Home আঞ্চলিক রূপসায় ৬টি আশ্রয়ন প্রকল্পের ৩১ ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন

রূপসায় ৬টি আশ্রয়ন প্রকল্পের ৩১ ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন

13

এজাজ কায়েস||
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে রূপসা উপজেলায় ভূমিহীন-গৃহহীনদের দেয়া মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে নাম লিখিয়েছে বাড়ি-ঘর থাকা কিছু সুযোগ সন্ধানী। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে উপজেলার ১১টি স্পটে গড়ে ওঠা আশ্রয়ন প্রকল্পে অনুসন্ধান চালিয়ে ৩১টি ঘরে তালা লাগিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। একাধীক অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের নির্দেশনা মোতাবেক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজজাদ হোসেন সম্প্রতি ঘরগুলিতে তালা লাগিয়ে দিয়েছেন। নানা কৌশলে ঘর নিলেও দলিলপ্রাপ্ত পরিবারের কেউ থাকেনা সেখানে। এমনকি ঘর পাওয়ার পর থেকে অদ্যবদি সেখানে তারা কেউ ওঠেনি বলেও অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ও দ্বিতীয় পর্যায়ে উপজেলার ১১টি স্পটে প্রধানমন্ত্রীর উপহারের ২৮৭টি ঘর নির্মাণ করে তালিকা মোতাবেক ভূমিহীন-গৃহহীনদের হস্তান্তর করা হয়। এসব ঘর পেয়ে আনন্দে আত্মহারা হয় অধিকাংশ ভূমিহীনরা। স্বপ্নের ঠিকানা পেয়ে দোয়া করে প্রধানমন্ত্রীকে। এদিকে বাড়ি-ঘর থাকা সুযোগ সন্ধানী কিছু ব্যক্তি নানা কৌশলে নাম লেখায় ভূমিহীন হিসেবে। এরা ঘরের দলিল ও চাবি বুঝে নিলেও ঘরে ওঠেনি কখনো। কেউ কেউ নিজেরা না থেকে ঘর ভাড়া দিয়েছে এমন অভিযোগও রয়েছে। রয়েছে ওইসব ঘরে অসামাজিক কার্যকলাপের অভিযোগও। এসব নানা অভিযোগের ভিত্তিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের নির্দেশনা মোতাবেক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজজাদ হোসেন মাঠে নামেন। পেয়েও যান অভিযোগের সত্যতা।
অবশেষে তিনি আইচগাতী ইউনিয়নের দেয়াড়া আশ্রয়ন প্রকল্পের ৪৮টি ঘরের মধ্যে ৪টি ঘরে কেউ বসবাস না করায় ও ৬টি ঘর ভাড়া দেয়ায়, নৈহাটী ইউনিয়নের নেহালপুর আশ্রয়ন প্রকল্পের ৬২টি ঘরের মধ্যে ৬টি ঘরে কেউ বসবাস না করায়, ইলাইপুর আশ্রয়ন প্রকল্পের ৭টি ঘরের মধ্যে ২টি ঘরে কেউ বসবাস না করায়, ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর আশ্রয়ন প্রকল্পের ৩৬টি ঘরের মধ্যে ৫টি ঘরে বসবাসকারীদের নিজস্ব জমি ও ঘর থাকায় এবং আরো ৫টি ঘরে কেউ বসবাস না করায়, পুঠিমারী আশ্রয়ন প্রকল্পের ১১টি ঘরের মধ্যে একটি ঘরে অন্য লোক থাকায় ও একটি ঘরে কেউ বসবাস না করায়, শিয়ালী আশ্রয়ন প্রকল্পের ২৩টি ঘরের মধ্যে একটি ঘরে অন্য লোক বসবাস করায় তালা লাগিয়ে দেওয়া হয়।
আশ্রয়ন প্রকল্পের স্বচ্ছতা ফিরিয়ে আনার ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান এ প্রতিবেদককে জানান, মাননীয় প্রধানমন্ত্রী একটা মহৎ উদ্দেশ্য নিয়ে মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীনদের জন্য আশ্রয়ন প্রকল্পের ঘর দিয়েছেন। তিনি চান কোন মানুষ গৃহহীন-ভূমিহীন থাকবে না। প্রতিটি মানুষেরই থাকবে নিরাপদ বাসগৃহ। তিনি আরও জানান, এসব অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তে ৫৪টি ঘর চিহ্নিত করে ৩১টি ঘরে তালা মারা হয়েছে।