স্টাফ রিপোর্টার||
মামলার ১০ বছর পর বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহিদ হাসান হত্যার আর্গুমেন্ট (যুক্তিতর্ক) শুরু হচ্ছে আগামী ২ মে। তবে যুক্তিতর্কের আগ মূহুর্তে মামলার বাদিকে দেওয়া হচ্ছে জীবননাশের হুমকী।
২০১৩ সালের ১৮ মে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান খান জাহিদ হাসান খুলনার রূপসা থানাধীন আমদাবাদ স্কুলের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। পরের দিন বিকেলে তার স্ত্রী শিরিন আক্তার বাদী হয়ে রূপসা থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
শিরিন আক্তার বলেন, ‘মামলা দায়ের পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ১০ বার আমাকে জীবননাশের হুমকী দেওয়া হয়েছে। এখন সেটার পরিমান আরও বাড়ছে। এই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে থানায় ৬টি সাধারণ ডায়েরী ও অভিযোগ করেছি। হুমকী ও হয়রানীর এমন কিছু বাদ নেই যা তারা করছে না।’
আদালত সূত্রে জানা গেছে, মামলাটির দুইপক্ষের স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহন ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ২ মে খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাসনিম জোহরার আদালতে যুক্তিতর্ক শুরু হবে। ২০১৭ সালের ২৯ নভেম্বর চাঞ্চল্যকর এই হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হয়। এর আগে পুলিশ মামলার চার্জশিট দাখিল করে।
চার্জশিট সূত্রে জানা গেছে, ২০০১ সালে আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন হত্যা মামলায় স্থানীয় সন্ত্রাসী জাকিরকে ফাঁসির আদেশ দেন আদালত। জাকির ফকিরহাটের সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলীর ভাই। মোহাম্মদ আলী একাধিকবার নির্বাচনে খান জাহিদ হাসানের কাছে পরাজিত হন। ফরহাদ হত্যা মামলাযর সুষ্ঠূ বিচারে বাদি পক্ষকে সহায়তা করেছিলেন খান জাহিদ হাসান, এ নিয়ে মোহাম্মদ আলী ও হারুনুর রশীদের সঙ্গে খান জাহিদ হাসানের দ্বন্দ্ব শুরু হয়।
এই দ্বন্দ্বের জের এবং দলের বিরোধকে কেন্দ্র করে চেয়ারম্যান জাহিদ হাসানকে হত্যা করা হয় বলে চার্জশীটে উল্লেখ করা হয়েছে।
চার্জশীটে মোট আসামি ১২ জন। অভিযুক্ত এক নম্বর আসামি ফকিরহাটের হারুনুর রশীদ (৪৫)। অন্য আসামিদের মধ্যে রয়েছেন, আট্টাকী গ্রামের বাসার (৩০), ব্রাম্মণরাংদিয়ার জিল্লুর (৪৫), আট্টাকীরা আজাদ (৩০), বাগেরহাটের সুন্দরঘোনা গ্রামের মেহেদী হাসান রনি (৩০), রূপসার আলমগীর ওরফে বাঘা (৩০), মোঃ আলী হোসেন ওরফে বাবলু (২৮) ও রূপসার গোলাম হোসেন ওরফে ডালিম (২৮), ফকিরহাটের সাবাজ মোল্লা (৪০), শেষ জিন্নাত আলী (৪০), শেখ মোহাম্মদ আলী (৫৫) ও রূপসার আব্দুর রহমান (৩৫)।
২০১৩ সালের ১৮ মে চেয়ারম্যান খান জাহিদ হাসান রূপসা নদী পার হয়ে পূর্ব ঘাট থেকে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে ফকিরহাটের উদ্দেশ্যে রওনা দেন। মোটরসাইকেল চালক মুন্না শিকদারকে নিয়ে খুলনা-মংলা মহাসড়কের আমদাবাদ স্কুলের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নিহত হন খান জাহিদ হাসান ও চালক মুন্না শিকদার।
এ ঘটনায় নিহত চেয়ারম্যানের স্ত্রী শিরিনা আক্তার বাদি হয়ে নয় জনের নাম উল্লেখ করে রূপসা থানায় হত্যা মামলা দায়ের করেন। রূপসা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ জিয়াউল ইসলাম মামলাটি তদন্ত করেন।
পরে মামলাটি খুলনা জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসময় খুলনা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ ইলিয়াছ ফকির মামলাটি দীর্ঘদিন ধরে তদন্ত করেন। পরে তিনি বদলি হলে খুলনা গোয়েন্দা পুলিশের ওসি রোকনুজ্জামান মামলাটির তদন্তের দায়িত্ব পান এবং আদালতে তিনি চার্জশিট দাখিল করেছিলেন।











































