Home আঞ্চলিক খুবি উপকেন্দ্রে ঢাবি ও গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

খুবি উপকেন্দ্রে ঢাবি ও গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ

17

# ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ০৬, ১২, ও ১৩ মে
# জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ ও ২৭ মে এবং ০৩ জুন
# ভর্তি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনসহ সকল ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ নিষিদ্ধ
# পরীক্ষা চলাকালে গল্লামারী থেকে জিরোপয়েন্ট পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে

খবর বিজ্ঞপ্তি।।

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আগামী ০৬, ১২ ও ১৩ মে ২০২৩ খ্রি. তারিখ এবং জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা আগামী ২০ ও ২৭ মে এবং ০৩ জুন তারিখ অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত এবং জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয় নিয়ে আজ ০৩ মে (বুধবার) বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
সভায় জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ০৬ মে তারিখ রেভারেন্ড পলস্ হাই স্কুল, হোপ পলিটেকনিক এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট ও দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং ১২ মে তারিখে রেভারেন্ড পলস্ হাই স্কুল ও দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে ১৩ মে তারিখের ভর্তি পরীক্ষা শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এছাড়া ২০ ও ২৭ মে তারিখের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও ০৩ জুন তারিখের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও রেভারেন্ড পলস্ হাই স্কুল, হোপ পলিটেকনিক এন্ড টেকনিক্যাল ইনস্টিটিউট এবং দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে।
সভায় বিভিন্ন দিক আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় যে, খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীরা মোবাইল ফোনসহ কোনো প্রকার ইলেক্ট্রনিক ডিভাইস, ব্যাগ, বই নিয়ে প্রবেশ করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের মেইন গেট দিয়ে সুশৃঙ্খলভাবে তাদেরকে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। কোনো অভিভাবক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। তবে পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের পূর্বে আসা পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। ভর্তি পরীক্ষা চলাকালে গল্লামারী ব্রিজের পশ্চিম পাশ থেকে জিরোপয়েন্ট পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন প্রবেশ করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ব্যক্তিগত যানবাহন ব্যবহার করেন তাদের যানবাহনে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামযুক্ত স্টিকার লাগানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে। ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে আশপাশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা সংস্থা, র‌্যাব ও সাদা পোশাকে নিরাপত্তা সদস্যরা দায়িত্ব পালন করবেন। এই পরীক্ষা সংক্রান্ত বা সংশ্লিষ্ট অন্য কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন ও ফোকালপয়েন্ট প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়। ভর্তি পরীক্ষা চলাকালীন কোনো সাংবাদিক পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না তবে, ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য-চিত্রের প্রয়োজন হলে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালকের সাথে আগেই যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, শাখা প্রধান (প্রশাসন) উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল, শাখা প্রধান (এস্টেট) কৃষ্ণপদ দাশ, নিরাপত্তা তত্ত্বাবধায়ক উপ-রেজিস্ট্রার মো. নাজিম উদ্দিন, উপাচার্যের সচিব সঞ্জয় সাহাসহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম, আরডিসি সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া, এসি (ট্রাফিক) গোপীনাথ কানজিলাল, র‌্যাব-৬ এর ডিএডি মো. কুদ্দুস, হরিণটানা থানার ওসি মো. এমদাদুল হক, লবণচরা থানার ওসি মো. এনামুল হক, ডিবির পুলিশ পরিদর্শক প্রবীর কুমার বিশ্বাস, সিটিএসবির পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম, জেলা পুলিশের পুলিশ পরিদর্শক কে এম ইমরান হাসান, সিআইডির পুলিশ পরিদর্শক মিহির কান্তি পালসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

খুবির বাংলা ডিসিপ্লিনের থিয়েটার ল্যাবের উন্নয়নে
সংস্কৃতিকর্মীর ত্রিশ লাখ টাকা অনুদান প্রদান
# শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এই অনুদান স্মরণীয় হয়ে থাকবে : উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের থিয়েটার ল্যাব ‘নাটমণ্ডপ’-এর উন্নয়নকল্পে বেসিক ব্যাংক লিমিটেড এর প্রাক্তন উপমহাব্যবস্থাপক খুলনার বিশিষ্ট নাগরিক ও সংস্কৃতিকর্মী এস. এম. এ. রাজ্জাক ত্রিশ লক্ষ টাকা অনুদানের চেক হস্তান্তর করেন। আজ ০৩ মে (বুধবার) বেলা ১২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর নিকট তিনি এ চেক হস্তান্তর করেন।
এসময় উপাচার্য বলেন, পারস্পারিক সহযোগিতার মাধ্যমে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই। সংস্কৃতিকর্মী এস. এম. এ. রাজ্জাক এর এই অনুদান খুলনা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় স্মরণীয় হয়ে থাকবে এবং ডিসিপ্লিনের শিক্ষার্থীরা উপকৃত হবে। এই নির্দশন দেখে সমাজের অন্য বিত্তবানরা আগ্রহী ও অনুপ্রাণিত হবে। তিনি বলেন, যুগে যুগে সমাজের বিত্তবানরা তাদের সম্পদ দিয়ে শিক্ষা ব্যবস্থার প্রসার ঘটিয়েছে। তা আজও বিদ্যমান আছে। তিনি আরও বলেন, এই অনুদানকে খুলনা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা থেকে স্বাগত জানানো হয়েছে এবং অনুদানদাতার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
উপাচার্য শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সমাজের বিত্তশালী, সমাজসেবক, চিন্তাবিদদের এই ধরনের মহৎ কাজে অনুদান প্রদানের জন্য আহ্বান জানান। এসময় উপাচার্য সংস্কৃতিকর্মী এস. এম. এ. রাজ্জাককে বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।
বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলের ডিন এবং বাংলা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. রুবেল আনছার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দসসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ ছাড়াও খুলনার লোকসংস্কৃতি গবেষক বাসুদেব বিশ্বাস বাবলা, শহীদ আবুল কাশেম কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বিভূতিভূষণ মন্ডল ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

