Home আঞ্চলিক পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ও কাঁকড়া ধরার সময় ১০ জেলে আটক

পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ও কাঁকড়া ধরার সময় ১০ জেলে আটক

29

 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নারকেলবাড়িয়া ও শেলারচর এলাকায় বুধবার (৩ মে) সকালে অবৈধভাবে মাছ ও কাঁকড়া ধরার সময় ১০ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। এ সময় ট্রলার, জাল ও বিপুল পরিমাণ কাকড়া ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আটক জেলেদের মধ্যে শরণখোলার মালিয়া রাজাপুর গ্রামের আসাদুল, মোরেলগঞ্জের বারইখালী গ্রামের মন্টু, বাগেরহাটের রামপাল উপজেলার সিকিরডাঙ্গা গ্রামের ওমর ফারুক গাজী, বরগুনার তালতলী উপজেলার সখিনা গ্রামের জাফর পেয়াদা এবং পাথরঘাটার রুহিতা গ্রামের কামাল কাজীর নাম জানা গেছে।

আটক জেলেদের কাছ থেকে ৩টি ইঞ্জিন চালিত নৌকা, ৪টি ডিঙি নৌকা, ৬টি ছোট ফাঁসের নিষিদ্ধ বেহেন্দি জাল, বিপুল পরিমান কাঁকড়া ধরা বাঁশের তৈরী চাই (চারো) এবং বিভিন্ন মালামাল জব্দ করেছে বনরক্ষীরা।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সব জেলেদের আটক করা হয়েছে। আটক জেলেদের কাছে বন বিভাগের কোনো পাস-পারমিট পাওয়া যায়নি। তারা অবৈধভাবে বনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া ধর ছিলেন। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে তিনি জানিয়েছেন।