডোমরা করেছিল। পরে সেই টাকা তারা ফেরত দিয়েছে। এখানে আমার কোনো দোষ নেই’।

হাসপাতালের উপপরিচালক (ভারপ্রাপ্ত) নিয়াজ মুস্তাফি চৌধুরী বলেন, ‘ওয়ার্ড মাস্টার মো. আতাউর রহমানকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। তবে তার দুর্নীতি কমানো যাচ্ছে না। অভিযোগ নিয়ে তিনি বদলি হলেও কিছুদিনের মধ্যে আবারও এই হাসপাতালে ফিরে আসেন। কয়েক দিন আগের মরদেহ আটকে টাকা নেয়া ঘটনায় আলোড়ন সৃষ্টির ঘটনাটি পরিচালককে জানানো হয়েছে। বাকি ব্যবস্থা নেয়ার দায়িত্ব তার।’

খুমেক হাসপাতালের পরিচালক রবিউল হাসান বলেন, ‘মরদেহ আটকে টাকা দাবি করা একটি জঘন্য ঘটনা। সে যদি এটা করে, তবে শাস্তি পেতে হবে।’