স্টাফ রিপোর্টার।।
খুলনায় জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মো. আবু ও মো. মাহাতাব হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার পূর্ব শত্রুতার জের ধরে মহানগরীর শেরে এ বাংলা রোডে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় চিকিৎসার জন্য স্থানীয়রা তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আহত মো. আবু হাজীবাড়ি এলাকার মো. শেখ আফতাব উদ্দিনের ছেলে ও মো. মাহাতাব হোসেন বড় বয়রা এলাকার জনৈক ইসহাক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা করে। এ সময়ে দুর্বৃত্তদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আবু ও তার ফুফাতো ভাই মাহাতাবের মাথায়, পিঠে ও মুখে আঘাত করে। এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়।
খুলনা সদর থানার ইন্সপেক্টর মো. টিপু বলেন, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা মো. আবু ও মো. মাহাতাব হোসেনের ওপর হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।











































