স্টাফ রিপোর্টার।।
খুলনা অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় ইউপি সদস্যসহ তিনজন খুন হয়েছে। বিভাগের কুষ্টিয়া ও সাতক্ষীরায় এসব হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন কুষ্টিয়ার ইউপি সদস্য কাজল হোসেন, কুষ্টিয়ার সাইফুল ইসলাম ও সাতক্ষীরার শাইরুখ হোসেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা যায়-
ইউপি সদস্য নিহত: কুষ্টিয়ার দৌলতপুর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার কাজল হোসেন (৪২) কে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে নিহতের বাড়ির পাশে সর্দারপাড়া মোড়ে তাকে ধারালো হাসুয়া দিয়ে পিঠে ও ঘাড়ে কুপিয়ে জখম করে তারই প্রতিপক্ষের লোকজন। পরে সেখান থেকে উদ্ধার করে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোর ৫টার দিকে হাসপাতালেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও হত্যার সঙ্গে জড়িত ১ জনকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। নিহত কাজল হোসেন দৌলতপুর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের নেতা এবং একই এলাকার মো. সুন্নতের ছেলে তিনি। নিহতের ছোট ভাইয়ের স্ত্রী আরিফা খাতুন বলেন, ঘটনার পর থেকেই আশংকাজনক অবস্থায় ছিলেন কাজল মেম্বর। শরীরে স্যালাইন চলছিল। ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। নিহতের প্রতিবেশী মহব্বত হোসেন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ও প্রভাব বিস্তার নিয়ে সর্দারপাড়ার লোকজনের সঙ্গে কাজলের বিরোধ ছিলো। এর প্রেক্ষিতে তারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি চাই। দৌলতপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং একজন কে আটক করা হয়েছে , পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের বিচারের আওতায় আনা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সাতক্ষীরায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত: সাতক্ষীরায় ছোট ভাইয়ের হাতে মারধরে বড় ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার ব্যংদহা বাজারে এ ঘটনা ঘটে। নিহত শাইরুখ হোসেন (৫৫) জেলার আশাশুনি উপজেলার সরাফপুর গ্রামের শামসুর রাহমানের ছেলে। স্থানীয় এক ইউপি সদস্য জানান, ছোট ভাই মিন্টুর সঙ্গে মাছের ঘের ব্যবসায়ী বড় ভাই শাহরুখ হোসেনের জমি জমা ও টাকা লেনদেন নিয়ে বেশ কিছুদিন সম্পর্কের টানাপোড়েন চলছিলো। এরই জের ধরে সন্ধ্যায় ব্যংদহা বাজারে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারপিটে পৌঁছায়। এতে শাহরুখ হোসেন আহত হন। পরে তিনি স্ট্রোক করে মারা যান। সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ মো. ফখরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কুষ্টিয়ায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বটি দিয়ে কুপিয়ে চাচাতো ভাই সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে মাহাবুল ইসলাম। বৃহস্পতিবার (১৬ মার্চ) উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া গ্রামের মিস্ত্রিপাড়ায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান। নিহত সাইফুল ইসলাম দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া গ্রামের মিস্ত্রিপাড়া এলাকার সামছুল ইসলামের ছেলে। সে নসিমন চালক ছিলেন। অভিযুক্ত মাহাবুল ইসলাম নিহতের চাচাতো ভাই। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাইফুল ইসলাম ও মাহাবুল ইসলাম আপন চাচাতো ভাই, পাশাপাশি বাড়ি। দুজনের সমবয়সী (৮ বছর) দুই ছেলে আছে। বৃহস্পতিবার তারা দুজন খেলার সময় ধাক্কাধাক্কি ও মারামারি করে। এই ঘটনার জের ধরে দুই ছেলের অভিভাবকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় মাহাবুল ও তার স্ত্রী কণা বটি দিয়ে কুপিয়ে সাইফুল ইসলামকে হত্যা করে। এ বিষয়ে আদাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল বাকী বলেন, বাচ্চারা খেলার সময় ধাক্কাধাক্কি মারামারি করেছিলো। এ ঘটনার জের ধরে দুই অভিভাবকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাইফুলের মৃত্যু হয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ৮ বছর বয়সী দুই ছেলে খেলার সময় ধাক্কাধাক্কি ও মারামারি করেছিল। এ ঘটনার জেরে দুই অভিভাবকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় এসময় মাহাবুল ও তার স্ত্রী কণা বটি দিয়ে কুপিয়ে সাইফুল ইসলামকে হত্যা করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।











































