Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

41

সাতক্ষীরার তালায় ১টি দোকান পুড়ে ছাই
ইলিয়াস হোসেন,তালা(সাতক্ষীরা)।।
সাতক্ষীরার তালায় আগুনে পুড়ে ১ টি দোকান ছাই হয়েছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

শনিবার দিনগত রাত ৩ টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর বাজারের দেবাশীষ বস্ত্রালয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় জনগণ পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বস্ত্রালয়ের স্বত্বাধিকারী দেবাশীষ দেবনাথের ভাতিজা পলাশ দেবনাথ জানান, আনুমানিক রাত ৩ দিকে কে বা কারা আমাদের মুদি দোকান ও কাকা’র (দেবাশীষ) বস্ত্র বিতানের দোকানের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে। দুই দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে ২৫ হাঁজার টাকা নেয়। এরপর কাকা দেবাশীষ দেবনাথের রাধাকৃষ্ণ বস্ত্রালয়ে আগুন ধরিয়ে দেয়। গভীর রাত হওয়ায় আমরাসহ স্থানীয়রা বুঝে উঠার আগেই দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।

বাজার কমিটির সাধারণ সম্পাদক ইউপি সদস্য শামসুল হক মোড়ল জানান, বাজারের দোকান মালিকদের গাফিলতির কারনে বাজারে নাইট গার্ড স্থায়ীভাবে রাখা সম্ভব হয় না।
এ রিপোর্ট লেখার সময় ক্ষতিগ্রস্ত দোকান মালিক দেবাশীষ দেবনাথ তালা থানায় অবস্থান করছিলো। থানায় লিখিত অভিযোগ দাখিল করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) মাননীয় সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন

তালা থানার অফিসার ইনচার্জ চৌধুরী রেজাউল করিম জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোকান মালিক দেবাশীষ দেবনাথ থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত
তথ্য বিবরনী
যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শনিবার সারা দেশের ন্যায় খুলনায় পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়।

এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ বাংলা ও আরবীতে ঈদ মোবারক খচিত ব্যানারে সজ্জিত করা হয়।

ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটায় খুলনা সার্কিট হাউজ ময়দানে। এ জামাতে ইমামতি করেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ।

ঈদের জামাতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লীরা পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে সকাল সাড়ে আটটায় এবং সকাল নয়টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে সিটি কর্পোরেশনের সহায়তায় ও ওয়ার্ড কাউন্সিলরগণের তত্ত্বাবধানে পৃথকভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

খুলনা নগরীর নিউমার্কেট সংলগ্ন বায়তুন-নুর-জামে মসজিদ, ডাকবাংলা জামে মসজিদ, ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদ, সোনাডাঙ্গা হাফিজনগর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠ, খুলনা ইসলামাবাদ ঈদগাহ ময়দান, খালিশপুর ঈদগাহ ময়দান, পিটিআই জামে মসজিদ, কেডিএ নিরালা জামে মসজিদ, সিদ্দিকীয়া মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা, আন্ত:জেলা বাস টার্মিনাল মসজিদ, শিপইয়ার্ড, লবনচরা, চাঁনমারী, রূপসা, টুটপাড়া, মিয়াপাড়া, শেখপাড়া, বসুপাড়া, জোড়াগেট সিএন্ডবি কলোনী মসজিদ, বয়রা মেট্রোপলিটন পুলিশ লাইন, জেলা পুলিশ লাইন, খালিশপুর ক্রিসেন্ট জুট মিলস, বিএল কলেজ, দেয়ানা ঈদগাহ, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, খানজাহান নগর খালাসী মাদ্রাসা ঈদগাহ ও দৌলতপুর, সোনাডাঙ্গা, খালিশপুর ও খানজাহান আলী থানার ঈদগাহ ময়দানসহ নগরীর বিভিন্ন মসজিদ এবং ময়দানে ঈদের জামাত অনুুষ্ঠিত হয়।

ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়।

ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং স্থানীয় সংবাদপত্রসমূহ নিজস্ব ব্যবস্থাপনায় বিশেষ সংখ্যা প্রকাশ করে। উপজেলা সমূহেও স্থানীয়ভাবে অনুরূপ কর্মসূচি উদযাপন করা হয়।

খুবিতে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের জামাত ২২ এপ্রিল (শনিবার) সকাল ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজে দোয়া পূর্ব সমবেত মুসল্লিদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, দীর্ঘ একমাস সিয়াম-সাধনার পর আজ আমরা পবিত্র ঈদ-উল ফিতরের খুশির দিনে নামাজ আদায়ে এসেছি। এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি খুলনা শহরের অনেক লোক একসাথে নামাজ আদায় করেছেন। এটি আমাদের জন্য সবচেয়ে আনন্দের দিন। এর মাধ্যমে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়কে কাক্সিক্ষত লক্ষ্যে উন্নীত করতে সম্মিলিত প্রচেষ্টার কথা উল্লেখ করেন।
নামাজ ও খুতবা শেষে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। এসময় বিশ্ব মুসলিম উম্মাহ, দেশ ও জাতি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের জামাতে বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র, আশপাশের এলাকাবাসী এবং দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিগণ নামাজ আদায় করেন।

খুবির এফডব্লিউটি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাজমুস সাদাত এর মাতার মৃত্যুতে উপাচার্যের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. নাজমুস সাদাতের মাতা জাকিয়া আক্তার হোসেন নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। তিনি বেশকিছুদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৩ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ২২ এপ্রিল (শনিবার) সকালে নগরীর নিরালা স্কুল মাঠ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাঁকে নিরালা কবরস্থানে দাফন করা হয়। প্রয়াত জাকিয়া আক্তার হোসেন পেশায় ছিলেন একজন স্কুল শিক্ষক। এর বাইরেও তিনি নারীনেত্রী ও সমাজসেবী হিসেবে বেশ পরিচিত ছিলেন। তিনি বেসরকারি সংস্থা বনফুল এর নির্বাহী পরিচালক এবং এডাব এর চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঊনসত্তরের গণঅভ্যুত্থানে ছাত্রনেত্রী হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. নাজমুস সাদাতের মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানাসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

