মো:মোস্তাফিজুর রহমান ।।
কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ইতিহাস ঐতিহ্যের অপরুপ নিদর্শন বাগেরহাটের ফকিরহাট উপজেলার প্রাচীনতম মানসা কালীমন্দির। হিন্দু ধর্মালম্বিদের পূজা অর্চনার এক অনন্য প্রতিষ্ঠান এটি।
ঐতিহ্যবাহী মানসা কালী মন্দিরটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক তথ্য কেউ বলতে না পারলেও তবে প্রায় ২০০ বছরের বেশি প্রাচীন বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রাচীনকালে এই মন্দিরটি অশ্বিনী কুমার রায়ের পূর্ব পুরুষের জন্মভিটা ছিল। তাদের দ্বারাই মুলত মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। জনশ্রুতি রয়েছে মন্দিরের পাশ দিয়ে প্রবাহমান নদীতে যাতায়াতকারী নৌকার দূর-দূরান্তের মাঝি-মাল্লা, ব্যবসায়ী, যাত্রীরা রাতে এই মন্দীরে এসে ধর্মীয় গান বাজনা শুনে বা বিশ্রাম নিতেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী মন্দিরটি ধংস করে দেয়। ভেঙ্গে ফেলে কালি মাতাসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা। লুটপাট করা হয় মন্দিরের মূল্যবান মালামাল। একপর্যায় মন্দিরের অস্তিত্ব বিলিন হওয়ার উপক্রম হলে ১৯৭৪ সালে বাগেরহাটের ধর্নাঢ্য ব্যক্তি ধীরেন্দ্র নাথ দাস তার নিজস্ব আর্থিক সহায়তায় ১১ই চৈত্র মন্দিরটি পুনঃনির্মান ও নতুন করে কালী মাতাসহ অন্যান্য দেব-দেবীর বিগ্রহ তৈরী করে স্থাপন করা হয়। সেই থেকে প্রতিবছর ১১ চৈত্র কালী মায়ের পুনঃপ্রান প্রতিষ্ঠা দিবস পালন করা হয় এখানে।
বর্তমানে এ মন্দিরের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বিশিষ্ট ব্যবসায়ী বাবলু কুমার আশ। তিনি তার নিজস্ব আর্থিক সহায়তা এবং মেধা ও মনন দিয়ে মন্দিরটির অবকাঠামো উন্নয়নসহ আরো সুন্দর করে তুলেছেন। এই বাবলু কুমার আশ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও ক্রীড়া সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। তার বাবা মৃত শৈলেন্দ্র নাথ আশও সুনামের সাথে এই মন্দিরের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
বাবলু কুমার আশ এ প্রতিবেদককে বলেন, এই মন্দিরের বৈশিষ্ট্য হলো এটা পশ্চিমমূখী মন্দির। যা সচরাচর দেখা যায়না। এমনকি আশপাশের এলাকায় এরকম পশ্চিমমূখী আর কোন মন্দির নেই। প্রতিদিন মা কালির অর্চনা করা হয় এখানে। প্রতিবছর ১১ই চৈত্র পালিত হয় কালী মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী মানুষ। এই মন্দিরে শ্রাবণ মাসে শিব পূজা, আষাঢ় মাসে কালীপূজা, স্বরস্বতী পূজা পালন করা হয়।











































