Home আঞ্চলিক পুলিশ কর্মকর্তার সহযোগিতায় গাছ লুটের অভিযোগ

পুলিশ কর্মকর্তার সহযোগিতায় গাছ লুটের অভিযোগ

14

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।।
খুলনার ডুমুরিয়ায় এক এএসআইয়ের সহযোগিতায় এক বিধবার প্রায় দেড় লাখ টাকার গাছ প্রতিপক্ষরা কেটে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ৫ মে উপজেলার মির্জাপুর গ্রামে। এর আগে গত ১৮ এপ্রিল ইউএনওর হস্তক্ষেপে ভূমিহীন ওই বিধবা মাধবী সরদার অবৈধ দখলে থাকা ৫০ শতাংশ জমি ফিরে পান।

জানা গেছে, উপজেলার মির্জাপুর গ্রামের মৃত কৃষ্ণপদ সরদারের স্ত্রী মাধবী সরদার (৫০) ভূমিহীন হিসেবে ১৯৯৩-৯৪ সালে সরকারের ৫০ শতাংশ জমি বরাদ্দ পান। বিধবা তাঁর জমিতে বনজ, ফলদ বৃক্ষরোপণসহ চাষাবাদ করে জীবিকার নির্বাহ করছিলেন। ২০১৫ সালের প্রথম দিকে একই এলাকার প্রভাবশালী গণেশ বৈরাগীসহ কয়েকজন ওই বিধবাকে উচ্ছেদ করে জমি দখলে নেয়। এ ঘটনায় ওই বিধবা স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতার দ্বারস্থ হয়েও জমির দখল পাননি।
সম্প্রতি কয়েকজনের সহযোগিতায় মাধবী সরকার ১২ এপ্রিল জমি উদ্ধারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন। ১৬ এপ্রিল দু’পক্ষের কাগজ পর্যালোচনা করে মাধবী সরদারের পক্ষে রায় দেন ইউএনও এবং ১৮ এপ্রিল জায়গাটি দখল বুঝিয়ে দেওয়া হয়।

জমিতে তাঁর রোপণ করা গাছ কেটে নেওয়ার শঙ্কায় মাধবী সরদার গত ২২ এপ্রিল আদালতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আদালত ২ মে ওই জমিতে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেন।

বিধবা মাধবী সরদার ও স্থানীয় ইউপি সদস্য আসমা পারভিন অভিযোগ করেন, আদালতের নির্দেশনা উপেক্ষা করে ৫ মে গণেশ বৈরাগী ও শংকর বৈরাগীর নেতৃত্বে ৫০-৬০ জন মাধবীকে জিম্মি করে জমির গাছ কাটতে শুরু করে। এ সময় গ্রামবাসী বিষয়টি থানা পুলিশকে জানায়। পরে থানার এএসআই রমজান আলী ঘটনা স্থলে এসে সব ঘটনা জেনে উল্টো মাধবীকে ধমকান। পরদিন প্রতিপক্ষরা ৩৭টি গাছসহ ১২০টি বাঁশ কেটে নিয়ে যায়। যার মূল্য দেড় লাখ টাকারও বেশি। স্থানীয় ব্যবসায়ী করিম হাওলাদারের ভাষ্য, ইউএনওর হস্তক্ষেপে বিধবা জমি ফিরে পেছেন, কিন্তু দারোগা রমজান আলীর রহস্যজনক ভূমিকায় গাছগুলো রক্ষা হয়নি।

সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গণেশ বৈরাগী দাবি করেন, জমি তাদের দখলে ছিল। কিন্তু ইউএনওর রায়ের পরিপ্রেক্ষিতে দখল ছেড়ে দিয়েছেন। এএসআইর সঙ্গে কথা বলে কিছু গাছ কেটে নিয়েছেন।

এএসআই রমজান আলী বলেন, গাছ কাটার বিষয় কাউকে সহযোগিতা করেননি। কাউকে ধমকানো হয়নি বলে দাবি করেন তিনি।

ইউএনও মো. শরীফ হাসিব রহমান বলেন, ‘দায়বদ্ধতার জায়গা থেকে বিধবাকে সহযোগিতা করার সুযোগ পেয়েছি। কিন্তু গাছ কাটার বিষয়টি দুঃখজনক। খোঁজ নিয়ে বিষয়টি দেখছি।’