তালায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু
ইলিয়াস হোসেন, তালা,সাতক্ষীরাঃ
সাতক্ষীরার তালায় ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরা হল না দুই সহদরের। শুক্রবার সন্ধ্যায় মোটর সাইকেলে চড়ে বাড়ি ফেরার পথে তালার হাজরাপাড়া নামকস্থানে মাইক্রোবাসের সাথে মোটরসাইকেল সরাসরি আঘাত করলে ঘটনাস্থলে দুই ভাই ইমরান হোসেন (১৯) ও রিফাত হোসেন (১৬) মারাত্বক আহত হয়। তারা তালার মাগুরা গ্রামের আসাদ মোড়লের ছেলে। এ সময় আহত হয় একই গ্রামের মিঠু গাজীর ছেলে সুজন গাজী (২৫)। আহত মিঠু বাড়িতে চিকিৎসাধীন আছে। আহত মিঠু গাজী জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে পাটকেলঘাটা এলাকা হতে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ইমরান মারা যায়। এদিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নিয়ে যাওয়ার পথিমধ্যে রিফাত মারা যায়। দুই ভাইয়ের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই ভাইয়ের লাশ শনিবার সকালে বাড়িতে পৌছেছে।
মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনেশ চন্দ্র দেবনাথ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, মৃত্যুর বিষয়টি আমাদেরকে এখনো কেউ অবহিত করেনি। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম জানান, বিষয়টি তিনি শুনেছেন।তবে ঘটনাস্থল পাটকেলঘাটা থানার আওতায়।

কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত ২২ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও কুয়েট সংলগ্ন এলাকাবাসী অংশগ্রহন করেন। পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেরর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ।

বিএনপি নেতা বকুলের ঈদ উপহার ও নগদ আর্থিক সহায়তা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি এবং তার অঙ্গ সহযোগি সংগঠন, খুলনা মহানগরী ও জেলা শাখার যেসকল নেতৃবৃন্দ চলমান স্বৈরাচারি সরকার পতনের গণতান্ত্রিক আন্দোলনে অবৈধ আওয়ামী সরকারের রোষানলের স্বীকার হয়ে পুলিশ কর্তৃক গ্রেফতার হয়ে এখনো আদালত কর্তৃক জামিন লাভ করেন নাই সেসকল নেতাকর্মী এবং তাদের পরিবারের সাথে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে এবং সান্তনা প্রদানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় জেলখানায় তাদের জন্য ঈদ উপহার হিসেবে নতুন পোষাক সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র, পিসিতে (প্রিজনারস ক্যান্টিনে) নগদ আর্থিক সহায়তা এবং তাদের পরিবারের জন্য ঈদ উপহার সামগ্রী এবং নগদ টাকা প্রেরণ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

শুক্রবার ২১এপ্রিল সকাল ১১টায় খুলনা জেলা কারাগারে কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল প্রেরিত এসব ঈদ উপহার সামগ্রী এবং নগদ টাকা জেলগেটে পৌছে দেন খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, জাভেদ মল্লিক, হাবিবুর রহমান হাবিব, বোরহানউদ্দীন সেতু, নজরুল ইসলাম, কাজী জাকারিয়া হোসেন, রাজু আহমেদ প্রমুখ।

পরবর্তীতে গ্রেফতারকৃত এসকল নেতাকর্মীদের পরিবারের সদস্যদের সাথে ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে কারাগারে আটক সকল নেতাকর্মীর বাড়িতে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল প্রেরিত ঈদ উপহার সামগ্রী এবং নগদ আর্থিক সহায়তা পৌছে দেওয়া হয়। এসময় বিএনপি নেতৃবৃন্দ এবং কারাগারে আটক নেতাকর্মীদের পরিবারের সদস্যরা কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বিগত বছরগুলোর ন্যায় আগামী দিনেও সকল বিপদআপদে তিনি খুলনা বিএনপির অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করেন।

সড়কের রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল কিশোরের
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে লেগে আসমাউল হোসেন (১৭) নামের এক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু। রোববার বেলা ১১টার দিকে উপজেলার রামনগর গাজীর দোয়া নামক এ ঘটনা ঘটে।

নিহত আসমাউল দর্শনা করিমপুর গ্রামের মো. শহিদুল ইসলামের একমাত্র ছেলে। তিনি দর্শনা ডিএস ফাজিল মাদ্রাসার একাদশ শ্রেণির ছাত্র।

দর্শনা থানার ওসি ফেরদৌস ওয়াহেদ জানান, রোববার দুপুরে দর্শনা-মুজিবনগর সড়কের করিমপুরের আসমাউল হোসেন তার দুই বন্ধুর সঙ্গে নিয়ে কার্পারাডাঙ্গার দিকে যাচ্ছিলেন। এ সময় রামনগর গাজীর দোয়া নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তারা আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলার চিৎলা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

বাড়ি ফেরা হলো না আল-আমিনের
যশোর অফিস
যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় আল-আমিন (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার চাড়াভিটা এলাকায় যশোর-নড়াইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আল-আমিন উপজেলার বীরডাঙ্গাপাড়া এলাকার ফরিদুল কবিরের ছেলে এবং বাঘারপাড়া ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পাশ করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঈদের নামাজ শেষে আল-আমিন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। বেলা ১১টার দিকে বড় ভাই ইমনকে ছাতিয়ানতলা বাজারে রেখে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে চাড়াভিটা এলাকায় ইটভাটার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আল-আমিন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

জরুরি বিভাগের চিকিৎসক সুভাষিশ রায় জানান, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈদের দিন বেপরোয়া গতির মোটরসাইকেল কেড়ে নিল শিশু সাদিয়ার প্রাণ
মেহেরপুর প্রতিনিধি

ঈদের দিন রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় সাদিয়া খাতুন (১০) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাওট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

শিশু সাদিয়া বাওট গ্রামের বাজার পাড়ার জিয়ারুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, শিশু সাদিয়া বাড়ির পাশে সড়ক পার হচ্ছিল। এ সময় বেপরোয়া গতিতে যাওয়া একটি মােটরসাইকেলে তাকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় সে গুরুতর ভাবে আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ‘জিনে’ হত্যা করেছে
কুষ্টিয়া প্রতিনিধি
মেহেদীর রঙ মোছার আগেই রহস্যজনকভাবে নববধূ খাদিজার (১৮) জীবন প্রদীপ নিভে গেল। স্বামীর পরিবারের দাবি- বাথরুমে জিনে ওই নবধূকে হত্যা করেছে। উপজেলা সদরের থানাপাড়ার সোহেল মিয়া ও পাপিয়া দম্পতির দত্তক ছেলে দশম শ্রেণির ছাত্র তৌহিদ মিয়ার স্ত্রী খাদিজা। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে বাসার বাথরুম থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় খাদিজাকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর হাসপাতালে মৃতদেহ ফেলে সোহেল মিয়া ও তার দত্তক ছেলে পালিয়ে যায়।

