স্পোর্টস ডেস্ক।।
ফের দিল্লির যন্তরমন্তর ময়দানে বিক্ষোভে নেমেছেন ভারতের কুস্তিগীররা। দিল্লি পুলিশের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে পুরনো জায়গায় বিক্ষোভে বসেছেন তারা। এই বিক্ষোভে অংশ নিয়েছেন ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিকসহ অনেক কুস্তিগীর। দিল্লি পুলিশ তাদের অভিযোগ নিচ্ছেন না বলেই তারা ফের বিক্ষোভে বসছেন বলে জানা গেছে। এর আগে শীতকালে সাক্ষী মালিকসহ বাকি কুস্তিগীররা দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করেছেন। তাদের অভিযোগ ছিল, কুস্তি ফেডারেশন অব ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। তিনি কুস্তিগীরদের যৌন হেনস্তাসহ আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন বলে অভিযোগ করেন তারা। এরপর একটি তদন্ত কমিটি তৈরি হয়, কিন্তু তদন্ত কমিটি জানায় ব্রিজভূষণ শরণ সিং নির্দোষ। তার বিরুদ্ধে অভিযোগ আনা প্রত্যেককে মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করা হয়। ভিনেশ ফোগাট টুইটারে লেখেন, ‘একাধিক নারী কুস্তিগরি যারা কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের অভিযোগের উপর ভিত্তি করে দিল্লি পুলিশ এফআইরআর নিচ্ছে না।
২১ তারিখ দিল্লি পুলিশ এফআইআর নিতে অস্বীকার করে বলে অভিযোগ করেন তারা।’ কুস্তিগীরদের দাবি মেনে ব্রিজভূষণ শরন সিংকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়নি। তিনি এখনও পদে রয়েছেন। তাকে পদে রেখে দিয়েছে ফেডারেশন।









































