Home আঞ্চলিক খুবিতে ডি-নথি বিষয়ে প্রশিক্ষণে অংশ নিলেন উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারসহ ১৭ জন

খুবিতে ডি-নথি বিষয়ে প্রশিক্ষণে অংশ নিলেন উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারসহ ১৭ জন

11

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ডি-নথির বিষয়ে আজ ৩০ মার্চ (বৃহস্পতিবার) তৃতীয় ধাপের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ পর্যায়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন, উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরীসহ ১৭ জন।
আজ সকাল ১০টা থেকে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম ভবনের মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের ল্যাঙ্গুয়েজ ল্যাবে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ৮টি স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনস এন্ড কোস্টাল ইকোসিস্টেম (আইআইএসএসসিই), আইকিউএসি, আইসিটি সেল এবং মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের কাউন্সিল শাখার সহকারী রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম ও আইসিটি সেলের সহকারী কম্পিউটার প্রোগ্রামার ইঞ্জি. রাহুল দেব মহালদার। গত ১৯ ও ২৮ মার্চ ডি-নথি বিষয়ে কর্মকর্তাদের দুটি ধাপে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ নিয়ে আজ তৃতীয় ধাপের প্রশিক্ষণ শেষ হলো।

খুবিতে আইইএলটিএস প্রিপারেশন বিষয়ে
শিক্ষকদের চার দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আইইএলটিএস (ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম) প্রিপারেশন বিষয়ে শিক্ষকদের চার দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী আজ ৩০ মার্চ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম ভবনের আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান এখনই কাজে লাগাতে হবে। আইইএলটিএস এর জন্য প্রিপারেশন নিতে হবে। এই প্রশিক্ষণ যদি প্রশিক্ষণার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে ভূমিকা রাখে এবং এখান থেকে কোনো বেনিফিট পাওয়া যায় তাহলে এটি আয়োজন সার্থক হবে। যদি ভালো ফিডব্যাক পাওয়া যায় তাহলে আগামীতে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করার উদ্যোগ নেওয়া হবে।
উপাচার্য বাংলাদেশের একাডেমিক ক্ষেত্রে উন্নয়ন, পরিকল্পনা ও পরিবর্তনের জন্য আইইএলটিএসকে দোরগোড়ায় নিয়ে আসায় ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানান। একই সাথে ব্রিটিশ কাউন্সিলের সাথে যৌথ ফ্যাকাল্টি ডেভেলপমেন্টের উদ্যোগ নেওয়ায় ইউজিসিকেও আন্তরিক ধন্যবাদ জানান। তিনি এই প্রশিক্ষণ আয়োজনের জন্য আইকিউএসির পরিচালক, অতিরিক্ত পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান। পরে তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। রিসোর্স পারসন হিসেবে এ প্রশিক্ষণের টেকনিক্যাল সেশনগুলো পরিচালনা করেন ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি বিষয়ের শিক্ষক রেদওয়ান ইসলাম। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

খুবিতে তথ্য অধিকার আইন সম্পর্কিত
জনসচেতনতা বৃদ্ধিতে সভা অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন-২০০৯ ও বিধিবিধান সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অবহিতকরণ সভা আজ ৩০ মার্চ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়। বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, সবক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে তথ্য অধিকার আইন-২০০৯ প্রণীত হয়েছে। তথ্য প্রদানের ক্ষেত্রে আগে আমাদের সচেতন হতে হবে। কোন তথ্য প্রদান করা যাবে, কোন তথ্য প্রদান করা যাবে না- সে বিষয়ে নিজেদের জানতে হবে। নিজেরা যতবেশি জানবো, অপরকেও সেভাবে জানাতে পারবো। তবেই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। তিনি আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে অনেক দেশ টালমাতাল অবস্থায় আছে। অনেক দেশের ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। অথচ বাংলাদেশ আজ অনেক দেশের থেকে ভালো অবস্থানে রয়েছে। এর প্রধান কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ও জনগণের স্পৃহা।
উপাচার্য বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে স্বচ্ছতা ও জবাবদিহিতার কোনো বিকল্প নেই। ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী যে অভীষ্ট লক্ষ্য নির্ধারণ করেছেন, তা বাস্তবায়নে দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থী-অভিভাবকদের আস্থা জন্মেছে। যার প্রমাণ বিগত বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনে পাওয়া যায়। এসব কিছু সম্ভব হয়েছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায়। তিনি বিশ্ববিদ্যালয়ের এ অগ্রযাত্রা ধরে রাখতে সকলকে নিজ নিজ দায়িত্ব দক্ষতার সাথে সম্পন্নের আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও তথ্য অধিকার বিষয়ক কর্মপরিকল্পনার ফোকালপয়েন্ট প্রফেসর খান গোলাম কুদ্দুস। স্বাগত বক্তব্য রাখেন এপিএর ফোকালপয়েন্ট ও কাউন্সিল শাখার উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক। তথ্য অধিকার আইন-২০০৯ ও বিধিবিধান সম্পর্কিত বিস্তারিত তথ্য পাওয়ারপয়েন্টে উপস্থাপন করেন লিগ্যাল সেলের সেকশন অফিসার মো. আরিফুর জামান। সভা সঞ্চালনা করেন আইসিটি সেলের প্রোগ্রামার ইঞ্জি. মো. ফারুক হোসেন। সভায় বিশ্ববিদ্যালয়ের তথ্য অধিকার বিষয়ক কমিটির সদস্য এবং বিভিন্ন বিভাগ ও শাখার কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।