Home জাতীয় বিভ্রান্তি সৃষ্টি না করে গণআন্দোলনের প্রস্তুতি নিন: গণতন্ত্র মঞ্চ

বিভ্রান্তি সৃষ্টি না করে গণআন্দোলনের প্রস্তুতি নিন: গণতন্ত্র মঞ্চ

34

ঢাকা অফিস।।

বিভ্রান্তি সৃষ্টি না করে গণআন্দোলনের প্রস্তুতি নিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা বলেছেন, আন্দোলন আসন্ন। কেবল ক্ষমতার বদল নয়, বরং রাষ্ট্র সংস্কার নিশ্চিত করতে হবে।

শুক্রবার (১২ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন মঞ্চের সিনিয়র নেতারা। এ সমাবেশকে কেন্দ্র করে পল্টন মোড় থেকে প্রেস ক্লাবের দিকে আসার সড়কটি বন্ধ করে দেয় পুলিশ।

১৪ দফা দাবিতে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম। বক্তব্য রাখেন—নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।

মাহমুদুর রহমান মান্না বলেন, বেশি খারাপ পরিণতি না চাইলে ক্ষমতা থেকে সরে যান। আপনাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ক্ষমতায় রেখে বিরোধী দল কোনো নির্বাচনে যাবে না। ডিসেম্বরের মধ্যে গায়ের জোরে নির্বাচন করবেন, এবার সেটা আমরা হতে দেবো না। হয় যান, নয় নিদারুণ পরিণতির জন্য প্রস্তুত থাকুন।

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে মান্না বলেন, ‘কী পেয়েছেন এই সফর থেকে। প্রতিবার বিদেশ সফর শেষে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন, সংবাদ সম্মেলন করেন, এবার তো কিছুই করলেন না।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গত ১৪ বছরে এত পাপ করেছেন যে, আপনাদের নৌকা আর সেই বোঝা বহন করতে পারবে না। বুড়িগঙ্গায় ঝাঁপ নিয়েও নিজেদের রক্ষা করতে পারবেন না। সিরাতুল মোস্তাকিমের পথে (সোজা পথ) হাঁটুন।

সাইফুল হক বলেন, ফন্দি আঁটছেন আরেকটি তামাশার নির্বাচন করার জন্য। এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। এসব স্বপ্ন আর বাস্তবায়ন হবে না। মানুষ এখন রাজপথে নেমে এসেছে।

বিরোধী দলের প্রতি সাইফুল হক বলেন, আমরা যারা বিরোধী দলে আছি, যারা যুগপৎ আন্দোলনে আছি, তাদের উদ্দেশ্যে বলব, তীরে এসে যেন তরী না ডোবে। সকল সংকীর্ণ চিন্তা পরিহার করে আন্দোলন গড়ে তুলতে হবে।

গণঅধিকার পরিষদের মঞ্চ ত্যাগের বিষয়ে সাইফুল হক বলেন, আমাদের মঞ্চ ছেড়ে গেছে একটি দল। তারা কেন চলে গেল, জানি না। আন্দোলন যখন চলে, তখন নানা ধরনের ঘাঁপটিবাজ ও সুবিধাবাদী থাকে। আগামী কোরবানির ঈদে কোরবানির পশুর মতো ঘাঁপটিবাজদের কোরবানি হয়ে যাবে।

ক্ষমতাসীন সরকারের উদ্দেশে জোনায়েদ সাকি বলেন, আসন্ন গণঅভ্যুত্থান ঠেকাতে পারবেন না। যারা মনে করছেন, ঘরে বসে থাকবেন; তাদের বলছি, মানুষ ঘরে-ঘরে গিয়ে ধাওয়া দেবে। সেজন্য প্রস্তুত থাকেন।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে সাকি বলেন, আন্দোলনের প্রস্তুতি নিন। মাঠে আপনাদের নামতেই হবে। দেশের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। মাত্র একটি পরিবারের স্বার্থ রক্ষার জন্য তারা পুরো দেশকে বিভাজিত করে রেখেছেন।

ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে দেওয়া বক্তব্যের বিষয়ে সাকি বলেন, এখনই আপসের কথা আসছে। এখনও তো আন্দোলন শুরু করিনি।

চলমান এ আন্দোলন কেবল ক্ষমতার পরিবর্তন নয়, উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, বিএনপিসহ সকল বিরোধী দলের প্রতি আহ্বান থাকবে, কোনোভাবে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করবেন না। এ দেশের গতিপথ নির্ধারিত হয়ে গেছে। এই সরকারকে পদত্যাগ করতেই হবে। ক্ষমতায় ভারসাম্য আনতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন—জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের তাসলিমা আকতার প্রমুখ।