বাগেরহাট প্রতিনিধি।।
জেলার রামপাল উপজেলার কাপাসডাঙ্গা। এ এলাকার পশুর নদের পাড়ে কৈগরদাসকাঠি চরে বহু বছর ধরে বাস করে সহস্রাধিক ছিন্নমূল মানুষ। এখানকার বাসিন্দাদের স্থায়ী ঘরবাড়ি নেই; নেই কর্মসংস্থানের ব্যবস্থাও। নদীতে মাছ ধরে তাদের জীবন চললেও আগের মতো আর মাছ মিলছে না। নেই সুপেয় পানির ব্যবস্থা। আরও নানা সমস্যায় এখানে জীবনের পরাজয়ের চিহ্ন স্পষ্ট।
পরিবারগুলোর চরম সংকটে অনেক শিশু বিদ্যালয়ে না গিয়ে উপার্জনমূলক কাজ করে। নারী ও মেয়েশিশুরা সবসময় নিরাপত্তাহীনতায় ভোগে। মিকাইল শেখ আর তহমিনা বেগম দম্পতি এই হতভাগ্য জনগোষ্ঠীরই অংশ। দুই সন্তানসহ চার সদস্যের পরিবারের রাত কাটে সাড়ে পাঁচ ফুটের ঝুপড়ি ঘরের মধ্যে একটি পাটিতে। নেই পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা। মাটির চুলায় চলে রান্নার কাজ। বৃষ্টি হলেই পানিতে ভিজে যায় সবকিছু। খেয়ে না-খেয়ে থাকতে হয় দিনের পর দিন। একই চিত্র চরের প্রায় প্রতিটি পরিবারে।
কৈগরদাসকাঠি চরের বাসিন্দারা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। নদীতে মাছ কমে যাওয়ায় তিন বেলা খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। চরের অদূরেই রামপাল বিদ্যুৎকেন্দ্র। স্থানীয়দের মতে, বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য নদীতে পড়ার পর থেকে মাছ কমতে শুরু করে। সারাদিন মাছ ধরেও সংসার চালানোর খরচ ওঠে না তাদের।
চরের খাসজমিতে ঘর বেঁধে দীর্ঘদিন ধরে বসবাস করছেন মো. মুজাহিদ। নদীতে মাছ ধরাই তাঁর একমাত্র কাজ। তিনি বলেন, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জাল টেনে মাত্র ১২০ টাকার মাছ ধরেছেন। পাঁচজনের পরিবার এই টাকায় চলে না।
তালাকপ্রাপ্ত রাশিদা বেগম তাঁর মেয়ে, ছেলে ও মাকে নিয়ে থাকেন একটি ঘরে। মানুষের বাড়ি কাজ করে, ভিক্ষা চেয়ে কিংবা নদীতে মাছ ধরে কোনো রকমে দিন কাটে তাঁর।
রাশিদা বলেন, দৈনিক খাবারের টাকা রোজগার হয় না। কোনো কোনো বেলা না খেয়ে থাকতে হয়।
দীর্ঘদিনেও এই এলাকায় গড়ে ওঠেনি স্বাস্থ্যকেন্দ্র। প্রাথমিক চিকিৎসার জন্যও ছুটতে হয় দূরের চিকিৎসাকেন্দ্রে। যাতায়াতের তেমন যানবাহন না থাকায় দুর্ভোগের শেষ থাকে না।
সুপেয় পানির জন্য একটি মাত্র টিউবওয়েলের ওপর নির্ভরশীল পুরো চরের মানুষ। বেশিরভাগ সময় নষ্ট থাকে টিউবওয়েলটি। তখন নদী ও পুকুরের পানির ওপর নির্ভর করতে হয় তাদের। ফলে পানিবাহিত নানা রোগে ভোগে তারা।
চরের বাসিন্দা তানিয়া বেগম জানান, এক কলসি পানির জন্য টিউবওয়েলে পানি ঢেলে ২০ মিনিট ধরে চাপতে হয়। পানি না উঠলে পুকুর-নদীর লবণপানি দিয়েই চাহিদা মেটাতে হয়। বর্ষার পানি সারা বছর ধরে রেখে খাওয়ার জন্য সরকারের কাছে একটি বড় ট্যাঙ্কের দাবি জানান তিনি।
এরশাদ গাজী বলেন, বছরে চার থেকে পাঁচ মাস গোসল, রান্না ও খাওয়ার কাজে লবণপানি ব্যবহার করতে হয়। এই পানি খেয়ে শিশুসহ অনেকেই পেটের পীড়ায় ভোগে।
স্থানীয় কাপাসডাঙ্গা কৈগরদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে ভর্তি শিক্ষার্থীর সংখ্যা ৭৫ জন হলেও দৈনিক হাজিরা দেয় ৪০-৪২ জন।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হাসানের নিয়মিত বিদ্যালয়ে আসার প্রবল ইচ্ছা। কিন্তু প্রতিদিন সকালে উঠেই বাবার সঙ্গে নদীতে যেতে হয়। এরপর যেতে হয় গরুর ঘাস কাটতে। এভাবে বেলা গড়িয়ে দুপুর হয়ে যায়। সময় থাকে না বিদ্যালয়ে যাওয়ার। সোনিয়া ও আয়েশা দুই বোন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে মোটামুটি নিয়মিতই আসত। কিন্তু কিছুদিন আগে তাদের বাবা উজ্জ্বল তাদের নিয়ে ইটভাটার কাজে চলে গেছেন।
এই স্কুলের প্রধান শিক্ষক রেপোনা খাতুন বলেন, অনেক শিশুই বিদ্যালয়ে না এসে কাজকর্ম করে। পরীক্ষার সময় এসে কেউ কেউ পরীক্ষা দেয়। নিরাপত্তাহীনতায় নারীরা : বিভিন্ন সময় এই চরে যৌন নিপীড়নের মুখে পড়ছে নারী, কিশোরী ও মেয়েশিশুরা। বাড়িতে কেউ না থাকার সুযোগে গত মাসে স্থানীয় এক বখাটে দরজা ভেঙে ঢুকে গৃহিণীকে জড়িয়ে ধরে। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় বখাটে। এ ছাড়া লুটপাটের ঘটনাও ঘটে। এতে নিরাপত্তাহীনতায় থাকে নারীরা।
স্থানীয় ৪ নং ওয়ার্ডের সদস্য এসএমএ হালিম বলেন, চরের মানুষদের অবস্থা নাজুক। তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনিক হস্তক্ষেপ দরকার।
রামপালের ইউএনও নাজিবুল আলম বলেন, চরের বাসিন্দাদের জন্য কাছেই আশ্রয়ণের ৭০টি ঘর নির্মাণের কাজ চলছে। অগ্রাধিকার ভিত্তিতে ভূমিহীনদের ঘর বরাদ্দ দেওয়া হবে। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্র, পানির সমস্যা দূরীকরণ এবং নিরাপত্তা নিশ্চিতের বিষয়েও পরিকল্পনা রয়েছে।











