আত্মগোপনে থাকা অবস্থায় সোহেল মিয়া মোবাইল ফোনে এ প্রতিনিধিকে জানান, এটা খুব স্বাভাবিক ঘটনা। খাদিজা তার ফুপাতো ভাইয়ের মেয়ে। মেয়েটির ঘাড়ে জিনের আছর ছিল। জিনেই তাকে হত্যা করে রেখে গেছে।

এদিকে খাদিজার বাবা ইলিয়াস মজমাদার জানান, অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় তিন মাস আগে তার মেয়ে খাদিজার বিয়ে হয়। তার মেয়ের কোনো রোগ ছিল না। বিকালে মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে ফোনে জানানো হয়। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ট তদন্ত ও বিচারের দাবি জানান।

পরিবার সূত্রে জানা গেছে, খাদিজা পাবনার ঈশ্বরদীর ইলিয়াস মজমাদারের মেয়ে। তিন মাস আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

প্রতিবেশীরা জানায়, কয়েক মাস আগে তৌহিদ তার এক সহপাঠিকে নিয়ে পালিয়ে যায়। বিষয়টি চাপা রেখে তিন মাস আগে পারিবারিকভাবে খাদিজার সঙ্গে বিয়ে দেওয়া হয়। কিন্তু তৌহিদ তার আগের প্রেমিকার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিদিন দ্বন্দ্ব লেগেই থাকত।

খাদিজার দত্তক শাশুড়ি পাপিয়া খানম জানান, তার ছেলে ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় খাদিজা বাথরুমে গোসল করতে ঢোকে। দেরি দেখে তারা ডাকাডাকি করে কিন্তু ভেতর থেকে সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তৌহিদ জানান, সোমবার তাদের ঈশ্বরদী যাওয়া কথা ছিল। সারাদিন খাদিজা তার ঘরে শুয়ে ছিল। গোসলে যাওয়া কথা বলে বেরিয়ে যায়। পরে তাকে বাথরুম থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুস্মিতা সরকার জানান, খাদিজাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য পুলিশকে জানানো হয়েছে।

ওভারটেক করতে গিয়ে সামনের মোটরসাইকেলকে ধাক্কা, আহত ৫
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে ওভারটেক করতে গিয়ে সামনের মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ায় চার বন্ধুসহ ৫ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার লালনবাজার -পান্টি সড়কের জোতমোড়া জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত চার বন্ধু হলেন- উপজেলার সান্দিয়ারা গ্রামের ইদ্রিস শেখের ছেলে সামি আহমেদ (১৯), শফিকুল ইসলামের ছেলে সিয়াদ (১৮), মুন্নু শেখের ছেলে অরণ্য (১৮) ও আশরাফুল ইসলামের ছেলে মো. আসিফ (১৭)। আরেক জন হলেন জোতমোড়া গ্রামের কৃষক ময়েন শেখ (৬৫)। আহতদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অরণ্যের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আসিফ বলেন, তার সৎ মায়ের জন্য ঈদের কাপড় দিতে এক মোটরসাইকেল করে চার বন্ধু জোতমোড়া যাচ্ছিলেন। জোতমোড়া বড় জামে মসজিদ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে চার বন্ধ সড়কের ওপর ছিটকে পড়েন।

জোতমোড়া জয়বাংলা বাজারের পল্লী চিকিৎসক কিয়ারুল ইসলাম বলেন, একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, অতিরিক্ত গতি, অতিরিক্ত আরোহী ও ওভারটেক করতে গিয়ে এ ঘটনা ঘটেছে। একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে পর্যটকদের ভিড় বাড়ছে
সাতক্ষীরা প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরের ছুুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ইকোট্যুরিজম কেন্দ্রগুলো। এরই মধ্যে সুন্দরবন সংলগ্ন জেলা পরিষদ ডাকবাংলো, আকাশনীলা, বরসা রিসোর্ট ও টাইগার পয়েন্ট রিসোর্টের সব রুম বুকিং হয়ে গেছে।

বৈরী আবহাওয়ার কারণে সুন্দরবনে তিনদিনের পাস বন্ধ থাকায় আগত পর্যটকরা আকাশনীলা ইকোট্যুরিজম সেন্টার ও ট্রলারে করে কলাগাছি ইকোট্যুরিজম সেন্টারে ভ্রমণ করছেন।
রোববার (২৩ এপ্রিল) সকাল থেকে পর্যটকদের ভিড় সামলাতে বনরক্ষীদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। সোমবার (২৪ এপ্রিল) চাপ আরও বাড়বে বলে জানিয়েছেন সাতক্ষীরা রেঞ্জের পর্যটনকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা।
ঢাকা থেকে পরিবার নিয়ে সুন্দরবন বেড়াতে আসা জুয়েল আহমেদ বলেন, ‘ঈদের ছুটিতে এবার সুন্দরবনে এলাম। আজ বরসা রিসোর্টে রাত্রিযাপন করবো।’

তিনি বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ায় আমরা অল্প সময়ের মধ্যে আসতে পেরেছি। সেতুর কারণে এখন মাত্র ৬-৭ ঘণ্টায় ঢাকা থেকে সাতক্ষীরা আসা যায়। আমার পরিবারের সদস্যরা নৌপথে চলাচলে কিছুটা ভয় পায়। এজন্য এদিক দিয়ে সুন্দরবন দেখতে আসা।’
খুলনা থেকে বেড়াতে আসা হুমায়ুন কবির বলেন, ‘সাতক্ষীরা হয়ে সড়কপথে সুন্দরবন দেখার সুযোগ থাকায় পরিবার নিয়ে এসেছি।সুন্দরবনের অপার সৌন্দর্য উপভোগ করতে পেরে আমরা আনন্দিত। কলাগাছিয়ায় গিয়ে নিজ হাতে হরিণকে খাবার খাওয়াতে পারাটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা।’
বরসা রিসোর্টের ম্যানেজার রাজু আহমেদ বলেন, তাদের রিসোর্টের সবগুলো রুম আগামী তিনদিনের জন্য বুকিং হয়ে গেছে। বাকি রিসোর্টগুলোতেও একই অবস্থা। অনেকে এখানে এসে রুম না পেয়ে শ্যামনগরের বিভিন্ন হোটেলে যাচ্ছেন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জর ট্যুর অপারেটর ব্যবসায়ী সমিতির সভাপতি আনিছুর রহমান বলেন, ঈদের দিন পর্যটকের চাপ কম থাকলেও আজ প্রচুর পর্যটক সুন্দরবন ভ্রমণে আসছেন। সকাল থেকে শতাধিক ট্রলার সুন্দরবনের ভেতরে প্রবেশ করেছে। এসব নৌযানে দুই হাজারের বেশি পর্যটক ভ্রমণ করেছেন।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুরে আলম বলেন, ঈদের টানা ছুটিতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। ঈদের দ্বিতীয় দিন প্রায় দুই হাজার পর্যটক এখানে ঘুরতে এসেছেন।
তিনি বলেন, পদ্মা সেতুর কারণে যোগাযোগ সহজ হওয়ায় পর্যটকদের ভিড় বাড়ছে। আগামী কয়েকদিন পর্যটকদের চাপ আরও থাকবে।

