Home আঞ্চলিক ঈদের ছুটিতেও তেমনটা একটা পর্যটক আসেনি সুন্দরবনে

ঈদের ছুটিতেও তেমনটা একটা পর্যটক আসেনি সুন্দরবনে

10

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
রমজান মাস জুড়ে তীব্র দাবদাহ আর ঈদের পর কিছুটা বৈরী আবহাওয়া বিরাজ করায় তেমন একটা পর্যটকের দেখা মিলেনি সুন্দরবনে। রমজানে রোজা ও গরমে একরকম পর্যটক শূণ্য ছিলো সুন্দরবন। এরপর ঈদের ছুটিতে পর্যটকের আনাগোনা বাড়ার সম্ভাবনা থাকলেও মুলত ঈদের দিন শনিবার মোংলাসহ সুন্দরবন উপকূলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা (৩৮ ডিগ্রি সেলসিয়াস) থাকায় লোকজন হয়নি তেমন। বনবিভাগের আশা ছিলো ঈদের পরদিন পর্যটক বাড়বে সুন্দরবনে। কিন্তু ঈদের পরদিন রবিবার ভোর থেকে হঠাৎ আকাশ মেঘলা, হালকা বাতাস ও ফোটা ফোটা বৃষ্টিতে এক ধরণের বৈরী আবহাওয়া বিরাজ করে। ফলে আশানুরুপ পর্যটকের আগমন ঘটেনি সুন্দরবনে। আর এর আগে রমজান মাস জুড়ে চলে আসা তীব্র দাবদাহে পর্যটক শুণ্য ছিলো সুন্দরবন।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের হাড়বাড়ীয়া পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তানভীর হাসান বলেন, তীব্র দাবদাহে পুরো রমজান মাসে মাত্র ৩টি পর্যটনবাহী বোট এসেছিলো হাড়বাড়ীয়ায়। আর ঈদের দিন কোন পর্যটকই আসেনি। ঈদের পরদিন দুপুর পর্যন্ত মাত্র ১টি বোটে ৪জন পর্যটক এসেছেন। তিনি বলেন, রমজানে গরমে লোক আসেনি, আশা করেছিলাম ঈদে বেশ লোক হবে, কিন্তু তাও হয়নি। কারণ ঈদের পরদিন বিরুপ আবহাওয়া বিরাজ করায় একেবারেই পর্যটন শুণ্য ছিলো হাড়বাড়ীয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রটি।
সুন্দরবন পূর্ব বনবিভাগে রয়েছে ৮টি পর্যটন কেন্দ্র। সেগুলো হলো করমজল, হাড়বাড়ীয়া, হিরণপয়েন্ট-নীলকমল, আন্ধারমানিক, কটকা, কচিখালী, আলীবান্ধা ও দুবলা। যার মধ্যে করমজল সবচেয়ে কাছাকাছি অবস্থানে হওয়াতে এ কেন্দ্রটিতে সারা বছরই কম বেশি পর্যটকের আনাগোনা থাকে। তবে এবার তার ব্যতিক্রম ঘটছে। রমজানে দাবদাহে তেমন পর্যটক আসেনি, আর ঈদের পরদিন দাবদাহ কমলেও বৈরী আবহাওয়া পর্যটকের সাড়া পড়েনি।
করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, করমজল পর্যটন কেন্দ্রে ঈদের দিন শ’দুই লোক হয়েছে। আর পরদিন সকাল থেকে আবহাওয়া খারাপ হওয়ায় লোকজনের আগমনও তেমন একটা নেই। রবিবার ৭/৮শ, আর সোমবার দুপুর পর্যন্ত প্রায় ৫/৬শ লোক হয়েছে করমজলে। যা গত বছরের তুলনায় এবার পর্যটকদের আগমনের সংখ্যা অর্ধেকেরও কম বলে জানান তিনি। তিনি বলেন, আশা ছিলো পর্যটকের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যাবে। কিন্ত খুব কম কম লোক আসছে। মুলত এর আগে প্রচন্ড গরম, ঈদের দিন মেঘ-বৃষ্টি, পরের দিন আবার কড়া রোদ তাই পর্যটক আসছে না তেমন।
মোংলা বন্দর জালিবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বলেন, ঈদের দিন শনিবার ৩০/৩৫টি ট্যুরিস্ট বোট গিয়েছিলো সুন্দরবনের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। আর পরদিন রবিবার মাত্র ১৪/১৫টি বোট পিকনিক কর্ণার ও ফেরিঘাট থেকে ছেড়ে যায় সুন্দরবনে। তিনি বলেন, ঈদের দিন হঠাৎ আবহাওয়া খারাপ হওয়াতে আশানুরূপ পর্যটক আসেনি সুন্দরবনে। রমজান থেকেই ঈদ পর্যন্ত পর্যটকের আগমন খুবই কম। ধারণা ছিলো ঈদে লোক বাড়বে, কিন্তু বাস্তব চিত্র তার বিপরীত। পর্যটকের অভাবে আমরা ট্যুরিস্ট ব্যবসায়ীরা বোট, লঞ্চ ও জাহাজ নিয়ে অলস সময় পার করছি। #