স্টাফ রিপোর্টার।।
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনা নগরবাসীর মৌলিক চাহিদা হিসেবে স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তরিকতার সঙ্গে কাজ করছি। নগর স্বাস্থ্য ভবনে প্রতিদিন বিনামূল্যে দরিদ্রদের চিকিৎসা প্রদানের পাশাপাশি ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার’ প্রকল্পের আওতায় চিকিৎসা প্রদান করা হচ্ছে। কেসিসির লাল হাসপাতাল ও তালতলা হাসপাতালে স্বল্পমূল্যে প্রসূতিদের সিজারিয়ান ও নরমাল ডেলিভারির ব্যবস্থা রয়েছে। ‘হেলদি সিটি’ প্রকল্পের মাধ্যমে অচিরেই খুলনাকে একটি আধুনিক, স্মার্ট, সবুজ, স্বাস্থ্যকর শহরে পরিণত করা সম্ভব হবে।
বুধবার নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিগত ৫ বছরে খুলনা মহানগরীর উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে এসব কথা বলেন তিনি।
মেয়র খালেক বলেন, সরাসরি জনস্বাস্থ্যের সঙ্গে সম্পৃক্ত সিটি কর্পোরেশনের সেবামূলক কাজের মধ্যে অন্যতম বর্জ্য ব্যবস্থাপনা। এটিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে প্রধানমন্ত্রী ৩৯৩ কোটি ৪০ লাখ টাকার ‘কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্পের অনুমোদন দিয়েছেন। এরই মধ্যে এ প্রকল্পের আওতায় প্রায় ১৩৮ কোটি টাকা ছাড় করা হয়েছে। সেই অর্থে প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ ও সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণকাজ চলমান। এছাড়া প্রাথমিকভাবে কিছু আধুনিক যন্ত্রপাতি (রোড সুইপিং মেশিন, লংবুম এক্সকেভেটর, ১০ চাকার গার্বেজ ট্রাক, পে-লোডার) ক্রয় করা হয়েছে। কম্পাক্টর ট্রাক ও ভাসমান এক্সকেভেটর ক্রয়ের জন্য কার্যাদেশ দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদানের জন্য খুলনা নগরীতে ৪৩৬টি মসজিদভিত্তিক মক্তব পরিচালনা করা হয়। আগে মক্তবের শিক্ষকদের মাসিক ১৭০০ টাকা ভাতা প্রদান করা হতো, যা ৫০০ টাকা বৃদ্ধি করে ২২০০ টাকায় উন্নীত করেছি। মক্তব ছাড়াও খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ, খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল, ইসলামাবাদ কলেজিয়েট গার্লস স্কুলসহ ৫৬টি প্রাথমিক বিদ্যালয় মহানগরীর শিক্ষা বিস্তারে, বিশেষ করে নারী শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রাখা হচ্ছে।
তালুকদার আব্দুল খালেক বলেন, ২০১৮ সালে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের পর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা মহানগরীর উন্নয়নে প্রায় ১৫০০ কোটি টাকার ২টি প্রকল্পের অনুমোদন দেন। নগরীর ৫৭১টি সড়ক এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়। এরই মধ্যে ৪১৮টি সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে, চলমান আছে ১১৪টি এবং টেন্ডারের জন্য অপেক্ষমান ৩৯টি সড়ক। এছাড়া খুলনা শহরের জলাবদ্ধতা দূরীকরণে ২০৬টি ড্রেনের মধ্যে ৫২টির কাজ সম্পন্ন হয়েছে। চলমান আছে ৮৫টি ড্রেনের কাজ এবং টেন্ডারের জন্য অপেমান ৭২টি।
কেসিসি মেয়র বলেন, ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় থোক বরাদ্দ এসেছে ৪৯ কোটি ৮২ লাখ টাকা। সেই টাকায় এরই মধ্যে ৬৪৭টি প্রকল্পের উন্নয়ন করা হয়েছে এবং অপেক্ষায় আছে আরো ১২৪টি প্রকল্প।











































