Home আঞ্চলিক পাইকগাছায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ

পাইকগাছায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ

25

খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে “জনশুমারি ও গৃহগণনা-২১” প্রকল্পের অধীনে স্মার্ট নাগরিক গঠনে খুলনার পাইকগাছায় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা সহায়ক উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের ট্যাব বিতরণ করা হয়েছে। গত শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ১ম পর্যায়ে উপজেলার ৮টি স্কুলের ৪৮ জন মেধাবী শিক্ষার্থীকে এ ট্যাব উপহার দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত শিক্ষা সহায়ক উপহার হিসেবে ট্যাব বিতরণ করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেন, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী চিন্তার অংশ। প্রযুক্তি নির্ভর অবাধ বিচরণের ক্ষেত্রে এ ট্যাব গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। শিক্ষার্থীরা প্রযুক্তির ব্যবহারে অজানাকে জেনে শিক্ষাক্ষেত্রে ব্যবহার করতে পারবে। প্রধানমন্ত্রী দেশকে নিয়ে ভাবেন বলেই এ উদ্যোগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, উপজেলা পরিসংখ্যান তদন্তকারি কর্মকর্তা মোঃ কবিরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সহকারি অধ্যাপক মায়নুল ইসলামসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও উপকারভোগী মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।