খানজাহান আলী থানা প্রেসক্লাবের ঈদ পুর্ণমীলনি অনুষ্ঠান অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা প্রেসক্লাবের ঈদ পুর্ণমীলনি অনুষ্ঠান গতকাল সন্ধায় শিরোমনিতে অনুষ্ঠিত হয়। খানজাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোশারেফ হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ আসলাম হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আনিছুর রহমান, খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, মোড়ল আঃ সোবহান, অধ্যাপক মেজবাউল ইসলাম জুয়েল, শিরোমনি বাজার বনিক সমিতির সভাপতি শেখ আকতার হোসেন, সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন। সাংগঠনিক সম্পাদক মোঃ আছাদ, সি আই এন সম্পাদক আবু হামজা বাধন, আবু দাউদ ইমরান , মনিরুজ্জামান বাবুল, মোঃ আলম খান, মোঃ মামুন মোল্লা ,মোঃ কামাল হোসেন, মোঃ জিয়াউল ইসলাম সহ থানা এলাকায় কর্মরত সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মুফতি আব্দুর জব্বার আজমী।

শেখ সুজনের মায়ের সুস্থতা কামনায় নগর স্বেচ্ছাসেবক লীগের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহচর, খুলনা মহানগর শ্রমিকলীগের এর প্রতিষ্ঠাতা সভাপতি, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্র সংসদের প্রথম নির্বাচিত ভিপি শেখ শহিদুল হক এর সহ ধর্মিনী ও খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজনের মাতা রিজিয়া শহীদ অসুস্থ অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ। বিবৃতিতে নেতৃবৃন্দ রিজিয়া শহীদ এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।বিবৃতি দাতা নেতৃবৃন্দরা হলেন নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম ও সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেলসহ নগর স্বেচ্ছাসেবক লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

মুক্তিযুদ্ধ ও আজকের বাংলাদেশ বাঙালি জাতির অহংকার:হুইপ
বটিয়াঘাটা প্রতিনিধি
জাতীয় সংসদ’র হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধ ও আজকের বাংলাদেশ বাঙালি জাতির অহংকার। দেশ যতদিন বেঁচে থাকবে ‘৭১ এ পাকহানাদার বাহিনীর গনহত্যা ও অত্যাচারের কথা জাতি কোনদিন ভুলবেনা। ঠিক তেমনি দেশকে পাক-হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং তাঁরই নির্দেশে যাঁরা যুদ্ধে অংশ গ্রহণ করে জীবন উৎসর্গ করে দিয়েছিলেন তাঁদের কথাও জাতি কোনদিন ভুলবেনা। মনে রাখার বিষয় দুটি এক হলেও তাৎপর্য গত দিক থেকে পার্থক্য রয়েছে। তিনি গতকাল সোমবার বিকাল ৫ টায় বটিয়াঘাটার চক্রাখালি গণহত্যা ‘৭১ স্মরণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বটিয়াঘাটা উপজেলা শাখার আয়োজনে স্থানীয় সরকারি জলমা চক্রাখালি মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মোঃ নুরুল আলম শেখ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সচিব ড. প্রশান্ত কুমার রায়, খুবির সহযোগী অধ্যাপক এনামূল হক হীরা, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, অবঃ প্রধান শিক্ষক নিকুঞ্জ বিহারী গোলদার, ইউপি চেয়ারম্যান বিধান রায় ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৃপ্তি রানী বিশ্বাস। বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, অবঃ ব্যাংক কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা প্রকাশ চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন কবিরাজ, বীরমুক্তিযোদ্ধা হরিপদ মল্লিক, বীরমুক্তিযোদ্ধা সুকুমার রায়, বীরমুক্তিযোদ্ধা বিকাশ মন্ডল, বীরমুক্তিযোদ্ধা গৌর চন্দ্র টিকাদার, বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন মন্ডল, সন্মিলিত সামাজিক জোট আন্দোলনের সভাপতি এ্যাড. প্রসেনজিৎ দত্ত, এ্যাড. রমেশ চন্দ্র মল্লিক, প্রধান শিক্ষক অন্নদা শংকর রায়, এ্যাড. সন্দীপ রায়, খুবির সহকারী নিয়ন্ত্রক বিধান রায়, আলীগনেতা রাজকুমার রায়, সহকারী শিক্ষক লিটন মন্ডল সহ গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীবৃন্দ ও শিক্ষকমন্ডলী। সভায় ‘৭১ সালের ২৪ এপ্রিল পাক হানাদার বাহিনীর হাতে নিহত ৩ জন বাঙালিকে গুলি করে হত্যা করে। তাঁদের স্মরণে ওই পরিবারের সদস্যদের সংম্বর্ধিত করা হয়।

