Home আঞ্চলিক স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান

স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অবস্থান

9

 

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি।।

ঝিনাইদহের মহেশপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিক তানজির আহম্মেদের বাড়িতে অবস্থান করছেন এক কলেজছাত্রী। উপজেলার ফতেপুর ইউপির সাড়াতলা গ্রামের প্রেমিকের বাড়িতে শুক্রবার দুপুর ১টার পর থেকে অবস্থান করছেন ওই কলেজছাত্রী। এদিকে ঘটনার পর থেকেই প্রেমিক তানজির আহম্মেদ গাঢাকা দিয়েছেন।

শুক্রবার বিকালে সরজমিনে গিয়ে কথা হয় অবস্থানরত ওই কলেজছাত্রীর সাথে। তিনি জানান, সাড়াতলা গ্রামের সুলতান আহম্মেদের কলেজ পড়ুয়া ছেলে তানজির আহম্মেদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এরপর চলতি মাসের ১৩ মার্চ অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে করেছেন তারা। পরিবারের চাপে তানজির আহম্মেদ তার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে বাধ্য হয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে বরের বাড়িতে অবস্থান করছেন তিনি। এ খবর ছড়িয়ে পড়লে ওই বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।

এব্যাপারে ছেলের পিতা সুলতান আহম্মেদ জানান, এখনো ছেলের বিয়ের বয়স হয়নি। এ মুহূর্তে এই মেয়েকে ঘরে নিতে চাই না।

সাড়াতলা গ্রামের মোহাম্মদ উল্লাহ জানান, বিয়ের বিষয়টি জানাজানি হলে মেয়ের বাড়ির পক্ষ থেকে বিষয়টি মিমাংসার জন্য বলা হলে ছেলে পক্ষর তা মানতে রাজি হয়নি।

ফতেপুর ইউপি চেয়ারম্যাম গোলাম হায়দার লান্টু কলেজছাত্রীর অবস্থানের কথা নিশ্চিত করে জানান, ছেলে বা মেয়ে কোন পক্ষই এখন পর্যন্ত আমাকে কোন কিছু জানাইনি।

মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দীন বলেন, অবস্থানের বিষয়টি জানা নেই। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।