মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
ঘূর্ণিঝড় মোখা’র তেমন কোন প্রভাব এখনও পড়তে শুরু করেনি বঙ্গোপসাগর ও সুন্দরবন উপকূলীয় মোংলায়। শুক্রবার সকাল থেকে আকাশের কোথাও কোথাও মেঘ থাকলেও নেই কোন বাতাস-বৃষ্টি। বরং মেঘলা আকাশের কারণে গরমের তীব্রতা আরো যেন বেড়েছে। গুমোট ও ভ্যাপসা গরমে অস্তির হয়ে পড়েছেন এখানকার জনজীবন। ঘূর্ণিঝড়ের প্রভাব না থাকায় জনজীবন স্বাভাবিকভাবে চলছে। বন্দরে অবস্থানরত দেশী-বিদেশী বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহণের কাজ স্বাভাবিক রয়েছে। মোংলার পশুর ও মোংলা নদী দিয়ে সকল ধরণের নৌযান চলাচলও খেয়া পারাপারও চলছে আগের মতই। মোখা’র কোন ভীতি যেন নেই স্থানীয়দের মাঝে। তবে আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো: হারুন অর রশিদ বলেন, চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে বৃষ্টিপাত না হওয়া পর্যন্তই। মোংলা সমুদ্র বন্দরসহ উপকূলীয় এলাকায় আকাশে মেঘ আসবে, তবে আগামী ১৩ ও ১৪মে’র আগে এ এলাকা বৃষ্টিপাতের তেমন কোন সম্ভাবনা নেই বলেও জানান তিনি। আর ওই সময়ে বৃষ্টিপাত হলেও তা পরিমাণে কম হওয়ারই সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।
চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকলেও মোখা’র প্রভাবে সুন্দরবনের নদ-নদীতে স্বাভাবিকের তুলনায় দেড় থেকে দুই ফুট পানি বৃদ্ধি পেয়েছে। সেই সাথে সাগর ও নদী উত্তাল রয়েছে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বনবিভাগের কর্মকর্তা মো: আজাদ কবির।











