বটিয়াঘাটা উপজেলার সর্বত্র ঈদুল ফিতর উদযাপিত
বটিয়াঘাটা প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে বটিয়াঘাটা উপজেলার সর্বত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসল্লীরা সকাল ৮ টায় ঈদগাহ ময়দানে গিয়ে ঈদের নামাজ আদায় করেন। এবারও ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয় উপজেলার ভান্ডারকোট ঈদগাহ ময়দানে। এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে, বিরাট, খারাবাদ বাইনতলা, খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদ ময়দানে, ঝিনাইখালী, গাওঘরা, সুন্দরমহল, বারোআড়িয়া, কাতিয়ানাংলা, মহম্মদ নগর, পুটিমারী, কৈয়াবাজার, নিজখামার, সাচিবুনিয়া, সুরখালী সহ বিভিন্ন ঈদগাহ ময়দানে অনুরূপ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসলিম উম্মার সুখ ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কালীগঞ্জে গাছের সঙ্গে ধাক্কায় ২ মোটর সাইকেলে আরোহী নিহত
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কায় ইমন হোসেন (১৭) ও আজিম হোসেন (১৮) নামের ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। তারা একটি মটর সাইকেলে করে দ্রুত গতিতে ছুটছিল।
সোমবার বেলা আড়াইটার দিকে কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের গুঞ্জনগর রাজবাড়ী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইমন ঝিনাইদহ সদর উপজেলার ভিটশ্বর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং আজিম একই গ্রামের জয়নদ্দি বিশ^াসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমন ও আজিম দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে কালীগঞ্জ শহর থেকে নিজ বাড়ি ভিটশ^রে ফিরছিলেন। পথিমধ্যে গুঞ্জনগর রাজবাড়ী নামকস্থানে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মেহগনী গাছের সঙ্গে সজোরো ধাক্কা লাগে। এ সময় তারা দু’জনই রাস্তার উপর পড়ে যান। কিছুক্ষনের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেলের পেছনে থাকা ইমনের। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় চালক আজিমকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পথে তেতুলতলা নামক স্থানে পৌছলে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কপিলমুনিতে স্মরণিকার মোড়ক উন্মোচন ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের শ্রদ্ধা নিবেদন
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ।।
শেখ ইমাম উদ্দীন সংসদের উদ্যোগে কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজে স্মরণিকা ‘দেদীপ্যমান’এর মোড়ক উন্মোচন ও অবসর প্রাপ্ত শিক্ষকদের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রবিবার বিকাল ৫ টায় স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ ইমাম উদ্দীন সংসদের আহবায়ক ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. স. ম. আলী রেজা। সংসদের যুগ্ম আহবায়ক শেখ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান, পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, প্রাক্তন প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ কবীর আহম্মেদ, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক প্রকাশ চন্দ্র দাশ, সমিরণ দাশ, বিষ্ণুপদ মন্ডল, মোঃ শহিদুল ইসলাম, মোঃ লুৎফর রহমান, গোবিন্দ বসু, বিদায়ী শিক্ষক মাওঃ শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চায়নার গুয়াংজুর স্টেইট ব্যুরো অব ফরেইন এক্্রপার্ট ও শেখ ইমাম উদ্দীন সংসদের যুগ্ম আহবায়ক জি এম আমিনুল ইসলাম, শেখ কামরুজ্জামান প্রিন্স, ফেরদৌসী পপী প্রমূখ। উপস্থিত ছিলেন প্রবীণ ব্যক্তিত্ব ও সমাজ সেবক আল্হাজ্ব এরফান আলী মোড়ল, সাবেক উপাধ্যক্ষ মোঃ আফসার আলী, সহচরী বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সঞ্জয় কুমার মন্ডল, প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, কেকেএসপির সভাপতি শেখ আব্দুর রশীদ, শেখ আছাদুর রহমান পিয়ারুল, এড. বিপ্লব কান্তি মন্ডল, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মুস্তাফিজুর রহমান পারভেজ, সাংবাদিক জি এম আসলাম হোসেন, আঃ সবুর আল আমীন, পলাশ
মহামান্য রাষ্ট্রপতিকে কুয়েট ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর এর অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ সাহাবুদ্দিনকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ্য থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। এক অভিনন্দন বার্তায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন এবং তার কর্ম অভিজ্ঞতায় দেশের জনমানুষের আশা-আকাঙ্খা প্রতিভূ হয়ে উঠবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

ফকিরহাটে ৬শত মানুষকে ফিন্নী খাওয়ালেন ইউপি সদস্য সেলিম
ফকিরহাট প্রতিনিধি।
ঈদ জামাতে অংশগ্রহণকারীদের সুন্নত আদায়ের উদ্দেশ্যে ঈদগাহে প্রবেশ মুখে মুসল্লীগণকে মিষ্টান্ন (ফিরনী) দিয়ে আপ্যায়ন করার নজীর এখনো দেখা যায়নি। এমনই এক ব্যাতিক্রমী আয়োজন করেছেন বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ড মেম্বারগণ। মূলত ৫নং ওয়ার্ড মেম্বার মো: সেলিম শেখ এর পরিকল্পনায় মোঃ রাসেল শেখ, বাবুল শেখ, আঃ রহমান, শাহ আলম, মুজিবর শেখ, জাহিদুল শেখ, আছাবুর,মাহামুদ শেখ, জুবায়ের শেখ সহ এলাকার যুব সমাজের সার্বিক সহযোগিতায় উক্ত ঈদগায় ঈদের নামাজ পড়তে আসা প্রায় ৬ শতাধিক মুসাল্লিদের ফিন্নি খাওয়ানো হয়। যে সকল ব্যাক্তিরা এই উদ্যোগের সহযোগিতা করেছে তাদের সকলকে নামাজ পড়ার টুপি প্রদান করা হয়। সকল স্বচ্ছাসেবীদের সহযোগিতায় এই আপ্যায়ন ব্যাবস্থা বাস্তবে রুপ দিয়েছেন। ব্যাতিক্রমী এই আয়োজন বিষয়ে জিজ্ঞাসা করলে জবাবে মো: সেলিম শেখ জানান ঈদুল ফিতরের নামাজের আগে মিষ্টিমুখ করা সুন্নত, তাই তার ওয়ার্ডের ঈদগাহে আগত প্রত্যেক মুসল্লীর যেন সুন্নত আদায় হয়ে যায় এবং ওয়ার্ড মেম্বার সকলের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পারে তারই অংশ হিসেবে এই ব্যাতিক্রমী আয়োজন করেছেন তিনি। ঈদগাহের প্রবেশ মুখে ফিরনী খেয়েছেন এমন কয়েকজন মুসল্লীর সাথে কথা বলে জানা যায়,ব্যতিক্রমী এই আয়োজনে তারা খুবই খুশি। সত্তরোর্ধ একজন মুরুব্বিকে অনুভূতি প্রকাশ করতে বলা হইলে তিনি বলেন, তার ছোট বেলায় দেখেছেন ঈদগাহে বা মসজিদে ঈদের নামাজের পরে জিলাপি বা মিষ্টি বিতরণ করা হতো। কিন্তু এখন আর সেই প্রচলন নেই, কিন্তু অল্পবয়সী তরুণ এই মেম্বার সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছে। ঈদের জামাত শেষে জাড়িয়া সদ্দার পাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আঃ রাজ্জাক এর বিশেষ মোনাজাতের মাধ্যমে সকল মুুমিনদের শান্তি ও কল্যান করা হয়।

দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে খুবি উপাচার্যের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক অভিনন্দন বার্তায় দেশের নতুন রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনকে একজন নিবেদিতপ্রাণ, অকুতোভয় ও প্রাজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করে তিনি আশা প্রকাশ করেন যে, তাঁর যোগ্য অভিভাবকত্বে দেশে চলমান সার্বিক উন্নয়নের ধারা নতুন মাত্রা পাবে। বহির্বিশ্বে মাতৃভূমির ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। উপাচার্য মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন।

