Home জাতীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা: রিজভী

প্রধানমন্ত্রীর নির্দেশে জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা: রিজভী

43

 

ঢাকা অফিস।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কর্নেল খন্দকার নাজমুল হুদা হত্যা মামলায় জিয়াউর রহমানকে হুকুমের আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১২ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ অভিযোগ করেন তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ কারাবন্দি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে ঢাকা-১২ আসনের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।

রুহুল কবীর রিজভী বলেন, গতকাল জিয়াউর রহমানের বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছে। মামলাটি প্রধানমন্ত্রীর নির্দেশে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে, শেখ হাসিনা সরকার এখন ডুবুডুবু অবস্থায়। এই ডুবন্ত অবস্থা থেকে জনগণকে বিভ্রান্ত করার জন্য এ মামলা দিয়েছে। যিনি মামলা দিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা শহিদ কর্নেল খন্দকার নাজমুল হুদার মেয়ে। কর্নেল হুদার স্ত্রী একটা বই লিখেছেন, সে বইটাও পড়ে দেখেননি মেয়েটি। খালেদ মোশাররফ ও কর্নেল হুদাকে সুরক্ষিত করার জন্য জিয়াউর রহমান নির্দেশ দিয়েছিলেন। অথচ নিজের মায়ের কথা অগ্রাহ্য করে শেখ হাসিনার কথায় মামলা দায়ের করলেন। জনগণ এটাকে কিভাবে নিচ্ছেন?

টাকা দিলে নিয়েন, কিন্তু পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, প্রধান নির্বাচন কমিশনারের এ বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান এই কথা কিভাবে বলতে পারেন—কালো টাকা দিলে নিয়েন? কারণ, আপনি শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত, আওয়ামী লীগের চেতনায় অনুপ্রাণিত। আপনি লুটপাটের চেতনায় অনুপ্রাণিত, তাই কালো টাকা আপনি নিতে বলেন। আপনি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান, আপনি কালো টাকা নিতে বললেন কেন? এই দেশে যাতে কালো টাকা থেকে মুক্ত হয়ে জনগণ স্বচ্ছভাবে ভোট দিতে পারে, আপনার তো সেই দায়িত্ব। আর আপনি বলছেন, কালো টাকা দিলে নিয়েন, আর স্বাধীনভাবে ভোট দিবেন। এই অনৈতিক কথার জন্যই কাজী হাবিবুল আউয়ালের পদত্যাগ করা উচিত।

গ্রেপ্তারকৃত বিএনপি নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান এই নেতা। তিনি বলেন, বিনাদোষে কারাগারে আটক রাখা হচ্ছে বিএনপির নেতাকর্মীদের। তাদের সাথে কারাগারেও অন্যায় করা হচ্ছে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু , যুবদলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, যুবদল নেতা আব্দুল খালেদ হাওলাদার, হুমায়ুন কবির আহমেদ, শাখাওয়াত হোসেন, মনিরুল জামান মনির, একরামুল হক সুমন, কামাল হোসেন প্রমুখ।