Home খেলাধুলা র‌্যাঙ্কিংয়ে মুশফিকের উত্থান তামিমের পতন

র‌্যাঙ্কিংয়ে মুশফিকের উত্থান তামিমের পতন

13

স্পোর্টস ডেস্ক।।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দাপট দেখাচ্ছেন মুশফিকুর রহীম। সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেছেন দু’টি কার্যকরী ইনিংস। বিপরীত চিত্র অধিনায়ক তামিম ইকবালের ক্ষেত্রে। ব্যাটিংয়ের বিচারে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দুই তারকার হয়েছে উত্থান ও পতন। উন্নতি হয়েছে মুশফিকের, অবনতি তামিমের। গতকাল পুরুষদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ৪ ধাপ এগিয়ে ১৮তম স্থানে মুশফিকুর রহীম। তিন ধাপ পিছিয়ে ২২তম স্থানে রয়েছেন তামিম ইকবাল। আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে নতুন পজিশনে ব্যাট করছেন মুশফিক। ওয়ানডেতে সাড়ে ৬ বছর এবং ৭৫ ইনিংস পর ৬ নম্বরে ব্যাট করতে নামছেন মিস্টার ডিপেন্ডেবল।

নতুন ভূমিকায় বেশ সফল মুশফিক। প্রথম ওয়ানডেতে ২৬ বলে ৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ম্যাচে ৬০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে গড়েন রেকর্ড। ওয়ানডেতে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিয়ান বনে যান মুশফিক। এদিকে প্রথম ওয়ানডেতে ৯ বলে ৩ রান করা তামিম দ্বিতীয় ম্যাচে সাজঘরে ফেরেন ২৩ রানে। ওয়ানডে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের বাবর আজম। দ্বিতীয় স্থানেই আছেন দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন। এক ধাপ উন্নতি হয়েছে ইমাম উল হকের। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কককে টপকে তিনে পাকিস্তানি ব্যাটার। ওয়ানডে বোলারদের শীর্ষস্থান হারিয়ে তিন নম্বরে নেমে গেছেন ভারতের মোহাম্মদ সিরাজ। প্রথমবারের মতো এক নম্বর হয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড। দুইয়ে আরে অজি পেসার ট্রেন্ট বোল্ট। চতুর্থ স্থানও অস্ট্রেলিয়ার দখলে, মিচেল স্টার্ক। বাংলাদেশের বোলারদের মধ্যে কেউ উল্লেখযোগ্য উন্নতি করতে পারেননি। সাকিব আল হাসান আগের মতোই রয়েছেন ৬ নম্বরে। অলরাউন্ডারদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে বাংলাদেশ অধিনায়ক। সাকিবের রেটিং পয়েন্ট ৩৯৯। তালিকার দুইয়ে থাকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর পয়েন্ট ৩১০। এক ধাপ উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। ২৫৩ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে এই স্পিনিং অলরাউন্ডার।