পাইকগাছায় দশম শ্রেনী ছাত্রীর বিষপানে আত্নহত্যা
পাইকগাছাপ্রতিনিধি:
পাইকগাছায় মন্দ্রিরা বালা (১৪) নামে দশম শ্রেনী ছাত্রী বিষপানে আত্নহত্যা করেছে। সোমবার সকালে নিজ বাড়িতে সে আত্মহত্যা করে। মেয়ের নানা বলছে সৎমায়ের অত্যাচারে আত্মহত্যা করতে পারে। পুলিশ লাশের সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
মামলার তদন্তকরী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক ব্রজ কিশোর পাল জানান, উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের মনোজিৎ সানার মেয়ে দশম শ্রেনীর ছাত্রী মন্দ্রিরা বালা(১৪) সোমবার সকাল সাড়ে ৫ টার দিকে উকুন মারার বিষ খেয়ে মৃত্যু বরণ করে। ছাত্রীর নানা জানান, আমার মেয়ে ১০ বছর আগে মন্দ্রিরাকে রেখে মারা যায়। পরে আমার জামাই বিবাহ করে। মাঝেমধ্য মন্দ্রিরা বলতো আমার সৎ মা আমার উপর মানসিক অত্যাচার করতো। ধারণা করা হচ্ছে সৎ মায়ের অত্যাচারে বিষ খেতে বাধ্য হয়েছে। আমি এর বিচার চাই। ছাত্রীর পিতা মনজিৎ সানা জানান, আমাদের সাথে মেয়ের কোন মনোমালিন্য হয়নি। কেন বিষ পান করলো তা বুঝতে পারছি না। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, বিষপানে আত্নহত্যা স্কুল ছাত্রী কেন বিষ পান করেছে তা পারিবারিক কলহের জের নাকি প্রেম ঘটিত তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

কুষ্টিয়ায় অ্যালকোহল পানে মৃতের সংখ্যা বেড়ে ৪
মোঃ রেজাউর রহমান তনু,কুষ্টিয়া
কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। সোমবার (২৪ এপ্রিল) ভোররাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। এরপর দুপুরের দিকে আরও একজন মারা যান। এছাড়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আরও দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে শাহিন (৪৭), ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া গ্ৰামের রকিবুল আলমের ছেলে সিফাতুল আলম সিপু (২৭), মিরপুর উপজেলার মশান বারুই পাড়া গ্রামের মৃত হনিফের ছেলে মো. রতন (২১) ও একই গ্রামের খলিলের ছেলে সবুজ (২৪)।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার বলেন, বিষাক্ত অ্যালকোহল পানে মোট চারজনের মৃত্য হয়েছে। সোমবার ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন এবং দুপুরের দিকে আরও একজনের মৃত্যু হয়। এখন চিকিৎসাধীন রয়েছেন আরও দুইজন।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, রোববার রাতে বিষাক্ত অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে বেশ কয়েকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। পরবর্তীতে চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রতন ও শাহীনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই সিফাতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

ডুমুরিয়ায় অসহায় মহিলার মৎস্য ঘেরে হামলা: দেড় লক্ষাধিক টাকার ক্ষতি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় অসহায় এক মহিলার মৎস্য ঘেরে হামলা চালিয়েছে প্রভাবশালী প্রতিপক্ষ। জবর দখল করতে কেটে সাবাড় করে দিয়েছে দুই শতাধিক কলাগাছ, ভাংচুর করা হয়েছে ঘেরের বাসা, লুটপাট করা হয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে পরিবারটি। সোমবার সকালে উপজেলার খর্ণিয়া ইউনিয়নে গোনালি বিলে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, উপজেলার গোনালি গ্রাম¯’ আবুল হোসেন শেখের স্ত্রী নিরু খাতুন ক্রয় ও হারি সূত্রে গোনালি বিলে ৬৪ শতাংশ জমিতে ধান,মাছ ও ভেড়ীবাঁধে কলাগাছ রোপন করে প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে জীবিকা নির্বাহ করে আসছে। সম্প্রতি ডুমুরিয়া সদরের মনিরুজ্জামান,গোনালি গ্রাম¯’ বৃহস্পতি সরকার ও রিপন সরকার ওই জমির মালিকানা দাবি করে জবর দখলের পাঁয়তারা চালিয়ে আসছে। তারই জের ধরে ঘটনার দিন সকালে স্বামী বাড়ি না থাকার সুবাদে উল্লেখিত ব্যক্তিদের নেতৃত্বে ২৫/৩০ জন দা লাঠিসোটা নিয়ে ওই মৎস্য ঘেরে হামলা চালায়। ক্ষতিগ্রস্ত নিরু খাতুনের চোখের সামনে কেটে সাবাড় করে দেয়া হয় তার রোপিত ২ শতাধিক কলাগাছ, ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় ঘেরের বাসা এবং লুটপাট করা হয় ঘেরে থাকা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ। এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান নিরু খাতুন। ভয়ে নিরুপায় হয়ে মুখ খুলতে সাহস পাননি তিনি। তবে এ বিষয়ে আইনের আশ্রয় গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে প্রস্তুতি সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ঐতিহ্যবাহি এনজিসি এ্যান্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়’র শতবর্ষ উদযাপনের লক্ষ্যে এক প্র¯‘তিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে
১৯২৪ সালে প্রতিষ্ঠিত ‘ডুমুরিয়া নিত্য গোপাল চৌধুরী ও নবীন চন্দ্র কুন্ডু মাধ্যমিক বিদ্যালয়থএ ৩৩ বছরের সাবেক প্রধান শিক্ষক, বর্তমান পরিচালনা কমিটির সভাপতি তথা ডুমুরিয়া-ফুলতলা থেকে নির্বাচিত সাংসদ, সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দথর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তৃতায় বর্তমান প্রধান শিক্ষক আইউব হুসাইন বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উৎসব ও প্রাসঙ্গিক ভাবনা নিয়ে উপ¯ি’ত সকলকে মুক্ত আলোচনার আহবান জানান।
সভায় বক্তারা বহু ম্মৃতিকথা উল্লেখ করে একটি বর্ণাঢ্য ও স্মরণীয় অনুষ্ঠান করার লক্ষ্যে প্রথমে শতবর্ষ উদযান কমিটি গঠনের আহবান জানান। সভায় বক্তৃতা করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপিথর আহবায়ক মোল্লা মোশারফ হোসেন মফিজ, অধ্যক্ষ মকবুল হোসেন জোয়াদ্দার, ড. শেখ কামরুজ্জামান, ড. মাহাবুর রহমান, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, মোঃ মোস্তফা সরোয়ার, শেখ নাজিবুর রহমান, শেখ আমজাদ হোসেন, সেলিম আক্তার স্বপন, হারুন-অর-রশীদ খান, শিশির সিংহ, খান নুরুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম, রকিব হোসেন জোয়াদ্দার, ফরহাদ হোসেন, এম.এ এরশাদ, বেনজির আহমেদ জুয়েল, মনির হোসেন গোলদার প্রমুখ। ৪ ঘন্টাব্যাপি আলোচনা শেষে ১০০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। ওই কমিটিতে সর্বসম্মতিক্রমে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ-কে চেয়ারপারসন ও প্রধান শিক্ষক আইউব হুসাইন-কে সদস্য সচিব নির্বাচিত করা হয়। এছাড়া আগামী ২৬, ২৭ ও ২৮ অক্টোবর আড়ম্বরপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শতবর্ষ উদযাপনের জন্য দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করা হয়।

