Home আঞ্চলিক ‘আর কেউ বলবে না মা আপনার কি লাগবে’

‘আর কেউ বলবে না মা আপনার কি লাগবে’

5
মাদারীপুরের শিবচরে বাস দুর্ঘটনায় নিহত আব্দুল্লাহ আল মামুনের মা ও বাবা।

স্টাফ রিপোর্টার।।

‘আর কেউ বাড়িতে এসে মা ডাক দিবে না। বলবে না মা আপনার কি লাগবে? বদলীর চেষ্টা করছি, হলেই খুলনা চলে আসব। কিন্তু আসার কথা বলে জীবনের তরে চলে গেলো, এ আমাদের কি হয়ে গেল।’

পুত্র শোকে এভাবেই বিলাপ করছিলেন মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত ২০ জনের একজন খুলনার সোনাডাঙ্গা এলাকার আব্দুল্লাহ আল মামুনের মা নুরনাহার বেগম।

চল্লিশোর্ধ্ব আব্দুল্লাহ আল মামুন। পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে ঢাকার মুগলটুলী শাখায় কর্মরত। খুব ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বিধায়, রাতেই বিদায় নিয়েছেন বাবা-মায়ের কাছ থেকে। কিন্তু এই বিদায় যে শেষ বিদায় কে জানত!

 

রোববার সন্ধ্যায় নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, তিন তলা বাড়ির সামনে বৃষ্টি ঠেকাতে ত্রিফলা টানানো হচ্ছে। মসজিদ থেকে খাটলাও এনে রাখা হয়েছে। সিঁড়ি দিয়ে তিন তলায় উঠতে চাপা কান্নার শব্দ আসতে থাকে কানে। ঘরে প্রবেশ করতে দেখা যায় পাসপোর্ট সাইজের একটি ছবি হাতে নিয়ে সোফায় বসে আছেন নিহত মামুনের মা নুরনাহার বেগম, পাশেই বাবা শেখ মোহাম্মদ আলী। ক্ষণে ক্ষণে মা আহাজারি করে উঠলেও বাবা একেবারেই নীরব রয়েছেন। তবে একটু খেয়াল করতেই দেখা গেলো, চোখে পড়ে থাকা চশমার নিচ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। তার এই নীরব কান্না আর দীর্ঘশ্বাস সন্তান হারানোর।

মোহাম্মদ আলী শেখের তিন ছেলে ও এক মেয়ের মধ্যে নিহত মামুন মেঝো ছেলে।

প্রশ্ন করতে ধীরে ধীরে জানালেন, ২০০৬ সাল থেকে ছেলে ঢাকায় থাকে। সম্প্রতি সন্তান শেখ রাফিকে খুলনার একটি বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। প্রতি সপ্তাহে তাই বাড়ি আসতেন। দু’দিন থেকে আবার ফিরতেন কর্মস্থলে।

 

উল্লেখ্য, রোববার (১৯ মার্চ) ভোরে খুলনা থেকে যাত্রী নিয়ে ইমাদ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পদ্মা সেতুর আগে ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় বাসটির সামনের একটি চাকা ফেটে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন। এ দুর্ঘটনায় অন্তত ২৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাঁচ্চর রয়েল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুই জন ও শিবচরের বিভিন্ন হাসপাতালে তিন জনের মৃত্যু হয়।