Home আঞ্চলিক খুলনায় ‘মোখা’র জন্য প্রস্তুত ১১৬ মেডিক্যাল টিম, ৫২৮০ স্বেচ্ছাসেবক

খুলনায় ‘মোখা’র জন্য প্রস্তুত ১১৬ মেডিক্যাল টিম, ৫২৮০ স্বেচ্ছাসেবক

14

স্টাফ রিপোর্টার||
ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় খুলনায় ১১৬টি মেডিক্যাল টিম এবং ৫ হাজার ২৮০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত করা হচ্ছে ৪০৯টি আশ্রয় কেন্দ্র। সার্বিক প্রস্তুতি নিয়ে বৃহস্পতিবার (১১ মে) বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এ সব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। তিনি জানান, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য ৪০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করার পাশাপাশি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রয়োজনের সময় দ্রুত খুলে দেওয়ার সব রকমের প্রস্তুতি নিতে বলা হয়েছে। বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছে।

সভায় জানানো হয়, খুলনার ৯ উপজেলায় ৪০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে মাল্টিপারপাস আশ্রয়কেন্দ্র রয়েছে ২৪টি এবং ৩৮৫টি স্কুল কাম আশ্রয়কেন্দ্র রয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ২ লাখ ৭৩ হাজার ৮৫০ জন মানুষ আশ্রয় নিতে পারবেন। এর মধ্যে দাকোপ উপজেলায় ১১৮টি, কয়রায় ১১৭টি, বটিয়াঘাটায় ২৭টি, পাইকগাছায় ৩২টি, ডুমুরিয়ায় ২৫টি, রূপসায় ৩৯টি, ফুলতলায় ১৩টি ও দিঘলিয়ায় ১৬টি আশ্রয়কেন্দ্র রয়েছে। পাশাপাশি স্থানীয় অন্য স্কুল-কলেজগুলোকে প্রস্তুত করা হচ্ছে। প্রয়োজন হলে সেখানেও লোকজনকে আশ্রয় দেওয়া সম্ভব হবে।

খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল করিম জানান, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। বিপদ সংকেত জারি হলে তারা এলাকায় মাইকিং করবেন। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকতে বলা হয়েছে। কয়রা, দাকোপ ও পাইকগাছায় ৫ হাজার ২৮০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুতি গ্রহণ করছেন। জরুরি ত্রাণ সহায়তা হিসেবে জিআর খাদ্যসামগ্রী, ৪০০ বান্ডিল টিন, ১০ লক্ষাধিক টাকা প্রস্তুত রাখা হয়েছে।

খুলনার সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. সাদিয়া মনোয়ারা উষা জানান, ১১৬টি মেডিক্যাল টিম প্রস্তুত করা হয়েছে। প্রতিটি উপজেলায় ৫টি করে মেডিক্যাল টিম, প্রতিটি ইউনিয়নে একটি টিম রাখা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক অ্যাম্বুলেন্স ও নৌ সার্ভিস প্রস্তুত রাখা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড খুলনা ২-এর নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, ‘খুলনার দাকোপ, পাইকগাছা, বটিয়াঘাটা ও কয়রায় ৬৩০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ১৮টি পয়েন্টে ৭ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে।’

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজাদ বলেন, ‘বর্তমানে ঘূর্ণিঝড়ের গতিপথ ভারতের উড়িষ্যা, বাংলাদেশের সাতক্ষীরা ও খুলনামুখী রয়েছে। ১২ মে গতিপথ পরিবর্তন হতে পারে। পরিবর্তন হলে মোখা মিয়ানমার ও কক্সবাজারমুখী হতে পারে। মোখার মূল গতিপথ ১২ মে আমরা নিশ্চিত হতে পারবো। আর চূড়ান্ত আঘাতের ৪৮ ঘণ্টা আগে আমরা বিপদ সংকেত জানাতে পারবো।’

তিনি জানান, ঝড়ের প্রভাবে হালকা বাতাস ও ভারী বৃষ্টি হতে পারে। ১৩ মে থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।