শেখ সুজনের মায়ের সুস্থতা কামনায় নগর যুবলীগের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহচর, খুলনা মহানগর শ্রমিকলীগের এর প্রতিষ্ঠাতা সভাপতি, সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্র সংসদের প্রথম নির্বাচিত ভিপি শেখ শহিদুল হক এর সহ ধর্মিনী ও খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজনের মাতা রিজিয়া শহীদ অসুস্থ অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর যুবলীগ।
বিবৃতি দাতা নেতৃবৃন্দরা হলেন নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশসহ নগর যুবলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ রিজিয়া শহীদ এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নিব নির্বাচিত নেতৃবৃন্দদের নগর যুবলীগের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে নব নির্বাচিত সভাপতি কাজী কাজী আমিনুল হক, সিনিয়র সহ সভাপতি শরীফ আতিয়ার রহমান, সহ সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, মোঃ মোস্তফা জেসান ভুট্টো, ও নব নির্বাচিত পরিচালক, ২১ নং ওয়ার্ড যুবলীগ যুগ্ম আহবায়ক, সোহাগ দেওয়ান সহ নব নির্বাচিত সকল পরিচালককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে খুলনা মহানগর যুবলীগ নেতৃবৃন্দ। বিবৃতিতেদাতা নেতৃবৃন্দরা হলেন, নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজনসহ নগর যুবলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নব নির্বাচিত নেতৃবৃন্দদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আশাবাদ ব্যাক্ত করেন স্মার্ট বাংলাদেশ বিনির্মানের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লড়াইয়ে বিজয় নিশ্চিত হবে নব নির্বাচিত নেতৃবৃন্দদের কর্মদক্ষতা ও পরিকল্পনায়। পাশাপাশি খুলনাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করবে নব নির্বাচিত নেতৃবৃন্দ।

চেম্বার সভাপতি কাজী আমিনুল হকসহ সকলকে বৃহত্তর আমরা খুলনাবাসীর অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা শিল্প ও বনিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে পুনরায় সভাপতি কাজী আমিনুল হকসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংগঠণের সভাপতি মো. নাসির উদ্দিন, শেখ হেমায়েতুল ইসলাম, কাউন্সিল মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আব্দুস সালাম, শেখ হেদায়েত হোসেন হেদু, জি এম মহিউদ্দিন, মো. কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, জি এম মঈন উদ্দিন, মো. কামরুল ইসলাম ভুট্রো, কাওসারি জাহান মঞ্জু, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জাক, ক্বারী শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, কবিতা আহমেদ, আরিফ, জিসান, মো. শফিকুল ইসলাম অভি, রেজাউল ইসলাম রাজা, মো. আশরাফুল ইসলাম, ইকবাল হোসেন তোকা, জাকির হোসেন চঞ্চল, রফিকুল ইসলাম রফিক, শিক্ষক আঃ মান্নান, রুহুল কুদ্দুস, রোকনুজ্জামান বাবলু, সাজ্জাদ চঞ্চল, আলাউদ্দিন, মো. জাভেদ আলম, শেখ তৈয়বুর রহমান তপু, মিকাইল হোসেন, আবু বক্কার, মো. আজমল হোসেন প্রমুখ।

দীপ আজাদের জন্মদিন উপলক্ষে ফুল দিয়ে সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক দীপ আজাদের জন্মদিন উপলক্ষে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) বেলা ১২ টায় খুলনা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজের নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ আলী সনি,বিএফইউজের নির্বাহী সদস্য হুমাযূন কবির, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ দীলিপ বর্মন, ইউনিয়নের সদস্য ম.আব্দুল হালিম,ওয়াহিদুজ্জামান বুলু,গাজী মনিরুজ্জামান,খুলনার অর্থনীতি সম্পাদক শেখ মো: সেলিম,সাংবাদিক রুহুল আমিন, গোলাম রসুল,সাহারিয়ার কবির মানিক, বেনজির আহমেদ প্রমুখ।
সংবর্ধনার জবাবে বিএফইউজের মহাসচিব দীপ আজাদ সংবাদপত্র শিল্পের মান উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, নিজের ইচ্ছা খুশির মতো তথ্য প্রকাশ করাকে গণমাধ্যমের স্বাধীনতা বলে না। সবাইকে সংবাদপত্রের নীতিমালার আলকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। তিনি ডিজিটাল আইনের যাতে অপব্যবহার না হয় সে ব্যাপারে সতর্ক থাকার জন্য সংশ্লিস্টদের প্রতি আহবান জানান।

মোংলা বন্দরে পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। শনিবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত প্রধান ও প্রথম জামাতে ইমামতি করেন মোংলা পৌর কেন্দ্রীয় বাজার জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা তৈয়বুর রহমান। এ ময়দানেই ঈদের নামাজ আদায় করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনীতিক, জনপ্রতনিধিসহ সর্বস্তরের মুসল্লীরা। এ সময় পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান ও পৌর কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ। এরপর একই জায়গায় দ্বিতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এছাড়াও পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকার প্রায় অর্ধশতাধিক ঈদগাহ এবং মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদুল ফিতরের নামাজ।
এদিকে সৌদির সাথে মিল রেখেই শুক্রবার মোংলার চটেরহাট বাজারে চটেরহাট আহলে হাদিস জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় ও ঈদ উদযাপন করেন মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলার আহলে হাদিস অনুসারী মুসল্লীরা। দীর্ঘ প্রায় ১৬বছর ধরে চটেরহাটে সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপিত হয়ে আসছে বলে জানিয়েছেন ওই মসজিদ কমিটির সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা এম নুরুল আমিন। #

