Home আঞ্চলিক খুলনা মহানগর বিএনপি ৪ থানার সম্মেলন স্থগিত

খুলনা মহানগর বিএনপি ৪ থানার সম্মেলন স্থগিত

27

স্টাফ রিপোর্টার।।

খুলনা মহানগর বিএনপির ৪ থানা সম্মেলন স্থগিত করা হয়েছে। আগামী ৮ মে থেকে এই সম্মেলন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সম্মেলন বন্ধ করতে মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও তার অনুসারিরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন।

শনিবার দুপুরে বিএনপির থানা সম্মেলন পরিচালনা কমিটির চেয়ারম্যান বেগম রেহানা ঈসা ও সদস্য অ্যাডভোকেট নুরুল হাসান রুবা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য অ্যাডভোকেট মোল্লা মাসুম রশিদকে গ্রেপ্তারপূর্বক কারাগারে প্রেরণ ও পূর্ণাঙ্গ ভোটার তালিকা তৈরী না হওয়ার কারণে আগামী ৮, ৯, ১০ ও ১১ তারিখ পূর্বঘোষিত খুলনা সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপির সম্মেলন স্থগিত করা হয়েছে। সম্মেলনের তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।’

বিএনপি নেতারা জানান, গত ২৯ এপ্রিল মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভায় সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর ও খানজাহান আলী থানা সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।

কিন্তু গত ২ মে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কাছে চিঠি লেখেন নজরুল ইসলাম মঞ্জু ও তার অনুসারিরা। চিঠিতে দলের একটি বড় অংশকে বাদ দিয়ে সম্মেলনের আয়োজন করা হলে দলের অবস্থান আরও দুর্বল হবে এবং বিভেদ বাড়বে বলে উল্লেখ করেন। তারা সম্মেলন বন্ধ করার দাবি জানান। পাশাপাশি তারা পাল্টা সম্মেলন করারও প্রস্তুতি নিয়ে রাখেন। তবে সংঘাতের আগেই সম্মেলন স্থগিতের ঘোষণা আসলো।