খুলনাঞ্চল ডেস্ক।।
আল-কাদির ট্রাস্ট মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তারকে বৃহস্পতিবার অবৈধ ঘোষণা করে তাকে দ্রুত মুক্তির নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সুপ্রিমকোর্ট। দেশটির শীর্ষ আদালত সাবেক প্রধানমন্ত্রীকে ইসলামাবাদ হাইকোর্টেও হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। আদালতে ইমরানের গ্রেপ্তারের বিরুদ্ধে আবেদনের শুনানির পর পাকিস্তানের প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়াল এ নির্দেশ দেন।
এর আগে প্রধান বিচারপতিসহ তিন সদস্যের সুপ্রিমকোর্ট বেঞ্চ ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোকে ইমরান খানকে কোর্টে হাজির করার নির্দেশ দেন। অন্য দুই বিচারপতি হলেন- বিচারপতি মোহাম্মদ আলি মাজহার ও বিচারপতি আতাহার মিনাল্লাহ। এর আগে ৯ মে ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে গেলে দেশটির আধাসামরিক রেঞ্জারস বাহিনী তাকে গ্রেপ্তার করে। বিবিসি ও ডন।
শুনানির সময় পাকিস্তানের প্রধান বিচারপতি বলেন, আদালত আজকে একটি যথার্থ আদেশ ইস্যু করবেন। তিনি আরও বলেন, আদালত এ বিষয়ে খুবই আন্তরিক। পরবর্তীতে স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটের কিছু পরে কঠোর নিরাপত্তার মধ্যে ইমরানকে আদালতে হাজির করা হয়। ঘটনাস্থলে উপস্থিত থাকা ডনের এক প্রতিবেদক বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে
জাজেস গেট দিয়ে সুপ্রিমকোর্টের ভেতরে নেওয়া হয় । এর আগে কোর্ট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শুনানিস্থলে শুধু আইনজীবী ও সাংবাদিকদেরই প্রবেশের অনুমতি ছিল। এদিকে পিটিআই নেতারা সমর্থকদের কোর্টের বাইরে অবস্থান নিতে বলেন।
ইমরানের উপস্থিতির পর কোর্টে শুনানি শুরু হলে প্রধান বিচারপতি তাকে বেদিতে অবস্থান নিতে বলেন এবং বলেন, আপনাকে দেখে ভালো লাগছে। তিনি আরও বলেন, আপনার গ্রেপ্তারের পর ব্যাপক সহিংসতা হয়েছে। আমরা দেশে শান্তি চাই। প্রধান বিচারপতি ৯ মে ইমরানের ইসলামাবাদ হাইকোর্টে বায়োমেট্রিক কোর্টরুমে উপস্থিত হওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করেন। তিনি জানান, যখন একজন ব্যক্তি আদালতে আসেন তার মানে তিনি আদালতে আত্মসমর্পণ করেছেন।
বিচারপতি বান্দিয়াল তখন মন্ত্যব্য করেন যে, ইমরানের গ্রেপ্তার অবৈধ ছিল এবং নির্দেশ দেন ইসলামাবাদ হাইকোর্টে যেতে। তিনি বলেন, আপনাকে হাইকোর্টের সিদ্ধান্ত মানতে হবে। প্রধান বিচারপতির আদেশ পাশের পর কোর্টে থাকা অবস্থায় ইমরান বলেন, কোনো কারণে দেশের ক্ষতি হওয়া উচিত নয় এবং তিনি তার সমর্থকদের শান্ত থাকতে বলেন। তিনি আগের কথাই আবার বলেন, আমরা দেশে শুধু নির্বাচন চাই। এর আগের দিন তিনি তার আইনজীবীদের জানিয়েছেলেন যে, দেশে স্বৈরতন্ত্র চলছে।
তিনি বিচারপতিকে জানান, তাকে ইসলামাবাদ হাইকোর্ট থেকে অপহরণ করা হয় এবং লাঠি দিয়ে আঘাত করা হয়। এর আগে তিনি অভিযোগ করেছিলেন তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হতে পারে।
ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ২ হাজার জনকে আটক করা হয়েছে। তার গ্রেপ্তারের পর সেনাবাহিনী ও তার মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ইমরান গত বছরের এপ্রিলে আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারান।
২০২২ সালের নভেম্বরে এক বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার সময় তার ওপর গুলির ঘটনা ঘটে। তিনি অভিযোগ করেন- গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ কর্মকার্তার ইঙ্গিতে ওই হামলা হয়। তবে সেনাবাহিনী এ অভিযোগ কঠোরভাবে প্রত্যাখান করে।











































