কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ||
খুলনার কপিলমুনিতে পুলিশ পরিচয় দিয়ে চার ব্যক্তি এক ডিম ব্যবসায়ীর নিকট থেকে প্রায় এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছে। রবিবার রাত ১২ টার দিকে ব্যবসায়ী রবিউল গাজী কপিলমুনি বাজারের তার দোকান বন্ধ করে কর্মচারী আসলাম উদ্দীনকে সাথে নিয়ে নাছিরপুরস্থ গ্রামীন ব্যাংকের পাশে তার বাড়ির সামনে পৌঁছায়। এ সময় দুটি মটর সাইকেলে আসা ৪ জন ব্যক্তি তাদের গতি রোধ করে।
এরপর নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে বলে তাদের দুজনকে মটরসাইকেলে তুলে তালতলা ব্রীজ অভিমুখে রওনা হয়। এদিকে কেন নিয়ে যাচ্ছেন জানতে চাইলে ব্যবসায়ী রবিউলকে তারা জানায়, তালতলা ব্রীজের ওখানে ওসি স্যার রয়েছেন। এরপর ব্রীজের এখানে এনে ব্যবসায়ী রবিউল গাজী ও তার কর্মচারীকে বেদম মারপিট করে ক্রসফায়ারের ভয় দেখানো হয়।
এ সময় রবিউলের কাছে ডিম বিক্রির প্রায় এক লক্ষ টাকা জোরপূর্বক বের করে নিয়ে তাদেরকে ব্রীজের নিচে সালতা নদীতে ফেলে দেয়া হয়। ব্যবসায়ী রবিউল গাজী জানান, পুলিশ পরিচয় দানকারী ৪ ব্যক্তির মধ্যে সাদা পোষাকধারী তিন জনের মুখে মাস্কছিল এবং একজন পুলিশের পোষাক পরিহিত ছিল। এবিষয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ী ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।











































