Home আঞ্চলিক খুবি উপকেন্দ্রে ঢাবির ‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি প্রায় ৯৪%

খুবি উপকেন্দ্রে ঢাবির ‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি প্রায় ৯৪%

13

খবর বিজ্ঞপ্তি।।

আজ ১২ মে (শুক্রবার) খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত এ ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও রেভারেন্ড পলস্ হাই স্কুলে অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় ৭৮৩০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিলো প্রায় ৯৪ শতাংশ।
এদিকে ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে পরীক্ষা চলাকালে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন হল পরিদর্শন করেন এবং কন্ট্রোল রুমে যান ও পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরীক্ষার হল পরিদর্শনকালে উপাচার্যের সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসেন আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী ও ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
এছাড়া আগামীকাল ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় ২৬০০০০১ থেকে ২৬০২১৭০ পর্যন্ত মোট ২ হাজার ১৬৫ জন পরীক্ষার্থীর আসন রয়েছে।

আগামীকাল খুবিতে মোবাইল অ্যাপ, গেইম ও জব ফেস্টিভ্যাল

খুলনা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় আগামীকাল ১৩ মে (শনিবার) অনুষ্ঠিত হবে মোবাইল অ্যাপ, গেইম ও জব ফেস্টিভ্যাল-২০২৩। দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের লক্ষ্যে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় ‘মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের উদ্যোগে এ ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে। এ ফেস্টিভ্যালে খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।
এদিন বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘স্মার্ট ক্যারিয়ার উইথ অ্যাপ এন্ড গেম’, ‘প্রেজেন্টেশন অন শর্ট লিস্টেড গেম এন্ড অ্যাপ আইডিয়া’, ‘র‌্যাফেল ড্র এন্ড মোটিভেশনাল স্পিস’, ‘স্পিস বাই চিফ গেস্ট এন্ড অ্যাওয়ার্ড গিভিং’ এবং ‘অ্যানিমেশন মুভি স্ক্রিনিং’ শীর্ষক ৬টি সেশন অনুষ্ঠিত হবে। এছাড়া সন্ধ্যা ৭টা পর্যন্ত শিক্ষার্থীদের সিভি গ্রহণ ও জব ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে ২.৩০ মিনিট পর্যন্ত অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।