Home বিনোদন অম্ল-মধুর অভিজ্ঞতায় শ্রাবণ্য

অম্ল-মধুর অভিজ্ঞতায় শ্রাবণ্য

13

বিনোদন ডেস্ক।।
জনপ্রিয় উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। মাঝেমধ্যেই অভিনয়েও দেখা মেলে তার। এবারের ঈদেও আসার কথা ছিল তার একটি নাটক। তবে প্রচারের অপেক্ষায় থাকা বিশেষ নাটকটি হারিয়ে ফেলেন নির্মাতা। শেষ মুহূর্ত পর্যন্ত হন্য হয়ে খোঁজার পরও যার অস্তিত্ব মেলেনি কোথাও। এ নিয়ে দুঃখও ছিল অভিনেত্রীর। তবে শ্রাবণ্যর এই দুঃখ কিছুটা দূর করেছে তার অভিনীত ‘তুমি আমার সব’ শিরোনামের একটি নাটক। নির্মাণ করেছেন মাবরুর রশীদ বান্নাহ্‌। এতে আরশ খানের সঙ্গে জুটি বেঁধেছেন শ্রাবণ্য। আজ বিকাল ৪টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।

 

নাটকটিতে শ্রাবণ্য তৌহিদার অভিনয়ের অভিজ্ঞতা অম্ল-মধুর। কারণ ব্যক্তিজীবনে শ্রাবণ্য যেমন তার ঠিক বিপরীত একটি চরিত্রে দেখা যাবে তাকে। এ বিষয়ে শ্রাবণ্য তৌহিদা বলেন, সারাজীবন যেটা হয়েছে, কলেজ বা ভার্সিটিতে ছেলেরাই আমার পেছনে সবসময় ঘুরেছে, আমি পাত্তা দেইনি। এখানে আমাকেই ছেলেটার প্রেমে কিছুটা বেহায়াপনা করতে হয়, যা খুব মজা লেগেছে। খুব মিষ্টি প্রেমের গল্প এটি। বান্নাহ ভাইয়ের সঙ্গে এটি প্রথম কাজ। আমি মুগ্ধ তার নির্মাণ কৌশল দেখে। প্রচারের আগেই ঈদের আরেকটি নাটক হারিয়ে ফেলা প্রসঙ্গে শ্রাবণ্য বলেন, নাটকটি দুর্ঘটনাবশত হারিয়ে গেছে। ডিরেক্টরের প্রতি সম্মান রেখেই তার নামটি উচ্চারণ করতে চাইছি না। নাটকটিতে আমার বিপরীতে অভিনয় করেছিলেন অ্যালেন শুভ্র। তার প্রতি, প্রযোজক ও কলাকুশলীদের জন্য আমার সমবেদনা রইলো।