খুবিতে মাস রেয়ারিং এন্ড ফিল্ড রিলিস অব বায়োকন্ট্রোল
এজেন্টস শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলোজি ডিসিপ্লিনের আয়োজনে ‘মাস রেয়ারিং এন্ড ফিল্ড রিলিস অব বায়োকন্ট্রোল এজেন্টস’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। আজ ০৩ মে (বুধবার) সকাল ১০.১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যলয়ের উপ-উপাচার্য প্রফেসর মোসাম্মৎ হোসনে আরা।
তিনি বলেন, ফসল উৎপাদনে কৃষকরা যেসব সমস্যার সম্মুখীন হয়, তার মধ্যে পরজীবী অন্যতম। এই পরজীবী থেকে রক্ষা পেতে বিভিন্ন ধরনের ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করা হয়। যাতে মাটি ও পানি দূষণসহ পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। এ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেটিই হলো এই গবেষণার মূল বিষয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের এই গবেষণার মাধ্যমে পরিবেশসম্মতভাবে পরজীবী বা ক্ষতিকারক পোকামাকড় দমনে বায়োকন্ট্রোল এজেন্ট প্যারাসাইটিক ইনসেক্ট লালন-পালন ও ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন এর আগেও গবেষণায় অনেক সাফল্য পেয়েছে। এই গবেষণাও এতদাঞ্চলের মানুষের উপকারে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ। কি-নোট স্পিকার হিসেবে খুলনা অঞ্চলের ফসলের ক্ষতিকারক পোকামাকড় দমনে বায়োকন্ট্রোল এজেন্ট প্যারাসাইটিক ইনসেক্ট ব্যবহারের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটি প্রফেসর ও আইপিএম ইনোভেশন ল্যাবের পরিচালক ড. আর মুনিয়াপ্পান। সেমিনারে সভাপতিত্ব করেন এগ্রোটেকনোলোজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। এ অনুষ্ঠানে প্রকল্পটির খুলনা অঞ্চলের পরিচালক কীটতত্ত্ববিদ প্রফেসর ড. শিমুল দাস প্যারাসিটয়েড এর উপর স্বাগত বক্তব্য রাখেন। সেমিনারে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীসহ খুলনা অঞ্চলের কৃষি কর্মকর্তা ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
সেমিনারে খুলনা অঞ্চলের কৃষি কর্মকর্তা ও প্রান্তিক কৃষকদের প্যারাসাইটিক ইনসেক্ট লালন-পালন ও তাদের ফিল্ড রিলিজ দেখানো হয়। ক্রমবর্ধমান ক্ষতিকর পেস্টিসাইড এর করাল গ্রাস থেকে মানুষ ও প্রকৃতিকে রক্ষা করার জন্য বায়কন্ট্রোল এজেন্ট প্যারাসাইটিক ইনসেক্ট ব্যবহার এর উপর জোর দেয়া হয়। খুলনা বিশ্ববিদ্যলয়ের এগ্রোটেকনোলোজি ডিসিপ্লিনের এন্টোমোলজি ল্যাব ফিড দ্যা ফিউচার এর অর্থায়নে এ পর্যন্ত পাঁচটি প্যারসাইটিক ইনসেক্ট (Habrobracon hebetor, Trichogramma japonicum, Trichogramma pretiosum, Trichogramma evanescens and Trichogramma chilonis) মাল্টিপ্লাই করতে সমর্থ হয়েছে। যাদের মধ্যে Trichogramma ফসলের ক্ষতিকারক পোকার ডিম নষ্ট এবং Habrobracon ক্ষতিকারক পোকার লার্ভা নষ্ট করে প্রাকৃতিকভাবে পোকামাকড় দমন করবে।
প্রান্তিক কৃষকরা এ পাঁচটি প্যারসাইটিক ইনসেক্ট হাতে পেয়ে অনেক আনন্দিত ও উৎসাহিত হন এবং তারা ও মনে করেন, এই বায়োকন্ট্রোল এজেন্ট ব্যবহার করার মাধ্যমে তারা দক্ষিণ অঞ্চলের কৃষিতে বালাইনানাশকের ব্যবহার কমাতে পারবে। সাথে সাথে এ অঞ্চলের মানুষদের কীটনাশকমুক্ত সবজি উপহার দিতে পারবে। এসময় সেমিনারে অংশগ্রহণকারীরা এই রকমের বায়োকন্ট্রোল এজেন্ট দিয়ে বালাই দমনের ব্যবস্থা গ্রহণ করায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলোজি ডিসিপ্লিনকে ধন্যবাদ জানান।