ঈদের পরদিন মেঘলা আকাশ, ফোটা ফোটা বৃষ্টি ও বাতাসে জনমনে স্বস্তি ফিরলেও আবারো দাবদাহ শুরু
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
রমজান শুরুর আগ থেকেই ঈদের দিন পর্যন্ত চলে আসা তীব্র দাবদাহের পর ঈদের পরদিন আকাশ মেঘাচ্ছন্ন ও ফোটা ফোটা গুড়ি বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি নেমেছিলো মোংলাসহ উপকূলীয় এলাকার মানুষের মাঝে। ঈদের দিনও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো মোংলায়। এর আগে রমজান জুড়ে দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রাও ছিলো মোংলাতেই। কিন্তু ঈদের পরদিন রবিবার ভোর থেকেই আকাশ মেঘলা, ফোটা ফোটা ও হালকা বাতাস এবং বৃষ্টিতে তাপদাহ কমে স্বস্তি ফিরেছিল। কিন্তু ঈদের দিন থেকে আবারো শুরু হয়েছে দাবদাহ। এদিকে রমজান জুড়ে ৩৯, ৪০, ৪১ ও ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিলো মোংলায়। যা ছিলো দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। আর ঈদের দিন ছিলো দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ডিগ্রি সেলসিয়াস।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, রমজান মাস জুড়ে হালকা, মাঝারী ও তীব্র তাপদাহ ছিলো মোংলায়। ঈদের দিনও সর্বোচ্চ তাপমাত্রা ছিলো মোংলাতেই। এখন তাপদাহ কমে হালকা-মাঝারি ধরণের মৌসুমী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। #

রামপালে ইসলাম ধর্মের অবমাননায় হিন্দু যুবকের বিরুদ্ধে মামলা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে ইসলাম ধর্ম ও মাহে রমজানকে নিয়ে কটুক্তি করায় যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় মনিরুজ্জামান গোলদার নামের এক ব্যক্তি রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার হুড়কা ইউনিয়নের মধ্যপাড়া জগারহুলা গ্রামের গোলক বিশ্বাসের ছেলে সজীব বিশ্বাস (দোদো) গত ১৯ এপ্রিল সন্ধ্যায় চাড়াখালী দারুল নাজাত হিফজুল কুরআন ক্যাডেট মাদরাসার সামনে উদ্দেশ্যমূলকভাবে ইসলাম ধর্ম, মাহে রমজানের তাৎপর্য ও ঈদ-উল ফিতর নিয়ে ধর্ম বিরোধী বিদ্রুপ মন্তব্য করতে থাকে। এসময় মনিরুজ্জামান অভিযুক্ত সজীবকে ধর্ম বিরোধী মন্তব্য করতে নিষেধ করলে উল্টো তার উপর চড়াও হয়ে তাকে জীবন নাশের হুমকি দেয়।

বিষয়টি এলাকায় জানাজানি হলে ধর্মপ্রাণ মুসলমানেরা উত্তেজিত হয়ে পড়েন। পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও চেয়ারম্যান তপন গোলদারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলার ৬ দিন অতিবাহিত হলেও এখনো অভিযুক্ত সজীবকে আটক করতে না পারায় স্থানীয় মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অতিদ্রুত ওই অভিযুক্ত সজীবকে আইনের আওতায় আনার জোর দাবী করেছেন। সজীব একজন সন্ত্রাসী ও উগ্রবাদী বলে স্থানীয়রা দাবী করেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

এবিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দিন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, হুড়কা ইউনিয়ন হিন্দু অধ্যুষিত এলাকা। সবাই মিলেমিশে বসবাস করে। কিন্তু ইসলাম ধর্ম ও পবিত্র মাহে রমজানকে নিয়ে সজীব বিশ্বাস বিদ্রুপ মন্তব্য করলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয় এবং স্থানীয়দের সাথে কথা বলে সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি। আমরা অভিযুক্ত সজীবকে আটক করতে জোর চেষ্টা চালাচ্ছি।#

রামপালে মৎস্যঘেরে আগুন মাছ লুটের অভিযোগ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের মুজিব নগর গ্রামে গোলাম মওলা নামের এক মৎস্য খামারির ঘেরের মাছ লুট ও বাসা ঘরে আগুন দিয়ে ভষ্মিভূত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী গোলাম মওলা দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে দাবি করে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, মুজিব নগর গ্রামে গোলাম মওলার সাড়ে ৬ একরের একটি মৎস্য ঘের রয়েছে। সে গত ২ বছর ধরে জমির মালিকদের হারির টাকা পরিশোধ করে মৎস্য চাষ করে আসছে। গত ২০ এপ্রিল বৃহস্পতিবার রাত ১০ টায় একই গ্রামের শেখ তরিক, শেখ রফিক, বিল্লাল হোসেন, মাদারতলা গ্রামের শেখ পিয়ার, শেখ মোজাফফর, শেখ মোতালেব, শেখ সুমনসহ ৮/১০ জন দুষ্কৃতকারী ওই ঘেরে গিয়ে বিপুল পরিমাণ বাগদাসহ অন্যান্য মাছ লুটে নেয়। এরপর যাওয়ার সময় বাসা ঘরে আগুন লাগিয়ে দেয় বলে লিখিত অভিযোগে উল্লেখ করেন। এ সময় তারা ঘেরের বেড়িবাঁধ কেটে দেয় এবং মাছ ধারার সরঞ্জাম নদীতে ফেলে দেয়। এতে মওলার আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মওলা বলেন লোন করে, দায় দেনা করে ঘেরে মাছ ছেড়েছি। এখন সব মাছ লুটে নেওয়ায় আমি সর্ব শন্ত
হয়ে গেছি। ওয়ার্ড সদস্য সরোয়ার হোসেন বলেন, একটা কুচক্রী মহল আমাদের পিছনে লেগেছে। তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে।

এ ব্যাপারে অভিযুক্ত শেখ তরিকুল, শেখ রফিকুল, শেখ বিল্লাল, শেখ পেয়ারসহ অন্যদের সাথে কথা হলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের জমিতে আমরা দুই বছর ধরে ঘের করতে পারছি না। মওলা ঘের দখল করেছে। তার বাসাঘর কারা পুড়িয়েছে তা আমরা জানিনা।

এ বিষয়ে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন এর কাছে জানতে চাইলে তিনি বলেন এ সংক্রান্ত দুইটা অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।#