স্পোর্টস রিপোর্টার।।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ থাকছেন না জেমি সিডন্স। তবে তিনি কাজ করবেন ‘এ’ দল ও বাংলাদেশ ??টাইগার্সে। সোমবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। কাল বিষয়টির সত্যতা স্বীকার করেছেন বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। দক্ষিণ আফ্রিকান ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের পদত্যাগের পর, পুনরায় জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হন জেমি সিডন্স। রাসেল ডমিঙ্গোর সময় জাতীয় দলের সঙ্গে কাজ করলেও চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে তাকে আর দেখা যাবে না। জেমি নিজের ইচ্ছাতেই তরুণদের সঙ্গে কাজ করতে চাইছেন জানিয়ে গতকাল সংবাদ মাধ্যমকে সুজন বলেন, ‘জেমি সিডন্সের সঙ্গে বিসিবি’র চুক্তিই ছিল সেভাবে ও বিসিবি’র ব্যাটিং পরামর্শক হিসেবে এসেছে। বিভিন্ন পর্যায়ে তার কাজ করতে হতে পারে।
যে জায়গায় আমরা অনুভব করবো তার সেবা প্রয়োজন সেটা নিব। শুরুতে তাকে জাতীয় দলের সঙ্গে রাখা হয়েছে। এরপর জেমিও ইচ্ছা প্রকাশ করেছে আমাদের তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করতে চায়।
এ ব্যাপারে সে আগ্রহী, তরুণ গ্রুপটাকে নিয়ে কাজ করতে। এই প্রেক্ষিতেই আলাপ আলোচনা থেকে সিদ্ধান্তগুলো।’ জেমি সিডন্স সরে যাওয়াতে অবশ্য নানা প্রশ্নও তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে নতুন কেউ সুযোগ পাবে জাতীয় দলের কোচিং প্যানেলে। এ নিয়ে নিজামু্দ্িদন চৌধুরী বলেন, ‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলাপের মাধ্যমেই আমাদের কোচিং প্যানেল হচ্ছে। আমাদের কোচিং প্যানেলের যে লাইনআপ সেখানে দুই-একজন জয়েন করছেন। এরপরও যদি কোনো চাহিদা থাকে সেটা আমরা অবশ্যই দেখবো।’ অন্যদিকে প্রশ্ন উঠেছে জেমিকে ফের জাতীয় দলে দেখা যাবে-কিনা তা নিয়েও। এ বিষয়ে বিসিবি’র সিইও জানিয়েছেন এখনই এ নিয়ে মন্তব্য করা সঠিক হবে না। তিনি বলেন, ‘এটা বলাটা এখন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। মাত্র আমরা একটা পরিবর্তন করেছি। এখন এই মুহূর্তে বলাটা কঠিন। যদি প্রয়োজন হয় সেটা দেখা যাবে। জাতীয় দলের হেড কোচ বা টিম ম্যানেজমেন্ট কি চাচ্ছেন সে অনুযায়ীই আমরা চাহিদা পূরণ করি। সে দিক থেকে কোনো চাহিদা আসলে দেখা যাবে।
আইসিসি ও এসিসি’র সিদ্ধান্তের দিকে তাকিয়ে বিসিবি
সেপ্টেম্বরে এশিয়া কাপ মাঠে গড়ানোর কথা রয়েছে। কিন্তু আয়োজক পাকিস্তান এখনো নিশ্চিত করতে পারেনি ভেন্যু কোথায়। ভারত কোনোভাবেই পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না। আর সেই কারণেই এই জটিলতা। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ বিসিবি। নিজামুদ্দিন সুজন বলেন, ‘এশিয়া কাপের পুরো বিষয়টিই দেখছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এই ইস্যুতে বিসিবি’র বলার জায়গাটা খুবই সীমাবদ্ধ। আমরা এশিয়া কাপের অন্যতম অংশগ্রহণকারী দল। এসিসি যখন যেখানে আয়োজন করবে আমরা সেখানে অংশ নিব।’ এছাড়াও আক্টোবর-নভেম্বরে ভারতে বসছে ওয়ানডে বিশ্বকাপে কাপের আসর। কিন্তু এখনো প্রকাশ হয়নি সূচি। বিসিবি’র প্রধান নির্বাহী জানিয়েছেন এটি আইসিসি’র বিষয় যে কারণে তাদের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে তারা। তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ আইসিসি’র একটা ইভেন্ট। আইসিসি ব্যাপারটা দেখছে। তাদের যে চ্যালেঞ্জ সেগুলো তারা মোকাবেলা করবে। এটার ব্যাপারে আসলে আমাদের ভূমিকা এখানে খুবই সীমাবদ্ধ। আমরা অংশগ্রহণকারী দল, আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আমার মনে হয় যে বিশ্বকাপের মতো ইভেন্টটা হচ্ছে…এটার সূচি দিয়ে দিলে অবশ্যই আমাদের জন্য ভালো হতো। আর বেশি চ্যালেঞ্জ হবে অন্য কন্ডিশন থেকে যারা আসে তাদের জন্য। সেক্ষেত্রে আমরা এটা নিয়ে চিন্তা করছি না।’
ডিআরএস চুক্তি দ্রুতই দেখবে আলোর মুখ
এছাড়াও ঘরোয়া ক্রিকেটেও ডিআরএস ব্যবহারে চুক্তির ঘোষণা দিয়েছিল বিসিবি। তবে এখনো তা সেই চুক্তি আলোর মুখ দেখেনি। বিসিবি’র সিইও জানিয়েছেন দ্রুতই ডিআরএস নিয়ে চুক্তি সম্পন্ন হবে। এর প্রক্রিয়া চলছে। নিজামুদ্দিন চৌধুরী বলেন, ‘এর মধ্যে কিছু উন্নতি হয়েছে (কার্যক্রম), চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। যেকোনো চুক্তির আগেই কিছু শর্ত থাকে, সেগুলো নিয়েই আলাপ আলোচনা হচ্ছে।’











































